প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:১৫ পিএম
সনাতন শহিদদের আত্মত্যাগ নিয়ে লেখা বই ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহিদেরা’। ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চব্বিশের অভ্যুত্থানে সনাতন শহিদদের আত্মত্যাগ নিয়ে লেখা বই ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহিদেরা’ প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থাণ স্মৃতি জাদুঘর। সোমবার বইটি প্রকাশিত হয়েছে।
দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের পর চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তাতে শহিদ হন সনাতন ধর্মের ৯ জন। এরমধ্যে ছিলেন শিক্ষার্থী, শিশু ও শ্রমজীবী মানুষেরা।
তারা হলেন শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে, গঙ্গা চরন রাজ বংশী। জুলাই অভ্যুত্থান চলাকালে ৬ বছরের শিশু শহিদ রিয়া গোপের মৃত্যুর পর সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। রিয়া গোপকে যখন গুলি করা হয়, তখন সে নিজ বাসার ছাদে খেলছিল।
জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে সনাতন শহিদসহ চব্বিশের অভ্যুত্থানে আত্মত্যাগকারী পাঁচ শতাধিক শহিদের স্মৃতিস্মারক। ২০২৬ সালের ৫ আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রকাশিত ‘বিসর্জন: জুলাই, গণ-অভ্যুত্থানের সনাতন শহিদেরা’ বাংলা ভাষায় সনাতন শহিদদের নিয়ে প্রথম প্রকাশনা।
বইটির প্রকাশনা সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, “চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের যে রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল নিজের ক্ষমতার রক্ষার রাজনীতি। এই ক্ষমতা রক্ষার জন্য নির্বিচার হত্যা করা হয়েছে সাধারণ মানুষ। ‘বিসর্জন’ প্রকাশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে সনাতন শহিদের কথা সংকলিত হলো। শারদীয় দুর্গা উৎসবে আমরা তাদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়”।
৫০ টাকা মুদ্রিত মূল্যের ‘বিসর্জন’ শীর্ষক প্রকাশনাটি জুলাই জাদুঘরসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।