অনাথ মন্ডল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৩:২৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৩৯ পিএম
দুর্গাপূজা এলেই ঢাক-ঢোল, কাঁসর, করতালসহ নানা বাদ্যযন্ত্রের চাহিদা বেড়ে যায়। পূজামণ্ডপে প্রতিমা স্থাপন থেকে শুরু করে বিসর্জন উৎসবের প্রতিটি পর্বেই বাদ্যযন্ত্রের তালে মুখর হয়ে ওঠে চারপাশ। ফলে ঢাক-ঢোলের তালে তালে প্রাণ পায় শারদীয় দুর্গোৎসবের। আর সেই ঢাক-ঢোল তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঢোলশিল্পীরা। কিন্তু উৎসবের এই ব্যস্ততা স্থায়ী হয় মাত্র কয়েক মাস। বছরের বড় একটি সময় কাজ না থাকায় আয়-রোজগারে অনিশ্চয়তা দেখা দেয় কারিগরদের জীবনে।
এ কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বাদ্যযন্ত্র তৈরির ঐতিহ্যবাহী পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নতুন প্রজন্মের অনেকেই। জীবিকার তাগিদে কেউ যাচ্ছেন অন্য পেশায়, কেউবা খুঁজছেন শহরে কিংবা দেশের বাইরে কাজের সুযোগ। ফলে দক্ষ কারিগরের সংখ্যা কমার পাশাপাশি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ এই শিল্পে। একসময় শ্যামনগরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান থাকলেও এখন হাতে গোনা দুয়েকটি প্রতিষ্ঠান টিকে রয়েছে। টিকে থাকা প্রতিষ্ঠানগুলোর মালিক ও কারিগররা ঐতিহ্য ধরে রেখে তাদের পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।
পূজা-অর্চনায় গুরুত্ব থাকলেও কমছে লাভ
উপজেলা পৌরসভার মডার্ন স্কুল সংলগ্ন সুর তরঙ্গ বাদ্যযন্ত্র ঘর ও বংশীপুর ঋষিপাড়া এলাকায় ভাই ভাই বাদ্য ভান্ডারসহ প্রতিটি বাদ্যযন্ত্র তৈরির দোকানে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা। দম ফেলার সময় নেই। কাঠের খুটখাট শব্দে মুখর দোকানগুলো। ঢাক-ঢোলের জন্য খোল তৈরি, রঙ করা, চামড়া লাগানো এবং মেরামতে ব্যস্ত বেশিরভাগ কারিগর।
ঢাক-ঢোল তৈরির কারিগররা জানান, পূজাতে ঢাক-ঢোলের বাজনা অপরিহার্য। কারণ হিন্দুশাস্ত্রেও এর ব্যবহারের উল্লেখ রয়েছে। তাই ঢাক-ঢোল ছাড়া পূজা-অর্চনার কথা ভাবাই যায় না। তবে বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির আধিক্যে ঢাক-ঢোলের বাজনা কমে যাচ্ছে। কাঠ, চামড়াসহ ঢাক-ঢোল তৈরির বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এখন খুব একটা লাভ হয় না।
কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, বাদ্যযন্ত্র তৈরি নিছক একটি পেশা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য ও দক্ষতা। কাঠ, চামড়া, বাঁশ, দড়ি ও অন্যান্য উপকরণ দিয়ে ধাপে ধাপে তৈরি করা হয় ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র। একটি বাদ্যযন্ত্র তৈরিতে সময়, শ্রম ও অভিজ্ঞতা প্রয়োজন। বিশেষ করে ঢাকের কাঠামো তৈরি, চামড়া প্রস্তুত ও বাঁধাইয়ের মতো কাজে দক্ষতা না থাকলে কাঙ্ক্ষিত শব্দ পাওয়া যায় না।
উৎসব ছাড়া বাকি সময় কেউ মনে রাখে না
তবে কারিগরদের বড় সমস্যা হলো, সারা বছর এসব বাদ্যযন্ত্রের চাহিদা থাকে না। দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা কিংবা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মৌসুমে কাজ বাড়লেও অন্য সময় অনেকটা অলস বসে থাকতে হয়। ফলে কারিগরি দক্ষতা থাকলেও নিয়মিত আয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
কারিগররা বলছেন, আগে গ্রামের অনেক পরিবারই বাদ্যযন্ত্র তৈরির সঙ্গে যুক্ত ছিল। পরিবারের ছোটরা বড়দের কাছ থেকে কাজ শিখত এবং একসময় নিজেরাই দক্ষ কারিগর হয়ে উঠত। এখন সেই ধারাবাহিকতা অনেকটাই ভেঙে যাচ্ছে। বর্তমান প্রজন্ম দীর্ঘ সময় ধরে অনিশ্চিত আয়ের পেশায় থাকতে চাইছে না। পড়াশোনা শেষ করে তারা চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত হওয়ার চেষ্টা করছে।
প্রবীণ কারিগর ভাই ভাই বাদ্যযন্ত্র ভান্ডারের মালিক সুনীল চন্দ্র দাস (৮০) বলেন, ১৫ বছর বয়স থেকে আমি এই কাজ করছি। আমার বাপ-ঠাকুরদা এই কাজ করত। এই কাজ আমরা বাবার কাছ থেকে শিখেছি। বছরে ছয় মাস কাজ হয় আর ছয় মাস বসে থাকতে হয়। সারা বছর কাজ না থাকলেও এ পেশা ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। এখন ছেলেমেয়েরা এই কাজ শিখতে চায় না। তাদের কথা, পরিশ্রম বেশি কিন্তু আয় নিয়মিত নয়।
সুর তরঙ্গ বাদ্যযন্ত্র ঘরের মালিক সনাতন দাস (৭৫) বলেন, আগের দিনের মতো ঢাক-ঢোলের তেমন চাহিদা নেই। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে ঢাক-ঢোল, খোল, তবলা। পূজার সময় কাজের চাপ থাকলেও সেই আয় দিয়ে বছরের বাকি সময় সংসার চালানো কঠিন। কাঁচামালের দামও বেড়েছে। ফলে বাদ্যযন্ত্র তৈরির খরচ বাড়লেও সব সময় সেই অনুপাতে দাম পাওয়া যায় না।
বাদ্যযন্ত্র অনুরাগী শ্যামনগর শিল্পকলা একাডেমির পরিচালক সামিউল মন্টি বলেন, বাদ্যযন্ত্র তৈরির কারিগররা শুধু একটি পেশার সঙ্গে যুক্ত নন; তারা দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের দক্ষতা হারিয়ে গেলে শুধু একটি পেশাই হারাবে না, হারিয়ে যেতে পারে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরির অনেক কৌশলও।
তিনি আরও বলেন, এই পেশাকে টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কাঁচামাল সংগ্রহে সহায়তা এবং বাজার সম্প্রসারণের উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি পর্যায়ে দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহারে উৎসাহ দেওয়া গেলে সারা বছরই এসব পণ্যের বাজার তৈরি হতে পারে।