গল্প
পাভেল পার্থ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:২৫ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:২৭ পিএম
অলংকরণ: তানভীর মালেক
শহরে লাগানোর জায়গা কম। যারা পারে ছাদে লাগায়। কেউ বারান্দায়। দুপুরে কম লাগায়। রোদ তখন সরকারি দল। লাগাতে হয় ভোর বা বিকালে। তাপ কমে তখন চারপাশ কিছুটা ঠান্ডা হয়। না হলে গাছ বাঁচে না। তিন দিন ধরে মাটির পাতিলে একটা চারা নিয়ে অস্থির হয়ে আছেন বিমানেশ। শিল্পকলার বাগানে কামরাঙ্গা চারাটি লাগাবেন। মানুষ কত কী লাগায়, অথচ একটা কামরাঙ্গা গাছ নেই শিল্পকলায়। চারাটি এনেছেন নড়াইল থেকে। সুলতান নাকি কামরাঙ্গা পছন্দ করতেন। রোদ-কাদা ছেনে যারা সুলতানের গুহায় যেতেন, নিহারবালা কামরাঙ্গা মাখিয়ে দিতেন। জংলি টিয়ার ঠোঁটের মতো লাল মরিচ মাখা ভর্তা। নিহারবালার সমাধিতেই চারাটি পালক মেলেছিল।
দইয়ের দাগ তুলতে গিয়ে পাতিলটা আধা ফেটে গেছে। চারাগাছের তলা থেকে রস বেরুচ্ছে। কামরাঙ্গার চারা থেকে কি লাল রস বেরয়? টোপর মাথায় দিয়ে রঙজ্বলা আয়নার দিকে তাকান বিমানেশ। আজ কচুর লতি দিয়ে টেংরার রসা খেয়ে আঁকতে বসবেন। সুলতান যেখানে সন্ধ্যার চিত্রা নদীর পাড়ে আঁকা শেষ করেছেন, সেখান থেকেই শুরু করবেন। রাতের নদী, নিশুতি গ্রাম। গামছায় পা মুছে চাটাইয়ে চিত হওয়া কৃষকের ঘুম বা শিশুর গাল বেয়ে ঝরে যাওয়া লালার স্রোতে। থ্যাৎলানো বালিশের কোনায় অভিমানী জোড়া পদ্ম কিংবা তলপেটের উপরে উঠে আসা মাছ ভাজির ঝাঁঝ লাগা শাড়ির দলা। প্রথম প্রথম নাইওর আসা মেয়েরা রাতজুড়ে যেভাবে শ্বশুরবাড়ির আলাপ তুলে কিংবা ঋণগ্রস্ত কৃষক যে দুঃস্বপ্ন দেখে সেইসব রঙতুলি গল্পের ঝুমুর আঁকবার মন চায় বিমানেশের। গ্রামের ঘরে রাতে কুপিও জ্বলে না। অন্ধকার কীভাবে আঁকে তার জানা নাই।
আহারে কামরাঙ্গা চারা। এও কি জন্মের টক হবে, নাকি অতিমিঠা? চারায় কি আর স্বাদের দাগ থাকে। স্বাদ আসে যৌবনে। একটা যৌবনের রাত আঁকার প্রস্তুতি নিতে গিয়ে বিমানেশ দেখেন আঠার শিশি খুলে মেঝেতে পড়েছে সব। আঙুল দিয়ে যতটা পারা যায়, আবার শিশিতে ভরতে থাকেন। আর তখনই বুড়ো তক্ষকটা ডাক দেয়। বিমানেশ আঁকতে শুরু করেন, চিত্রার পাড়ে একটা কুঁড়েঘর। অন্ধকারে চিলিক দেওয়া দুধাল খড়ের আঁটি।
শিল্পকলা থেকে ডাকযোগে স্মারক নাম্বার দেওয়া এক চিঠি এসেছে। বৃক্ষমঙ্গল উৎসবে কামরাঙ্গা চারাটি লাগানোর অনুমতি মিলেছে। কিন্তু বিমানেশের চারাটি এক বিঘত। সরকারি নির্দেশে যেকোনো চারা এক ফুট হতে হয়। ১৬ প্রহর কীর্তনে শুনেছিলেন অষ্ট আঙ্গুল বাঁশি বাজায় কৃষ্ণ ঠাকুর। বাঁশি কি কেউ ধার দেয়? বাঁশির লগে বান দিলে চারাটি কত লাম্বা দেখাত।
