× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠপ্রতিক্রিয়া

সংকেতের সরণিতে তৃতীয় দশকের কবিতা

জিয়াউল হক সরকার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:৫৮ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাহিত্য সাময়িকী ‘ধানসিড়ি’তে প্রকাশ হয়েছে তৃতীয় দশকের ২৩ কবির কবিতা এবং মতিন রায়হানের পাঠপ্রতিক্রিয়াসহ দীর্ঘ প্রবন্ধ। তরুণ কবিদের বিচিত্র কাব্যভুবনকে একটি আলোচনার পরিসরে এনে তাদের ভাষা, বাগ্‌ভঙ্গি, চিত্রকল্প, বিষয় ও সময়চেতনা সম্পর্কে ভাবার সুযোগ করে দেওয়ার জন্য প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা ও কবি মতিন রায়হানকে প্রথমেই অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষত, একটি চলমান কবি-প্রজন্মকে তার সৃষ্টির প্রাথমিক পর্যায়েই পাঠ ও পর্যবেক্ষণের চেষ্টা সহজ কাজ নয়। কারণ, কোনো দশকের কবিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময়ের প্রয়োজন হয়; কবিতার পাশাপাশি প্রয়োজন পাঠকের গ্রহণ, পুনঃপাঠ, পর্যালোচনা এবং সময়ের পরীক্ষাও। সে বিবেচনায় আলোচ্য নিবন্ধটিকে তৃতীয় দশকের কবিতার একটি প্রাথমিক নন্দনতাত্ত্বিক মানচিত্র নির্মাণের প্রয়াস হিসেবে দেখা অধিক যুক্তিসঙ্গত, তা নিবন্ধকার নিজেও উল্লেখ করেছেন।

সাময়িকীতে প্রকাশিত কবিতা ও নিবন্ধকারের অভিজ্ঞতার আলোকে কবিদের কাব্যভাষা ও চিত্রকল্পের বৈশিষ্ট্য পর্যালোচনার আন্তরিক প্রয়াস নিবন্ধটিতে রয়েছে। তবে কোন গবেষণাপদ্ধতি অবলম্বনে এবং কবিদের প্রতিনিধিত্বের মানদণ্ড/নমুনায়নের বিষয়টি সুনির্দিষ্ট কাঠামোভিত্তিক হলে নিবন্ধটির বিশ্লেষণ আরও সুসংহত হতো এবং একটি প্রজন্মের কাব্যপ্রবণতা নির্ধারণ অধিকতর যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ হয়ে উঠত। এ ছাড়া নিবন্ধের সূচনাবাক্যÑ ‘কবিতার ইতিহাস ভাষা বদলে যাওয়ার ইতিহাস। আর এই বদলে যাওয়াই কবিতার নিয়তি’Ñ কবিতার ভাষা ও সময়ের সম্পর্ক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি তৈরি করে। তবে ভাষা কেন বদলায়? মানুষের জীবন বদলালে তার ভাষাবোধ কীভাবে পরিবর্তিত হয়? সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তি, নগরায়ণ ও ব্যক্তিমানুষের পরিবর্তিত অভিজ্ঞতা কীভাবে কবিতার ভাষা, ছন্দ ও চিত্রকল্পকে প্রভাবিত করে, তা আরও সুনির্দিষ্টভাবে আলোচিত হলে বক্তব্যটি সুস্পষ্ট হতো। একইভাবে, ‘বাগ্‌ভঙ্গি’ আলোচনায় কবির বিষয় ও আবেগের পাশাপাশি শব্দচয়ন, বাক্যবিন্যাস, কথ্য ও আঞ্চলিক ভাষা, ছন্দ, পুনরাবৃত্তি এবং অভিনব শব্দসমাবেশের মতো ভাষিক বৈশিষ্ট্য বিশ্লেষণ জরুরি। এসব কৌশল কীভাবে নতুন অর্থ নির্মাণ করে, ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতাকে প্রকাশ করে এবং পূর্ববর্তী কাব্যভাষা থেকে স্বাতন্ত্র্য তৈরি করে, তা বিশ্লেষিত হলে তৃতীয় দশকের কবিতার ভাষিক বৈশিষ্ট্য ও সমকালীন অভিজ্ঞতার রূপ আরও স্পষ্ট হয়ে উঠত। তাই নিবন্ধটির সঙ্গে সম্পূরক কিছু ভাবনা যুক্ত করার উদ্দেশ্যে আমার এই আলোচনা।

