মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৪০ পিএম
ধানের পাতার মতো সরু-লম্বা পাতা। কাছে গেলেই নাকে আসে লেবুর সতেজ সুবাস। দূর থেকে দেখলে সাধারণ ঘাস মনে হলেও এর রয়েছে বহুমুখী ব্যবহার ও বাজারমূল্য। নাম লেমনগ্রাস, বাংলায় লেবুঘাস। একসময় থাই স্যুপের উপকরণ হিসেবে পরিচিত এই সুগন্ধি ঘাস এখন জায়গা করে নিয়েছে ভেষজ চা, নানা ধরনের পানীয়, প্রসাধনী, সাবান ও সুগন্ধি পণ্যে। স্বাস্থ্য সচেতন মানুষের আগ্রহ এবং ভেষজ পণ্যের বাজার বাড়ায় দেশে লেবুঘাস চাষে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।
লেমনগ্রাস, যা বাংলায় লেবুঘাস নামেও পরিচিত, একটি সুগন্ধি ও বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। এর পাতা থেকে লেবুর মতো চমৎকার সতেজ সুবাস পাওয়া যায়। দক্ষিণ এশিয়া ও ক্রান্তীয় অঞ্চলের এই উদ্ভিদ তার রান্নার স্বাদ, ঔষধি গুণ ও সুগন্ধির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে দক্ষিণ মুসলিমপাড়ায় সেই সম্ভাবনার বাস্তব চিত্র দেখা গেল। আম বাগানের ফাঁকে ফাঁকে সারি সারি লেবুঘাস, বাতাসে ভেসে বেড়াচ্ছে লেবুর মতো মিষ্টি ঘ্রাণ। এই বাগানের উদ্যোক্তা ফোরকান উদ্দিন মাত্র ১০টি টবের চারা দিয়ে শুরু করেছিলেন। সেই চারা থেকেই এখন বিস্তৃত হয়েছে বাগান। শখের চাষ পেরিয়ে তার চোখ এখন বাণিজ্যিক উৎপাদনের দিকে।
যেভাবে শুরু
ব্যবসার সুবাদে পাহাড়ে আসেন ফোরকান উদ্দিন। বাড়ি চট্টগ্রামে। বিদেশে পড়াশোনার সময় ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল কলেজ থেকে কুলিনারি আর্টসে ডিগ্রি অর্জন করেন তিনি। মালয়েশিয়ায় অবস্থানকালে বিভিন্ন খাবারে লেবুঘাসের ব্যাপক ব্যবহার তার নজরকাড়ে, বিশেষ করে থাই স্যুপে এর স্বাদ ও সুবাস তাকে আকৃষ্ট করে। সেখান থেকেই জন্ম নেয় আগ্রহ দেশে ফিরে সুযোগ পেলে নিজেই চাষ করবেন লেবুঘাস।
২০২৩ সালের জুনে ৪০ জাতের প্রায় ২ হাজার আমগাছ দিয়ে বাগান শুরু করেন ফোরকান উদ্দিন। গত বছরই প্রায় ১০ টন আম বিক্রি করেন তিনি। বর্তমানে বারি-৪, গৌরমতি, বানানা ম্যাংগো ও আম্রপালিসহ দেশি-বিদেশি নানা জাতের আম চাষ করছেন। প্রায় ৫ একরজুড়ে রয়েছে ডগমাই, কিং অব চাকাপাত, চিয়াংমাই, মিয়াজাকি, সূর্যডিম, ব্রুনাই কিং, রেড পালমার, বারি-১১, কাটিমন, আশ্বিনী ও হাড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম।
একই বছরে ঢাকায় জাতীয় বৃক্ষমেলা থেকে ১০টি টবের চারা সংগ্রহ করেন তিনি, প্রতিটির দাম ছিল ৫০ টাকা। এরপর নিজের আম বাগানের ফাঁকা জায়গায় সাথী ফসল হিসেবে তা লাগাতে শুরু করেন। বাগানের সব লেবুঘাস একসঙ্গে সংগ্রহ করা হলে প্রায় তিন টন ফলন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। বর্তমানে বাজারে প্রতি কেজি তাজা লেবুঘাস প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয় বলে জানান তিনি।
ফোরকান উদ্দিন বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন ভ্রমণের সময় লেবুঘাসের সের ব্যাপক ব্যবহার দেখেছি। বাংলাদেশেও চা, পানীয়, প্রসাধনী ও সুগন্ধি তৈরিতে এর বড় বাজার গড়ে তোলার সুযোগ রয়েছে। কম পরিচর্যায় উৎপাদন করা যায় বলে বাণিজ্যিকভাবে এটি লাভজনক ফসল হতে পারে। তাই ভবিষ্যতে প্রায় ১০ একর জমিতে চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দেশের বাজারের পাশাপাশি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা দেখছি।
তিনি আরও বলেন, লেবুঘাস ধানের পাতার মতো। এর ঘ্রাণ তুলনামূলকভাবে কম। তবে গাছের মূল কাণ্ড বা ডাঁটার অংশে ঘ্রাণ অনেক বেশি তীব্র ও সুগন্ধযুক্ত পাতার তুলনায় প্রায় শতভাগ বেশি।
আরও যা কিছু
ফোরকানের উদ্যোগ শুধু লেবুঘাস চাষেই সীমাবদ্ধ নেই। বাগান থেকে সংগ্রহ করা তাজা পাতা ও ডাঁটা সরাসরি বিক্রি করছেন তিনি। পাশাপাশি আধুনিক স্মার্ট ড্রায়ারে লেমনগ্রাস শুকিয়ে বাজারজাত করার পরিকল্পনাও করছেন।
লেবুঘাসের ব্যবহার এখন আর শুধু রান্নাঘরে সীমাবদ্ধ নেই। এর পাতা ও ডাঁটা খাবারে সুগন্ধ ও স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। পাশাপাশি ভেষজ চা ও বিভিন্ন পানীয় তৈরিতেও এর ব্যবহার বাড়ছে। লেমনগ্রাস থেকে পাওয়া সুগন্ধি তেল প্রসাধনী, হারবাল ড্রিংক, এসেনশিয়াল অয়েল, সাবান, ডিটারজেন্ট, হেয়ার টনিক ও অ্যারোমাথেরাপির বিভিন্ন পণ্যে ব্যবহৃত হয়। এ ছাড়া নানা ভেষজ পণ্য তৈরিতেও এটি ব্যবহৃত হয়ে থাকে।
মাটিরাঙ্গার উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘রান্নার পাশাপাশি ভেষজ চা, পানীয়, প্রসাধনী ও সুগন্ধি শিল্পে লেবুঘাসের ব্যবহার রয়েছে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এটি কৃষকের বাড়তি আয়ের উৎস হতে পারে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, লেবু ঘাস উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। পাহাড়ি এলাকার অনেক জমিতেই এর চাষের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাগানের ফাঁকা জায়গায় সাথী ফসল হিসেবে এটি চাষ করা যেতে পারে। তবে বড় পরিসরে চাষের আগে জাত, উৎপাদন খরচ, ফলন ও বাজারজাতকরণের বিষয়ে যথাযথ পরামর্শ নেওয়া জরুরি।
মাটিরাঙ্গার দক্ষিণ মুসলিমপাড়ার আম বাগানে এখন তাই শুধু আমের মৌসুমের অপেক্ষা নয়। সরু পাতার আড়ালে লুকিয়ে আছে নতুন এক কৃষি সম্ভাবনা। আর বাতাসে ছড়িয়ে পড়া লেবুর সুবাস যেন জানান দিচ্ছে, পাহাড়ের মাটিতেও নতুন ফসলের গল্প লেখা যায়।