বৃক্ষমঙ্গল উৎসবে সংস্কৃতিমন্ত্রী আসতে পারছেন না। তার নির্বাচনী এলাকায় সোহরাই পরব শুরু হয়েছে। মন্ত্রীর গাড়িবহর থেমে আছে যমুনা সেতুর ঊরুতে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল বন্ধ। ঘামের নোনায় চ্যাপ্টা হওয়া গাড়ির ভিড় সরকারের গুষ্ঠি উদ্ধার করে ফেলছে। গোয়েন্দারা মন্ত্রীকে এই ভিড় থেকে নিরাপদে সরিয়ে নিতে চাইছে। এ ছাড়া কোনো উপায় নাই। গোয়েন্দাদের বোতলেও তেল নাই। তেল বিনা বহর নড়বে না।
শিল্পকলা থেকে মন্ত্রীর ফোন আসে। ‘স্যার আপনার ভিডিও বাণী দিয়ে অনুষ্ঠান শুরু করে দিচ্ছি, জমায়েত খুব বেশি নাই, চারটি স্কুলের বাচ্চারা আছে, শুরু করে দিব স্যার?’ ‘দ্রুত শুরু করেন, বাচ্চারা কোথায় বসেছে, রোদের মধ্যে আবার তারা যেন না যায়, ঐ ছবি পরে ভাইরাল হয়ে যায়, বাচ্চাদের পানি আর নাশতা দিবেন।’ ভিড়ের ভেতর হেঁটে যায় ‘ঠান্ডা পানি লাগে ঠান্ডা পানি’, কাটা আমড়া আর পেয়ারা, চানাচুর ভাজা, ঝালমুড়ি আর আইসক্রিম। মন্ত্রী ফোন দেন শিল্পকলায়। ‘শোনেন একটা করে কলা দেন, আমড়া-পেয়ারা দিতে পারেন, ফল ধুয়ে দিয়েন।’ ‘জি স্যার জি, কলা আর পেয়ারা কেটে প্যাকেট করেছি স্যার।’ ‘কিসের প্যাকেট, পলিথিন দিয়েন না।’ ‘স্যার ফল দিলে কাগজের প্যাকেট ছিঁড়ে যায়, ফুডগ্রেড আছে স্যার, স্যার আপনারা কতদূর গেলেন?’
দুই জুনিয়র অফিসার আলাদিনের চেরাগ ঘষে তিন গ্যালন তেল নিয়ে হাজির হলেন। আর তখনই মব শুরু হলো। ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না।’ ‘জনতার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।’ গাড়ি থেকে নেমে মন্ত্রী ভিড়ের দিকে হাত নাড়লেন। সঙ্গীদের নিয়ে হেঁটে সেতু পার হলেন। কয়েকটা গাড়ি অপেক্ষা করছিল। মন্ত্রীর বহর আবার ছুটল সহরাই পরবের দিকে।
গরমে কলা প্রায় ভর্তা হয়ে গেছে। বাচ্চারা ভর্তা কলা খায়নি। গর্তে নিয়ে ফেলেছে। গর্তের কাছে কামরাঙ্গার চারা নিয়ে দাঁড়িয়ে আছেন বিমানেশ। সবুজপ্রহরী নাট্যসংঘের পথনাটকের পরেই বৃক্ষরোপণ শুরু হবে। শিশুরা চারা রোপণ করবে। পাঁচজন করে ছেলেমেয়ে বাছাই করা হলো। বস্তির একটা স্কুলের দুইজনকে নেওয়া হলো। একজন হাজং আর অটিস্টিক শিশুও আছে। ইনক্লুশনের চার পাতা নির্দেশনা আগেই দেওয়া ছিল। অটিস্টিক শিশুটির সাথে তার মা আছেন। বিমানেশ মেয়েটিকে চিনতে পারলেন। মেয়েটি তখন ছোট ছিল। চিত্রা নদীতে সন্ধ্যার স্নান সেরে এই মেয়ের মা একটা কাতল মাছ কাটতে বসেছিলেন। বিড়াল আর ভাইকে নিয়ে মাছ কাটা দেখছিল মেয়েটি। সুলতান এই অপূর্ব মুহূর্তের ছবিটি এঁকেছিলেন। মেয়েটির ভাই কি অটিস্টিক ছিল? সুলতান কোনো প্রতিবন্ধী মানুষের ছবি এঁকেছেন কি না বিমানেশের জানা নাই।