বাংলা কবিতায় প্রকৃতি, নদী, আকাশ, মাটি, বাতাস, ছায়া, পাখি, হংস ইত্যাদি প্রাচীন ও বহুল ব্যবহৃত প্রতীক। তবে তৃতীয় দশকের কবিতায় চিত্রকল্পের বৈচিত্র্য বা নতুনত্ব বিশ্লেষণের ক্ষেত্রে প্রকৃতি, নদী, পাখি, ছায়া, পরিবার, শরীর, শহর, যন্ত্র, স্মৃতি, প্রযুক্তি ও ভবিষ্যৎ-আশঙ্কা কীভাবে বা কী রূপে কবিতায় প্রবেশ করছে, তা বিশ্লেষণ দরকার। চিত্রকল্পের ক্ষেত্রে আরেকটি বিশ্লেষণ প্রয়োজনÑ পুরনো কোনো প্রতীক নতুন কবিতায় প্রবেশ করলেই তা নতুন চিত্রকল্প হয়ে যায় না, নতুনত্ব নির্ভর করে কবি পুরনো প্রতীককে কোন নতুন অর্থসম্পর্কে স্থাপন করছেন তার ওপর। ফলে ‘কী ছবি/প্রতীক ব্যবহার করা হয়েছে’ প্রশ্নটির চেয়ে, ‘কীভাবে অর্থ তৈরি করছে’ প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। তখন দেখা যেত, তৃতীয় দশকের কবিতায় শুধু নতুন চিত্রকল্প/ছবি আসছে নাকি মানুষের পৃথিবী দেখার পদ্ধতিই কতটা বদলেছে? এ ছাড়া আমার মনে হয়েছে, পত্রিকায় প্রকাশিত কবিতাগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যক্তিমানুষের অভিজ্ঞতায় প্রত্যাবর্তন। প্রেম, বিচ্ছেদ, একাকিত্ব, পরিবার, শৈশব ও ব্যক্তিগত স্মৃতিÑ এসব কবিতার উল্লেখযোগ্য উপাদান। ব্যক্তিগত অভিজ্ঞতা তখনই সর্বজনীন হয়ে ওঠে, যখন তা পাঠকের নিজস্ব অনুভূতি ও স্মৃতিকে জাগিয়ে তোলে। তাই তৃতীয় দশকের কবিতায় ‘আমি’-এর উপস্থিতিকে আত্মকেন্দ্রিকতা না ভেবে ব্যক্তি থেকে সামষ্টিক অনুভূতিতে উত্তরণের সম্ভাবনা হিসেবে দেখা জরুরি। মূল বিষয় হলো, সেই ‘আমি’ কতটা শিল্পিত রূপে ‘আমাদের’ হয়ে উঠতে পারছে।

তৃতীয় দশকের কবিতাকে বুঝতে গেলে মানুষ ও ভাষার সম্পর্কটি গুরুত্বপূর্ণ। মানুষ তার জীবন ও অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করে; আবার ভাষাই মানুষের অভিজ্ঞতার কাঠামো নির্মাণে ভূমিকা রাখে। আমরা যে পৃথিবী দেখি, তাকে নাম দিই; যে অনুভূতি অনুভব করি, তাকে ভাষায় ধারণ করি; আর কবিতা সেই ভাষাকে সাধারণ যোগাযোগের সীমা অতিক্রম করে নান্দনিক ও বহুমাত্রিক করে তোলে। এ যুগের মানুষের জীবন একক কোনো ভূগোলে আবদ্ধ নয়। সে একই সঙ্গে গ্রামের, শহরের, বাস্তবের ও ভার্চুয়াল জগতের; স্থানীয় সংস্কৃতি এবং বৈশ্বিক সংস্কৃতির অংশ। তার জীবনে নদী আছে, আবার স্ক্রিনও আছে; পরিবার আছে, আবার বিচ্ছিন্নতাও আছে; আঞ্চলিক ভাষা আছে, আবার ইংরেজি বা প্রযুক্তিগত শব্দও আছে। ফলে তার কবিতায় এই বহুমাত্রিক জীবন প্রবেশ স্বাভাবিক। তাই প্রযুক্তি-নগরজীবনের শব্দভান্ডারকে বিচ্ছিন্ন ভাষিক পরীক্ষা হিসেবে না দেখে পরিবর্তিত জীবনবাস্তবতার ভাষা হিসেবে পাঠ করা প্রয়োজন। তবে প্রযুক্তির শব্দ কবিতায় প্রবেশকেই সমকালীন কবিতা না ভেবে ‘ডিজিটাল’, ‘ডেটা’, ‘স্ক্রিন’, ‘ডিস্টোপিয়া’ ইত্যাদি শব্দের কাব্যিক তাৎপর্য ও মানুষের অনুভূতি, সম্পর্ক, একাকিত্ব, পরিচয় বা অস্তিত্বের সঙ্গে নতুন সম্পর্ক তৈরির নতুন মাত্রাকে সমকালীন কবিতা বলা যেতে পারে।

