প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:০১ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:১৭ পিএম
প্রতীকী ছবি
বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরে মূলত পাঁচটি পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।
গত বছরের ১০ আগস্ট প্রকাশিত মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সংস্থাটির অস্ট্রেলিয়া শাখার প্রতিবেদনে জানানো হয়, বিশ্বব্যাপী প্রচলিত এসব পদ্ধতির মধ্যে রয়েছে প্রাণঘাতী রাসায়নিক ইনজেকশন, বিদ্যুৎস্পৃষ্ট করা (ইলেকট্রোকিউশন), ফাঁসিতে ঝোলানো, ফায়ারিং স্কোয়াডে গুলি করা এবং তরবারি দিয়ে শিরশ্ছেদ। আপাতদৃষ্টে কোনো কোনো পদ্ধতিকে আধুনিক ও বৈজ্ঞানিক মনে হলেও অদক্ষতা ও কারিগরি ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে আসামিদের চরম শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চীন, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে মূলত তিনটি রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়—চেতনানাশক সোডিয়াম পেন্টোথাল, শরীর অবশকারী প্যানকিউরোনিয়াম ব্রোমাইড এবং হৃদস্পন্দন বন্ধ করার উপাদান পটাসিয়াম ক্লোরাইড। তবে কারাগারের অদক্ষ কর্মীদের কারণে এ পদ্ধতি অনেক সময় মারাত্মক ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। উদাহরণ হিসেবে ২০১৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ওহাইওতে ডেনিস ম্যাকগুয়ার নামের এক আসামির কথা উল্লেখ করা হয়, যার মৃত্যু হতে দীর্ঘ ২৬ মিনিট সময় লেগেছিল এবং তিনি স্ট্রেচারে শোয়া অবস্থায় বারবার যন্ত্রণায় হাঁসফাঁস করছিলেন।
যুক্তরাষ্ট্রে ব্যবহৃত আরেকটি পদ্ধতি হলো বিশেষ চেয়ারে বসিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করা। এতে আসামির মাথার চুল কামিয়ে স্যালাইনের পানিতে ভেজানো স্পঞ্জের ওপর ধাতব ইলেকট্রোড স্থাপন করে ৫০০ থেকে ২ হাজার ভোল্টের বিদ্যুৎ শক দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রায় ৩০ সেকেন্ডের এ শক বারবার প্রয়োগ করা হতে থাকে। প্রতিবেদনে বলা হয়, এ পদ্ধতিটিও পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে জেসি জোসেফ ট্যাফেরো নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সময় অসাবধানতাবশত সিন্থেটিক স্পঞ্জ ব্যবহারের কারণে তার মাথা থেকে ছয় ইঞ্চি উঁচু আগুনের শিখা জ্বলে ওঠে এবং তিনটি শকের পর তার মৃত্যু হয়।
বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, জাপান, ইরান, ইরাক, কুয়েত, মালয়েশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান, বতসোয়ানা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ (গাজায় হামাস কর্তৃপক্ষ) বিভিন্ন দেশে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে বহুল প্রচলিত পদ্ধতি হলো ‘লং ড্রপ’। এ পদ্ধতিতে দ্রুত মৃত্যু নিশ্চিত করতে ফাঁসির আগের দিন আসামির ওজন অনুযায়ী রশির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। রশি বেশি লম্বা হলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আবার বেশি ছোট হলে শ্বাসরোধে মৃত্যু হতে ৪৫ মিনিট পর্যন্ত সময় লেগে যায়। এ ছাড়া ইরানে প্রকাশ্যে ক্রেন থেকে ঝুলিয়ে ফাঁসি কার্যকরের কথাও উল্লেখ রয়েছে।
অন্যদিকে চীন, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সোমালিয়া, তাইওয়ান ও ইয়েমেনে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ পদ্ধতিতে আসামিকে কালো কাপড়ের ঢাকনা পরিয়ে চেয়ারে কিংবা খুঁটিতে বেঁধে রাখা হয়। এরপর সর্বোচ্চ ২০ ফুট দূর থেকে অন্তত পাঁচজন বন্দুকধারী আসামির হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি ছোড়েন। কোনো কারণে নিশানা লক্ষ্যভ্রষ্ট হলে আসামির শরীর থেকে ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে।
এ ছাড়া সৌদি আরবে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে নিয়মিত মৃত্যুদণ্ড কার্যকরের ঐতিহাসিক রেওয়াজ রয়েছে। শহরের চত্বরে বা কারাগারের কাছে প্রকাশ্যে এ দণ্ড কার্যকর করা হয়, যেখানে আসামি ও জল্লাদ উভয়কেই সাদা পোশাক পরতে দেখা যায়। প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে ব্যভিচার, ধর্ম অবমাননা, সমকামিতা ও জাদুবিদ্যার মতো অপরাধের দায়ে এ শাস্তি দেওয়া হয়ে থাকে।