বুড়িগঙ্গার পলিথিনে আটকে আছে শিশুস্বর্গ। শিল্পীরা ডুগডুগি আর দোতারা নিয়ে হেঁটে রওনা হলেন। আহমদ ছফার সুলতান-সংগীত গাইবেন তারা। বিভঙ্গ বদনে একদল বিশেষজ্ঞ বসে আছেন। তারা আবিষ্কার করলেন কামরাঙ্গা গাছটির ফিগার ঠিক নাই। গাছটি অঙ্গসংস্থানিক ব্যাকরণ জানে না। কোনো স্মার্টনেস নাই এমন বেঢপ গাছ কি শিল্পকলায় লাগানো যায়? বিশেষজ্ঞদের মতামত একটা গুঞ্জরণ তৈরি করল। ফিসফাস বা চিৎকার নয়, একেবারে নিষেধাজ্ঞা। বিমানেশকে তলব করা হলো। বগলে এক তাগড়া কামরাঙ্গা চারা। ‘আপনি বরং একটা ফুলের গাছ লাগান, অর্নামেন্টাল, দেখতে সুশ্রী, নেচার নেচার ফিল আসবে।’
বিমানেশ শিল্পকলার সাথে কোনো বিতণ্ডায় গেলেন না। কাদাজলে মাখামাখি হয়ে শিল্পীরা পৌঁছেন, সুলতান-সংগীত শুরু হলো। নির্বাচিত শিশুদের হাতে হাতে ফুলের চারা দেওয়া হলো। গন্ধরাজ বদলে একজনের হাতে রক্তজবা দেওয়া হলো। এক বিশেষজ্ঞ জানালেন, সুলতান অসাম্প্রদায়িক ছিলেন, কালী সাধনাও করতেন। কুমারখালী, পাবনা, বাবুরহাট নাকি টাঙ্গাইলের শাড়ি পরতেন সুলতান তা নিয়ে আরেক বিশেষজ্ঞ এক অভিসন্দর্ভ মেলে ধরলেন। সুলতানের বাঁশি ও বিড়ালপ্রেম নিয়ে একদল প্রাণিঅধিকারকর্মী একটা পারফরম্যান্স আর্ট করলেন। সবুজপ্রহরী নাট্যসংঘের পথনাটকটি জমল না, রোদের তাপে বাচ্চারা ঘুমিয়ে গেছিল। মানবাধিকার কমিশন বাচ্চাদের ঘুম না ভাঙাতে নোটিস পাঠাল।
দুপুরের খাবারের ভিড়ে তাকে দেখা গেল। হীরা বসানো চোখের ভুরু। লোকে বলে, সুলতানের সবচে বেশি ছবি ডাকাতি করেছেন এই লোক। দেশে-বিদেশে নিলামে সেসব বিক্রি করেছেন। সুলতান এক আনাও পাননি। হীরার ভুরু বিমানেশের সামনে দাঁড়ায়। ‘উতলা হবেন না, কামরাঙ্গাই লাগানো হবে, আমরা এক হাজার বনসাই কামরাঙ্গার অর্ডার দিয়েছি।’
বিমানেশও হীরার ভুরুর সামনে দাঁড়িয়ে যান। ‘এই কামরাঙ্গা প্রথম বৃক্ষরোপণের, সেটি বনসাই ছিল না।’ হীরার ভুরু বিমানেশের ঘাড়ে হাত রাখেন। ‘কনটেমপরারি হতে শেখেন, মডার্ন আর্টিস্টের তালিকায় কেউ তারে পাত্তা দেয় নাই, আমরা তাকে কনটেমপরারি হিসাবে পরিচয় করাইছি।’ আর তখনই মাইকে বৃক্ষমঙ্গল উৎসবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষিত হয়।
পাতিলটা আরও ফেটে গেছে। গমক দিয়ে নামছে রস। কামরাঙ্গা চারাটি হাতে বিমানেশ সুলতানের নিরুদ্দেশ যাত্রা ছবির শেষ মানুষটির পেছনে দাঁড়ান।
পরের দিন খবরের কাগজে শিরোনাম হয়, শিল্পকলায় সহস্র কামরাঙ্গা চারায় সিক্ত শিল্পী সুলতান।