কবিতা পাঠকের কাছে পৌঁছতেই পাঠক নিজের জীবন, স্মৃতি ও অভিজ্ঞতার আলোকে তার অর্থ নির্মাণ করেন। ‘আব্বা’ কারও কাছে পিতা, কারও কাছে হারিয়ে যাওয়া শৈশব, আবার কারও কাছে অনুপস্থিতির বেদনা; ‘নদী’ কারও কাছে ভূগোল, কারও কাছে ভাঙন, আবার কারও কাছে দেশ ও শিকড়ের প্রতীক। এভাবেই ব্যক্তিগত অনুভবের থেকে নিসৃত কবিতা সামষ্টিক অনুভবের ভাষা হয়ে ওঠে। কিন্তু সমসাময়িক বিভিন্ন সাময়িকী, ম্যাগাজিন ও সামাজিক মাধ্যমে প্রকাশিত কবিতা পড়তে গিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, অধিকাংশ কবিতাই শেষ স্তবক পর্যন্ত পড়তে পারি না। কোথায় যেন এসে বিচ্ছিন্ন হয়ে যায় আমার হৃদয়ের সঙ্গে কবিতার সংযোগ। এ অভিজ্ঞতা থেকে মনে প্রশ্ন জাগে, কবিতাগুলোর সামষ্টিক অনুভবের ভাষা হয়ে ওঠার ক্ষেত্রে কোনো একটা ঘাটতি থাকায় যোগাযোগের সংযোগহীনতা তৈরি হচ্ছে কি না? বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। আবার তৃতীয় দশকের কবিতাকে পর্যালোচনা করতে গিয়ে শুধু সহজ বা দুর্বোধ্য, ভাষার নতুন মাত্রা, চিত্রকল্পের নতুনত্বÑ এভাবে চিন্তা না করে কবিতাটি পাঠকের সামনে নতুন কোনো অনুভব, প্রশ্ন বা অর্থের দরজা খুলে দেয় কি না কিংবা কবিতা বাস্তবতাকে নতুন চোখে দেখার পদ্ধতি হয়ে উঠেছে কি না, তা গুরুত্বপূর্ণ। এ ছাড়া ইন্টারনেটের যুগে কবিতা পাঠকের নিকট সহজেই পৌঁছানো ও প্রতিক্রিয়ার পরিসর বাড়িয়েছে, কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ারের তাৎক্ষণিক জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী সাহিত্যিক মূল্যের সমার্থক নয়। সময়ের সঙ্গে কোনো কবিতা পুনঃপাঠের আহ্বান জানায়, নতুন অর্থ তৈরি করে এবং পাঠকের স্মৃতিতে থেকে যায় কি নাÑ সেটাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ।

তৃতীয় দশকের কবিতার অন্যতম শক্তি তার বহুস্বরিকতা ও সমকালীন জীবনের বহুমাত্রিক প্রতিচ্ছবি। বিচিত্র চিত্রকল্প, ভাষার নতুন ব্যবহার ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ একটি নির্মীয়মাণ কবি-প্রজন্মের স্বাভাবিক অনুসন্ধান। তাই এই কবিতাকে কোনো নির্দিষ্ট নন্দনতত্ত্বে আবদ্ধ না করে নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাবনার যাত্রা হিসেবে দেখা জরুরি। নতুনভাবে শব্দ ও চিত্রকল্প সৃষ্টির পাশাপাশি পৃথিবীকে নতুনভাবে দেখার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিই এই সময়ের কবিতাকে নতুন পথ দেখাবে। প্রেম, ভয়, একাকিত্ব, আশা, আকাঙ্ক্ষা স্মৃতি ও স্বপ্নের পাশাপাশি পুঁজিবাদ, প্রযুক্তি তথা ইন্টারনেটের গতি, চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রভাব, বিশ্বরাজনীতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট যখন মানবজীবনের চিরন্তন অনুভবের সঙ্গে যুক্ত হবে, তখনই এসব কবিতা অর্জন করবে নিজস্ব স্বর ও সর্বজনীন ভাষা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা