যা যাচাই করবেন
কাঠের ওয়াকওয়ে থেকে সমুদ্রে সাঁতার- প্রকৃতির সান্নিধ্যে থাকতে গিয়ে নিরাপত্তায় যেন ফাঁক না থাকে। সাগরের নীল জলরাশি, ঢেউয়ের ছন্দময় শব্দ আর পানির ওপর দিয়ে চলে যাওয়া কাঠ বা বাঁশের সরু ওয়াকওয়ে। তার দুই পাশে সারি সারি কটেজ, বারান্দায় দাঁড়ালেই চোখের সামনে দিগন্তজোড়া সমুদ্র।
নাগরিক জীবনের ব্যস্ততা থেকে দূরে এমন পরিবেশে কয়েকটি দিন কাটানোর আকর্ষণ সত্যিই আলাদা। ভোরে সমুদ্রের রঙ বদলানো দেখা কিংবা সন্ধ্যায় ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সময় কাটানো- সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে একান্তে থাকার সুযোগ।
কিন্তু ছবির মতো সুন্দর এই অবকাশযাপনে আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সমুদ্রের নোনা বাতাস, আর্দ্রতা, বৃষ্টি ও ঢেউয়ের প্রভাবে কাঠের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে পানির গভীরতা, আকস্মিক স্রোত, অগ্নিকাণ্ড কিংবা রাতের অন্ধকারও তৈরি করতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ।
তাই এমন কোনো রিসোর্টে থাকার পরিকল্পনা করলে শুধু মনোমুগ্ধকর দৃশ্য বা আকর্ষণীয় কটেজ দেখে সিদ্ধান্ত নিলেই চলবে না। বুকিং থেকে শুরু করে সমুদ্রে নামা পর্যন্ত কয়েকটি বিষয়ে সচেতন থাকলে প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দ হতে পারে আরও নিশ্চিন্ত।
বুকিংয়ের আগে সৌন্দর্যের আড়ালের নিরাপত্তাটাও দেখুন
সামাজিক মাধ্যমে দেখা মনোরম ছবি দেখে অনেকেই দ্রুত রিসোর্ট বুক করে ফেলেন। কিন্তু ছবিতে কটেজের সৌন্দর্য দেখা গেলেও তার কাঠামোর অবস্থা, অগ্নিনিরাপত্তা কিংবা জরুরি পরিস্থিতিতে উদ্ধার ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় না।
বুকিংয়ের আগে রিসোর্টটির বৈধ অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সম্পর্কে খোঁজ নিন। সাম্প্রতিক অতিথিদের অভিজ্ঞতা পড়ুন। বিশেষ করে কাঠের মেঝে, সিঁড়ি, বাথরুমের পিচ্ছিল ভাব, রেলিং কিংবা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ আছে কি না, তা যাচাই করুন।
কটেজটি যদি সমুদ্রের ওপর পিলারের সাহায্যে তৈরি হয়, তাহলে মূল ভবন বা সৈকতে যাওয়ার পথ কতটা নিরাপদ, সেটিও জেনে নিন। সুন্দর দৃশ্যের পাশাপাশি জরুরি সময়ে দ্রুত নিরাপদ জায়গায় পৌঁছানোর সুযোগ থাকা জরুরি।
কাঠের পথ যত সুন্দর, পায়ের নিচে ততটাই নজর
সমুদ্রের ওপর দিয়ে চলে যাওয়া কাঠের ওয়াকওয়ে কিংবা বাঁশের সেতু রিসোর্টের সৌন্দর্য বাড়ায়। কিন্তু নোনা বাতাস, বৃষ্টির পানি ও আর্দ্রতার কারণে এসব উপকরণে ক্ষয় ধরতে পারে। নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ না হলে তৈরি হতে পারে দুর্ঘটনার ঝুঁকি।
রিসোর্টে পৌঁছে হাঁটার পথ, সিঁড়ি ও বারান্দার দিকে নজর দিন। কোথাও কাঠের তক্তা ভাঙা, আলগা পেরেক বেরিয়ে থাকা, বাঁশে পচন কিংবা রেলিং নড়বড়ে কি না, খেয়াল করুন। ভেজা কাঠের মেঝে পিচ্ছিল হয়ে উঠতে পারে বলেও সতর্ক থাকুন।
বিশেষ করে পানির ওপর পিলারের সাহায্যে নির্মিত কটেজে ওঠানামার সিঁড়ি ও বারান্দার রেলিং ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন। কোনো অংশ ঝুঁকিপূর্ণ মনে হলে সেটি ব্যবহার না করে কর্তৃপক্ষকে জানান।
বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড ২০২০-তে বাঁশের কাঠামোর নকশা নিয়ে পৃথক অধ্যায় রয়েছে। অর্থাৎ কাঠ বা বাঁশের ব্যবহার নিজেই অনিরাপত্তার কারণ নয়; বরং সঠিক নকশা, উপযুক্ত উপকরণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণই কাঠামোর নিরাপত্তার গুরুত্বপূর্ণ শর্ত।
আগুন লাগলে বের হবেন কোন পথে?
কাঠ ও বাঁশের স্থাপনায় অগ্নিনিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাই কটেজের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি আগুন লাগলে কী করবেন, সেটিও ভেবে রাখা ভালো। ঘরে প্রবেশের পর ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম, অগ্নিনির্বাপক যন্ত্র এবং জরুরি বহির্গমন পথ আছে কি না, জেনে নিন। জরুরি আলো কাজ করছে কি না এবং বিপদের সময় নিরাপদে বেরিয়ে যাওয়ার বিকল্প পথ রয়েছে কি না, তা নিশ্চিত করুন।
যুক্তরাষ্ট্রের ইউএস ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন হোটেল ও অবকাশযাপনের ভাড়া করা স্থানে আগুনের ঝুঁকি মোকাবিলায় অতিথিদের অ্যালার্ম, অগ্নিনিরাপত্তার সরঞ্জাম ও বহির্গমন পথ সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেয়।
কটেজে মশা তাড়ানোর কয়েল, মোমবাতি কিংবা অন্য কোনো খোলা আগুন ব্যবহারে সতর্ক থাকুন। বৈদ্যুতিক তার, সুইচ বা মাল্টিপ্লাগ ক্ষতিগ্রস্ত মনে হলে ব্যবহার বন্ধ করে কর্মীদের জানান। জরুরি পরিস্থিতিতে কোন পথে বের হবেন, তা আগে থেকে জানা থাকলে আতঙ্কের মধ্যেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
বারান্দা থেকে সমুদ্রে নামার আগে ভাবুন
পানির ওপর তৈরি কটেজে থাকার অন্যতম আকর্ষণ হলো বারান্দা থেকে সরাসরি সমুদ্রে নামার সুযোগ। কিন্তু চোখের সামনে শান্ত জলরাশি থাকলেই সেখানে নামা নিরাপদÑ এমন ধারণা ঠিক নয়। পানির গভীরতা, স্রোত, তলদেশের অবস্থা ও সাঁতারের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
কটেজে পৌঁছে লাইফ জ্যাকেট ও লাইফবয়া কোথায় রাখা আছে, জরুরি অবস্থায় কাকে জানাতে হবে এবং কোথায় সাঁতার কাটা অনুমোদিত, তা জেনে নিন। পানিতে নামার নির্ধারিত স্থান ও উদ্ধার ব্যবস্থা সম্পর্কে কর্মীদের কাছ থেকে স্পষ্ট ধারণা নিন।
মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন স্থাপনার নিরাপত্তা বিষয়ক বিধিমালায় অতিথিদের নিরাপত্তা নির্দেশনা, জরুরি যোগাযোগের তথ্য এবং পানির ওপরে হাঁটার পথ, জেটি ও নির্ধারিত সাঁতারের এলাকায় উদ্ধারসামগ্রী রাখার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সাঁতার না জানলে বা পানিতে স্বচ্ছন্দ না হলে একা নামবেন না। লাইফ জ্যাকেট থাকলেও সেটিকে সব পরিস্থিতির নিশ্চয়তা ভাবা যাবে না। রিসোর্টে লাইফগার্ড না থাকলে এবং পানির অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলে সমুদ্রে নামা থেকে বিরত থাকাই ভালো।
শান্ত সমুদ্রও কখনও কখনও বিপজ্জনক হতে পারে
সমুদ্রের ঢেউ ছোট, পানি স্বচ্ছ আর আবহাওয়া সুন্দর- সবকিছু অনুকূলে মনে হলেও পানির নিচে বিপজ্জনক স্রোত থাকতে পারে। বিশেষ করে তীর থেকে গভীর পানির দিকে টেনে নেওয়া স্রোত বা রিপ কারেন্ট সাঁতারুদের বিপদে ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) লাইফগার্ড নিয়ন্ত্রিত সৈকতে সাঁতার কাটা, সতর্কতামূলক পতাকা ও নির্দেশনা মেনে চলা এবং একা সাঁতার না কাটার পরামর্শ দেয়।
সমুদ্রে নামার আগে সৈকতের সতর্কবার্তা ও রিসোর্ট কর্তৃপক্ষের নির্দেশনা জেনে নিন। ঝড়ো হাওয়া, বজ্রপাত, উত্তাল ঢেউ কিংবা আবহাওয়ার সতর্কতা থাকলে পানিতে নামবেন না। পরিস্থিতি খারাপ হলে সমুদ্রের পাশের খোলা ডেক ও ওয়াকওয়েতে অবস্থান না করে নিরাপদ স্থানে সরে যান। মনে রাখবেন, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তার শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়।
সঙ্গে শিশু থাকলে চোখের আড়াল নয়
পানির ওপর তৈরি কটেজ, খোলা বারান্দা, সরু সেতু কিংবা কাঠের ডেক শিশুদের কাছে রোমাঞ্চকর মনে হতে পারে। কিন্তু এসব জায়গায় অসতর্কতার পরিণতি গুরুতর হতে পারে। শিশুদের একা বারান্দা, সুইমিংপুল কিংবা সমুদ্র সংলগ্ন এলাকায় যেতে দেবেন না। রেলিংয়ের ওপর বসা, ফাঁক দিয়ে ঝুঁকে পড়া কিংবা অজানা গভীরতার পানিতে লাফ দেওয়া থেকে বিরত রাখুন।
