শামীম হোসেন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:৫১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৫:১৭ পিএম
শামীম হোসেন। প্রতিকৃতি: জয়ন্ত সরকার
কুহক-আরশি
ডালিমফলের রসে যে নদী বয়ে গেছে
শুষ্ক বুকের ভেতরে, তার পথ ধরে
এতদূর এসে
দেখি, পায়ে কোনো জলের চিহ্ন নেই
হাওয়ার ঘূর্ণির তোড় ভাসিয়ে এনেছে
কিছু কথার বুদবুদ...
কলাপাতা দুলছে দোতারার মোহন সুরে
পথ ভুলে চিনাহাঁস ঢুকেছে রুপার খোঁয়ারে
চইচই টইটই দুপুর দাপিয়ে
কোকিল বসেছে মান্দারের ডালে
যার ঘুঘু চরানো স্বভাব
সে ফাঁদ পেতে বসে থাকুক সন্ধ্যার নিকটে।
আমি গমের গন্ধে বিভোর হলে
চাঁদ নেমে আসে রুটির ওপরে
গারদ ঠোকরানো অন্ধকারে
কার জন্য অস্ত্র ও গোলাপ নিয়ে
অপেক্ষা করছে
হাজার হাজার ইরানি মেয়ে?
তোমার পৃথিবী থেকে বহুদূরে
আমি বাস করি বোকাদের গ্রামে
যারা শস্য কেনে জমির বদলে
কুহক-আরশির পথ পেরোলেই
দেখা হবে
পোনা মাছের চোখের গভীরে।
মহুটান
যাও তবে এই সীমা ডিঙিয়ে, মোহন জাদুকর
ঘোড়ার আস্তাবলের গন্ধ ম্যাজিক বাক্সে ভরে
নিয়ে যাও সন্ধ্যার আলিঙ্গন
আমার পাতাকুড়ানি মা শহরের কাচঘরে
বসিয়ে রেখেছেন একটুকরো গ্রাম
ম্যাজিশিয়ান, তোমার জন্য অপেক্ষা করছে
সেই প্রাচীন মহুয়াবাগান
বায়ুজন্ম পেরিয়ে
এই উন্মীলন বায়ুজন্ম পেরিয়ে এসেছে
থরে থরে নিজেকে কেটে ভাসাব বলে
জলে নেমেছি
কাচের পথ যারা মাড়িয়ে এসেছিল
তারা একটু জিরিয়ে নিক গাছের তলে
গোধূলি আভা ফিকে হওয়ার আগেই
ফুটে উঠুক আত্মবিসর্জনের রেখা
একটা উন্মনা দুপুর দাঁড়িয়ে আছে
হলিদাগাছিতে
ধীরপায়ের মেঘ তার খবর রাখে না
জেলগেটের বিকেল সন্ধ্যার দিকে
হেলে পড়তে পড়তে দেখে
ফালা ফালা দেহ বায়ুজন্ম পেরিয়ে
ভেসে যায় জলে
দেহাভাস
মাকড়ি হারানো অন্ধকারে
থমথমিয়ে আছে পা
জোনাক চলার পথ
মনে হয় বিমানের সংকেতরেখা
উত্তরে নদীর হাওয়া
দক্ষিণে হরিণের গ্রাম
মাকড়ি হারিয়ে নিকটে নেমেছে
পাথরে নীরবতা
নীড়হারা নীরবতা পেরিয়ে
জোড়া পায়ের চিহ্ন ফুটে আছে
মাটির ওপরে
দূরেÑ মাকড়ির পথ
আঁধারের আস্তানা
থমথমানো পা
কক্ষপথ
পা ফেলি। থামি। পা ফেলি, থামি।
থামতে থামতে পা ফেলি।
হাঁটতে হাঁটতে দেখি। দেখতে দেখতে হাঁটি।
লাইটহাউজ হাসে। ডিমের খোসা গড়িয়ে আসে।
কোথা থেকে ঝরে পড়ে আলো, কুয়াশা?
ধীরে ধীরে পায়ে পায়ে
পা-গুলো হাঁটে। থামে। কে?
