রুহুল আমিন রবিন, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১০:৩১ এএম
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল আকন্দ বাড়ির আঙিনায় আনারকলি চাষ করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা বাংলাদেশে ‘আনারকলি’ নামে পরিচিত। বাড়ির পরিত্যক্ত আঙিনায় সেই ফল চাষ করছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল আকন্দ। মাত্র ৮০০ টাকা পুঁজি নিয়ে পরীক্ষামূলকভাবে আনারকলি চাষ শুরু করেন তিনি। এখন গাছে গাছে ফল ধরেছে। ফেসবুকের মাধ্যমে ফল বিক্রিতে সাড়া পাচ্ছেন সোহেল। ভবিষ্যতে বড় পরিসরে চাষাবাদের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা।
সোহেল আকন্দ ভূঞাপুর পৌর শহরের বামনহাটা গ্রামের মৃত আবুল কালাম আকন্দের ছেলে।
জানা গেছে, প্রায় ছয় মাস আগে কক্সবাজারের চকরিয়ার এক চাষির কাছ থেকে মাত্র ৮০০ টাকায় কয়েকটি প্যাশন ফ্রুটের চারা সংগ্রহ করেন সোহেল। বাড়ির পরিত্যক্ত আঙিনায় পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তিনি। শুরুতে গাছে ফুল এলেও তা ঝরে পড়ত। পরে বিভিন্নজনের পরামর্শ নিয়ে নিয়মিত গাছের পরিচর্যা শুরু করেন। বর্তমানে গাছে প্রচুর ফল ধরেছে।
সোহেল বলেন, আকারভেদে প্রতিটি ফল ৩০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছেন তিনি। এ ছাড়া প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। এক কেজিতে ১০ থেকে ১২টি ফল পাওয়া যায়। ফেসবুকে ফলের চাহিদা তৈরি হওয়ায় পরিচিতজনসহ বিভিন্ন ক্রেতা তার কাছ থেকে ফল কিনছেন। তিনি জানান, প্রথমে কক্সবাজারে গিয়ে প্যাশন ফ্রুটের স্বাদ নিই। ভালো লাগায় নিজের এলাকায় ফলটি চাষের ইচ্ছা জাগে। ভালো জাতের চারা সংগ্রহ করতে অনেক ঘুরেছি। পরে বিশ্বস্ত একটি নার্সারি থেকে চারা সংগ্রহ করে রোপণ করি। শুরুতে চাষাবাদ সম্পর্কে তেমন ধারণা ছিল না। ফুল ঝরে পড়াসহ নানা সমস্যার সম্মুখীন হয়েছি। পরে বিভিন্নজনের পরামর্শ নিয়ে পরিচর্যা শুরু করি, এখন গাছে প্রচুর ফল ধরছে।
তরুণ এই উদ্যোক্তা বলেন, ফলের জন্য ফেসবুকে অনেকেই যোগাযোগ করছেন। পরিচিত বন্ধু-বান্ধবরাও চাইছেন। আমাদের এলাকায় ফলটি নতুন হলেও এর চাহিদা রয়েছে। এখন অল্প পরিসরে চাষ করছি। ভবিষ্যতে বড় পরিসরে প্যাশন ফ্রুট (আনারকলি) চাষ করার পরিকল্পনা রয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে সোহেল বলেন, বিদেশে যাওয়ার আশায় এবং চাকরির পেছনে ঘুরতে গিয়ে দালালের খপ্পরে পড়ে অনেক টাকা হারিয়েছি। সেই ক্ষতি পোষাতে এবং নিজে কিছু করার লক্ষ্যেই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।
স্থানীয় বাসিন্দা খন্দকার আমিন বলেন, এলাকায় আগে এই ফল তেমন দেখা যেত না। সোহেলের উদ্যোগটি প্রশংসনীয়। সে শুধু ফল বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে চারা উৎপাদন করলে এলাকার অন্য তরুণরাও আনারকলি চাষে আগ্রহী হবে। কৃষির মাধ্যমে বেকার তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, তরুণ উদ্যোক্তা সোহেল নিজ বাড়ির আঙিনায় প্রায় অর্ধশতক জমিতে প্যাশন ফ্রুট বা আনারকলির বাগান করেছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা সরেজমিনে বাগান পরিদর্শন করেছেন। তিনি বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে সোহেলকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ফলের বাগান সম্প্রসারণে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।