শিশু পানিতে নামলে একজন প্রাপ্তবয়স্ককে হাতের নাগালে থেকে সার্বক্ষণিক নজর রাখতে হবে। শুধু লাইফ জ্যাকেট পরিয়ে বা আশপাশে অন্য মানুষ আছে ভেবে নিশ্চিন্ত হওয়া ঠিক নয়। শিশুর নিরাপত্তায় সরাসরি তদারকির বিকল্প নেই।
রাতের অন্ধকারে ওয়াকওয়ে যেন বিপদের পথ না হয়
দিনের আলোয় যে কাঠের সেতু বা ওয়াকওয়ে সহজে পার হওয়া যায়, রাতে সেটিই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে কটেজ থেকে মূল ভবনে যাওয়ার পথ দীর্ঘ হলে কিংবা চারপাশে পর্যাপ্ত আলো না থাকলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। থাইল্যান্ড পর্যটন মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক বিধিমালা অনুসারে সমুদ্রতীরবর্তী কটেজের প্রবেশপথ, করিডোর ও সাধারণ এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি (CCTV) ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হয়।
ঘরে ওঠার পর রাতে চলাচলের পথ, সিঁড়ি ও বাঁকগুলো স্পষ্ট দেখা যায় কি না, পরীক্ষা করুন। কোথাও আলো নষ্ট থাকলে কর্তৃপক্ষকে জানান। অন্ধকারে তাড়াহুড়া করে হাঁটা কিংবা রেলিংয়ের ওপর ভর দিয়ে চলা এড়িয়ে চলুন। রিসোর্টের জরুরি ফোন নম্বর মোবাইলে সংরক্ষণ করুন। মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে বিকল্প যোগাযোগের ব্যবস্থা কী, তা জেনে নিন। জরুরি অবস্থায় কোথায় জড়ো হতে হবে, সেটিও জানা থাকা প্রয়োজন।
অস্বাভাবিক শব্দ বা নড়াচড়া মানেই সতর্ক হওয়ার সময়
কাঠের তক্তায় হাঁটার সময় শব্দ হওয়া সব ক্ষেত্রে বিপদের লক্ষণ নয়। তবে কোনো অংশ অস্বাভাবিকভাবে দুলে উঠলে, মেঝে বসে গেলে, সংযোগস্থল আলগা দেখালে কিংবা রেলিং নড়বড়ে মনে হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এমন পরিস্থিতিতে নিজে পরীক্ষা করতে গিয়ে ঝুঁকি বাড়াবেন না। ওই অংশ ব্যবহার বন্ধ করুন এবং রিসোর্টের কর্মীদের জানান। প্রয়োজন হলে অন্য কটেজে যাওয়ার ব্যবস্থা কিংবা নিরাপদ বিকল্প পথ ব্যবহার করুন।
রিসোর্ট কর্তৃপক্ষ কাঠামোর নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। সমুদ্রের পরিবেশে কাঠ ও বাঁশের স্থাপনা ভালো রাখতে নিয়মিত পরিচর্যা প্রয়োজন। স্থাপনাটি দেখতে আকর্ষণীয় হলেও এর নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণের মান ও রক্ষণাবেক্ষণের বিকল্প নেই।
প্রকৃতির কাছে থাকুন, ঝুঁকির কাছে নয়
সমুদ্রের পাশে কাঠ বা বাঁশের কটেজে কাটানো কয়েকটি দিন হয়ে উঠতে পারে স্মরণীয় অবকাশ। সকালে নীল জলরাশির দিকে তাকিয়ে দিন শুরু করা, বিকালে ঢেউয়ের শব্দ শোনা কিংবা রাতে সমুদ্রের বাতাসে সময় কাটানোর আনন্দই এমন রিসোর্টের মূল আকর্ষণ। তবে নিশ্চিন্ত ভ্রমণের শুরু হয় বুকিং দেওয়ার আগেই। রিসোর্টের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা, কাঠামোর অবস্থা দেখা, অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন পথ সম্পর্কে জানা এবং সমুদ্রের সতর্কবার্তা মেনে চলা- এই ছোট ছোট অভ্যাসই বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করতে পারে।
ভ্রমণের মূল কথা একটাই- প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু নিরাপত্তার সঙ্গে আপস করে নয়।
তথ্যসূত্র : থাইল্যান্ড ও মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক বিধিমালা, যুক্তরাষ্ট্রের ইউএস ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন, এনওএএ এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড ২০২০।