কুসুম, কুলসুম হয় না।
হাঁটে।
হাঁটতে হাঁটতে যায়।
ছায়াছবির মতো ঝিরিঝিরি পর্দা কাঁপে।
কার? পৃথিবীর।
পৃথিবীর পা নেই কোনো।
ছোটে না এদিক ওদিক।
আমার পা
পাগলের মতো ঘুরতে থাকে।
কলিংমেইল
আঁধারের আস্তর সরিয়ে ভোর আসে
নব হাওয়া ছুঁয়ে যায় শরীর
পা হেঁটে হেঁটে যতদূর যায়
ততদূর মনও হাঁটে।
মন তো পায়েরও অধিক ভ্রমণ করে
টুকরো আয়নায় নিজেকে দেখে
পৃথিবীর ছোট মাছগুলো
পা পেয়ে ঝাঁকে ঝাঁকে বাজারে নামে।
ভাবমিলনের পথে রোদ এসে খেলা করে
শরতের টুটাফাটা মেঘে
সন্ধ্যা গড়াতে গড়াতে রাতের নাভি ছিঁড়ে
শিশির জমা হয় শিউলিদের কলিংবেলে।
শামীম হোসেনের কবিতা: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
সরকার মাসুদ
অনেক বছর ধরে পড়ছি শামীম হোসেনের (জন্ম : ৭ আগস্ট, ১৯৮৩ ; রাজশাহী) কবিতা। শুরুতেই বলতে চাই, শামীম তার সমকালিক, এমনকি অগ্রজ অসংখ্য কবির চেয়ে বেশি কবিতামনস্ক এবং কবিতাসৃজনে পারঙ্গম। আধুনিক কবিতাকে এ যুগের উপযোগী রচনা হিসেবে দাঁড় করানোর উদ্দেশ্যে কবিরা অনেক ধরনের কলাকৌশলেরর আশ্রয় নিয়ে থাকেন। এটা করতে গিয়ে অজস্র লেখক কবিতাকে দুর্বোধ্য করে তোলেন। শামীম হোসেনের বেলায় সেটা ঘটে না। আনন্দের বিষয়, শামীম বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি কথা বলেন না; কিন্তু কায়দা-কৌশল প্রযুক্ত হওয়া সত্ত্বেও তার কবিতা যোগাযোগ সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত। মাত্র ছ’টি কবিতার আলোকে একজন অনতিনবীন কবিকে বিচার করা প্রায় অসম্ভব। তবুও, আমি চেষ্টা করছি শামীম হোসেনের কবিতার, প্রধানত সদর্থক দিকগুলো তুলে ধরার।
এ কবি যথাসম্ভব সহজ শব্দ ব্যবহার করেন। তার বলার ধরনের মধ্যে আকর্ষণী কিছু একটা দুষ্প্রাপ্য। উপমাহীন বা উপমাবিরল এক ভঙ্গিতে তিনি লিখে চলেন, যা প্রায়শই কবির ব্যক্তিত্বের দ্বারা চিহ্নিত বলে মনে হয়। যেমনÑ ১. ‘ডালিমফলের রসে যে নদী বয়ে গেছে/ শুষ্ক বুকের ভেতরে, তার পথ ধরে/ এতদূর এসে/ দেখি, পায়ে কোনো জলের চিহ্ন নেই/ হাওয়ার ঘূর্ণির তোড় ভাসিয়ে এনেছে/ কিছু কথার বুদবুদ...।’
২. কাচের পথ যারা মাড়িয়ে এসেছিল/ তারা একটু জিরিয়ে নিক গাছের তলে/ গোধূলি আভা ফিকে হওয়ার আগে/ ফুটে উঠুক আত্মবিসর্জনের রেখা।’
চিত্রকল্পের সফল প্রয়োগ শীক্তমন্ত করে তোলে আধুনিক কবিতাকে। শামীমের কবিতায় চিত্রকল্প উপস্থিত হয় নিজস্ব ধরন নিয়েÑ ‘ভাবমিলনের পথে রোদ এসে খেলা করে/ শরতের টুটাফাটা মেঘে/ সন্ধ্যা গড়াতে গড়াতে রাতের নাভি ছিঁড়ে/ শিশির জমা হয় শিউলিদের কলিংবেলে।’ আবার ‘একটা উন্মনা দুপুর দাঁড়িয়ে আছে/ হলিদাগাছিতে’, কিংবা ‘জোনাক চলার পথ/ মনে হয় বিমানের সংকেতরেখা’র মতো পঙ্ক্তিতে কবিকল্পনার নিজত্ব ফুটে ওঠে, সহজতার ভেতর দিয়েই। শামীম হোসেনÑ যে অল্প কথা ব্যবহার করেও অনেক কিছু বুঝাতে পারেন এবং তা কখনও কখনও গভীর ব্যঞ্জনাসহ উপস্থিত হয় তার প্রমাণ ‘মহুটান’ শিরোনোমের সাত লাইনের কবিতাটি। শামীম এযাবৎ যতখানি সামর্থ্য দেখাতে পেরেছেন, তাতে মনে হয় তিনি অনেকদূর এগোতে পারবেন। কিন্তু তাকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। ‘দেহাভাস’ কবিতায় তিনি ‘থমথমিয়ে’ শব্দটিকে ব্যবহার করেছেন যা সুপ্রযুক্ত হয়নি বলেই মনে হয়। অন্যদিকে ‘কুহক-আরশি’ কবিতার চারটি স্তবক যেন আলাদা আলাদা চারটি কবিতা। পারম্পর্যহীন অনেক প্রসঙ্গ লেখাটিকে দুর্বল করে ফেলেছে। আশা রাখি, এসব ত্রুটি শুধরে শামীম হোসেন নিজের ভাবমূর্তি উজ্জ্বলতর করে তুলতে পারবেন।