× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:১৬ পিএম

জাপানের ইয়োকোহামায় শুরু হয়েছে বাংলাদেশের চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাপানের ইয়োকোহামায় শুরু হয়েছে বাংলাদেশের চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাপানের ইয়োকোহামায় শুরু হয়েছে বাংলাদেশের চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’। প্রদর্শনীর বাংলা উপশিরোনাম ‘বিন্দু থেকে সৃষ্টি’। গ্যালারি শিমিজুতে আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর ৪১টি চিত্রকর্ম। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

২০ অক্টোবর বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করেন জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুএ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানি চিত্রশিল্পী ও ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনীর উপদেষ্টা আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ।

জাপানে দীর্ঘদিন বসবাস করলেও কামরুল হাসান লিপুর চিত্রকর্মে বারবার ফিরে এসেছে বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ জীবনের স্মৃতি। নারীমুখ, শাপলা, শাড়ির অলংকরণ এবং লাল-সবুজের বিন্যাসে তিনি তুলে ধরেছেন জন্মভূমির সঙ্গে নিজের সম্পর্ক ও সাংস্কৃতিক পরিচয়ের অনুসন্ধান।

প্রদর্শনীর শিরোনাম ‘বিন্দু থেকে সৃষ্টি’ শিল্পীর সৃজনভাবনার প্রতিফলন। একটি বিন্দু থেকে রেখা, রেখা থেকে আকার এবং আকারের মধ্য দিয়ে দৃশ্যমান জগতের বিস্তারের ধারণা তার শিল্পযাত্রার সঙ্গে যুক্ত হয়েছে। শৈশবের আঁকাআঁকি, দীর্ঘদিনের চর্চা এবং বাংলাদেশ ও জাপানে বসবাসের অভিজ্ঞতা মিলেছে এবারের আয়োজনের চিত্রকর্মগুলোতে।

শিল্পীর চিত্রভাষায় নারীমুখ অন্যতম প্রধান বিষয়। শাড়ির ভাঁজ, অলংকার, খোঁপার ফুল ও মুখের অভিব্যক্তিতে ফুটে উঠেছে বাংলার পরিচিত জীবনের ছাপ। ‘দ্য বেদে গার্ল’, ‘মাধবী’, ‘মৃণালিনী’ ও ‘বিয়ন্ড দ্য ব্লু’ শিরোনামের চিত্রকর্মে নারীর বিভিন্ন অভিব্যক্তি ও অন্তর্জগতের অনুসন্ধান রয়েছে। ‘দ্য শাড়ি অব স্টোরিজ’ চিত্রকর্মে নারী, ময়ূর, পাখি ও ফুলের বিন্যাসে শাড়ি হয়ে উঠেছে স্মৃতি ও গল্পের বাহন। লোকজ অলংকরণ ও রিকশাচিত্রের বর্ণিলতাও তার কাজে বিশেষ স্থান পেয়েছে।

শাপলার সঙ্গে শিল্পীর শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। আট বছর বয়সে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাত্র তিনটি রঙিন পেনসিল নিয়ে শাপলা আঁকা শুরু করেন তিনি। পরে অন্যদের কাছ থেকে পেনসিল ধার করে ছবিতে আরও রং যোগ করেন। সেই ছবির জন্য তৃতীয় পুরস্কার পেয়েছিলেন। ক্যাটালগে তুলে ধরা এ স্মৃতি ‘বিন্দু থেকে সৃষ্টি’ ভাবনাকে ব্যক্তিগত তাৎপর্য দিয়েছে।

‘এক্সুবেরেন্স অব ওয়াটার লিলিজ’ ও ‘অ্যাওয়েটিং ব্লুম’ চিত্রকর্মে ফুল, কুঁড়ি ও রঙের বিন্যাসে জীবনের সম্ভাবনা ফুটে উঠেছে। ‘চাইল্ডহুড বিয়ন্ড দ্য কাইট স্ট্রিং’-এ পুরান ঢাকার ছাদ ও ঘুড়ির স্মৃতি এবং ‘দ্য ফ্ল্যাগ অব ইন্ডিপেনডেন্স’-এ লাল-সবুজের উপস্থিতি ব্যক্তিগত অভিজ্ঞতাকে সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করেছে।

অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্রমাধ্যমে আঁকা এসব চিত্রকর্মে কখনো দৃশ্যমান অবয়ব, আবার কখনো বিমূর্ততার প্রকাশ ঘটেছে। রঙের স্তর, মুক্তরেখা, আঁচড় ও টেক্সচারের ব্যবহারে শিল্পী তার বিষয় ও অনুভূতিকে ভিন্ন ভিন্ন রূপ দিয়েছেন।

কামরুল হাসান লিপু ২০১২ সালে টোকিওর তোয়ো ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পেইন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা সম্পন্ন করেন। জাপানে শিল্পশিক্ষা ও দীর্ঘ বসবাসের অভিজ্ঞতা তার কাজে বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি করেছে। ২০২৬ সালের চতুর্দশ ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেনডেন্ট প্রদর্শনী এবং ২৯তম সেইয়া আর্ট এক্সিবিশনসহ বিভিন্ন যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি।

চিত্রচর্চার পাশাপাশি জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত লিপু। তার প্রতিষ্ঠিত কাহাল আর্ট গ্রুপ বাংলাদেশ ও জাপানের যৌথ শিল্পসংগঠন। কাহাল গ্যালারির মাধ্যমে বিভিন্ন দেশের শিল্পীদের কাজ প্রদর্শন, বাংলাদেশের নকশিকাঁথা ও লোকশিল্প তুলে ধরা এবং জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন করে আসছেন তিনি।

প্রদর্শনীর ক্যাটালগে বার্তা দিয়েছেন শিল্পী রফিকুন নবী, জামাল আহমেদ, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ এবং জাপানি গ্রাফিক ডিজাইনার ও শিল্পসমালোচক ইকুফুমি ফুকুজাওয়া। তাদের মূল্যায়নে শিল্পীর নিয়মিত চর্চা, রং ও টেক্সচারের ব্যবহার, সাংস্কৃতিক স্মৃতি এবং নিরীক্ষাধর্মী কাজের দিকগুলো উঠে এসেছে।

গ্যালারি শিমিজুতে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে। শেষ দিন ২৫ অক্টোবর, রবিবার, বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা