প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ এএম
কবি শামসুর রাহমান।
‘বহুদিন থেকে/ আমাদের পৃথিবীতে শান্তি পলাতক/ সময়ের বিমর্ষ কিনারে এসে তবু/ সোনালী দিনের আশা রাখি।/ সেই আশা চিরঞ্জীব হয়ে রয় নবজাত সূর্যের ললাটে।’- ‘নতুন কবিতা’ শিরোনামে কবিতার মতোই সারাজীবনের কবিতায়-রচনায় মানুষকে আশার কথা শোনানোর আজীবন সমর্পিত কবি শামসুর রাহমান। কবিতায় তুলে ধরেছিলেন রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি। প্রেম ও মুক্তিচেতনা তার কবিতার অন্যতম বিষয়। শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। আজ ২৩ অক্টোবর মহান এই কবির ৯৭তম জন্মদিন। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান। ষাটের দশকের গোড়ার দিকে সাহিত্যের ভুবনে আলো ছড়াতে শুরু করেন এই নাগরিক কবি।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে কোনো সংগঠন বা প্রতিষ্ঠান কোন আয়োজন হাতে নিয়েছে কি না?Ñ এমন প্রশ্নের জবাবে আক্ষেপ প্রকাশ করে কবির পুত্রবধূ টিয়া রাহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘না, কোনো আয়োজন নেই। কেউ কোনো আয়োজন করেছে বলেও আমার জানা নেই। থাকলে তো আমাদের জানাত; কেউ কিছু জানাইনি। পারিবারিকভাবে ঘরোয়া পরিসরে আমরা কবিকে স্মরণ করবÑ এইটুকুই।’
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লেখা শামসুর রাহমানের দুটি কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ সময়োত্তীর্ণ কাব্যিক দলিল। ১৯৬০ সালে প্রকাশিত হয় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। ষাটের দশকে প্রকাশিত তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলোÑ ‘রৌদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘নিরালোকে দিব্যরথ’ ও ‘আমি অনাহারী’। ‘বন্দিশিবির থেকে’ (১৯৭২) কাব্যগ্রন্থটি তাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।
কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতায় ক্যারিয়ার গড়েছিলেন শামসুর রাহমান। পঞ্চাশের দশকের শেষ দিকে মর্নিং নিউজে সাংবাদিকতার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ ঘটে তার। এরপর রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করেছেন। ১৯৬৪ সালে সরকারি পত্রিকা দৈনিক পাকিস্তানের (স্বাধীনতা-উত্তর দৈনিক বাংলা) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদকও নিযুক্ত হন। জীবদ্দশায় শামসুর রাহমানের ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়। ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।