গদ্য
বিপাশা চক্রবর্তী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার বিশ্বখ্যাত কবি ও অনুবাদক অ্যান কারসন। বিশ্বসাহিত্য যেন এক নতুন আলোর মুখোমুখি দাঁড়াল।
১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে সর্বশেষ ২০২৬ সাল পর্যন্ত সাহিত্যে মোট ১২৩ জন লেখক এই সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন। এই দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসে পুরস্কার দেওয়া হয়েছে মোট ১১৯ বার। এর মধ্যে মাত্র ৪ বার পুরস্কারটি যৌথভাবে দেওয়া হয়েছে। যা প্রমাণ করে, একাডেমি একক সাহিত্যিক সত্তার মস্তক উত্তোলনেই বেশি বিশ্বাসী। তবে এই সংখ্যাতত্ত্বের পেছনে এক গাণিতিক বৈষম্য লুকিয়ে আছে; তা যেন বিশ্বসাহিত্যের এক নীরব ট্র্যাজেডি।
নোবেল পুরস্কার বিশ্বায়নের কথা বললেও এর অলিখিত নিক্তিটি আজীবন ইউরোপীয় ভাষা ও মনস্তত্ত্বের দিকেই বেশি ঝুঁকে ছিল। সাহিত্যে বিজয়ীদের অর্ধেকেরও বেশি পুরস্কার পকেটে পুরেছে শীর্ষ কয়েকটি ইউরোপীয় ভাষা। আজ পর্যন্ত সবচেয়ে বেশি সাহিত্যে নোবেল পেয়েছে ইংরেজি ভাষা— মোট ৩৩ বার। অ্যান কারসনের সাম্প্রতিক বিজয় এই সংখ্যাটিকে চৌত্রিশে উন্নীত করল। দ্বিতীয় স্থানে রয়েছে ফরাসি ভাষা (১৬ বার) এবং এরপরই জার্মান ভাষা (১৪ বার) ও স্প্যানিশ ভাষা (১১ বার) নোবেল এনে দিয়েছে।
এই চার প্রধান পশ্চিমা ভাষার সম্মিলিত প্রাপ্তি ৭১-এ পৌঁছলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার হাজারো সমৃদ্ধ আঞ্চলিক ভাষার করুণ দশা স্পষ্ট হয়ে ওঠে। এশিয়ার ভাষাগুলোর মধ্যে জাপানি ও চীনা ভাষা থেকে মাত্র ২ জন করে লেখক নোবেল পেয়েছেন। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার হান কাং কোরিয়ান ভাষায় প্রথম নোবেল এনে দেন। আর আমাদের বাংলা ভাষা? ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে বাংলা ভাষা বিশ্ব নোবেলের মানচিত্রে প্রথম অ-ইউরোপীয় ভাষা হিসেবে ইতিহাস গড়েছিল। যা আজও দক্ষিণ এশিয়ার একমাত্র সাহিত্যে নোবেল হিসেবে একাকী দাঁড়িয়ে আছে। এই চিত্রটি স্পষ্ট করে, ঔপনিবেশিক ভাষার অনুবাদ ও কাঠামোর ওপর নির্ভর না করলে প্রাচ্যের গভীর ঐতিহাসিক বয়ানগুলো স্টকহোমের অলিখিত মানদণ্ডে খুব কমই ওজনদার বলে গণ্য হয়।
তবে এই প্রাতিষ্ঠানিক বৈষম্যের সমান্তরালে যে জীবিত নোবেলজয়ীরা এখনও আমাদের পৃথিবীতে আলো ছড়াচ্ছেন তাদের সাহিত্যশৈলী বিশ্বসাহিত্যের নান্দনিক সীমানাকে প্রতিদিন প্রসারিত করছে। প্রথাগত আখ্যানের দেয়াল ভেঙে কীভাবে তারা নিজ নিজ ভাষার ঘরানা টিকিয়ে রাখছেন, তা বুঝতে বর্তমান পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকজন জীবিত নোবেলজয়ীর লিখনশৈলী ও দর্শনের গভীরে প্রবেশ করা প্রয়োজন।
অ্যান কারসন (২০২৬, কানাডা; ভাষা: ইংরেজি)
ধ্রুপদি গ্রিক ও লাতিন সাহিত্যের এই অধ্যাপক বিশ্বসাহিত্যের অন্যতম প্রধান ‘জেনার-বেন্ডিং’ অর্থাৎ সীমানা ভাঙার কারিগর। কারসনের লেখার মূল বৈশিষ্ট্য হলো তিনি কবিতা, কল্পকাহিনী, পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ এবং নাটকের মাঝখানের দেয়ালটি পুরোপুরি ধসিয়ে দিয়েছেন। তার বিখ্যাত পদ্যায়ন-উপন্যাস বা ‘Novel in Verse’ ঘরানার মাস্টারপিস ‘অটোবায়োগ্রাফি অব রেড’-এ তিনি প্রাচীন গ্রিক পুরাণের ডানাওয়ালা দানবের গল্পকে আধুনিক মনস্তত্ত্বে বিচ্ছিন্নতা ও আত্মআবিষ্কারের গল্পে রূপান্তর করেছেন। পুরাণকে তিনি সমকালীন মানুষের একাকিত্ব ব্যবচ্ছেদ করার দর্পণ বানিয়ে তুলেছেন। শব্দের ব্যুৎপত্তির গভীর অন্বেষণই তার লেখার মূল শৈলী।
লাসলো ক্রাসনাহোরকাই (২০২৫, হাঙ্গেরি; ভাষা: হাঙ্গেরিয়ান)
২০২৫ সালে সাহিত্যে নোবেল জয় করা হাঙ্গেরির এই মাস্টার-নোভেলিস্ট সমকালীন বিশ্বসাহিত্যের সবচেয়ে রেডিক্যাল ও অন্তর্মুখী গদ্যের জাদুকর। ক্রাসনাহোরকাইয়ের লিখনশৈলীকে বলা হয় ‘রুদ্ধশ্বাস গদ্যের মহাকাব্য’। তার লেখার মূল বৈশিষ্ট্য হলো পাতা জোড়া দীর্ঘ, জটিল এবং এক ধরনের ক্যাটাস্ট্রফিক, বলা ভালো বিপর্যয়কামী, বাক্যের বুনন। তার কালজয়ী উপন্যাস ‘স্যাটানট্যাঙ্গো’ কিংবা ‘দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স’-এ তিনি কমা ও সেমিকোলনের এক অবিরাম গোলকধাঁধা তৈরি করেন। যেখানে একটি বাক্য শেষ হতে হতে কয়েক পৃষ্ঠা পেরিয়ে যায়। এই দীর্ঘ বাক্যশৈলী কিন্তু কোনো কৃত্রিম অলংকার নয়। এই দীর্ঘ বাক্য মানুষের অস্তিত্বের অবক্ষয়, আধুনিক সভ্যতার পতন এবং এক অন্তহীন বিষাদের মনস্তাত্ত্বিক গতিকে ধারণ করার অমোঘ বাহন। তিনি পাঠককে স্বস্তি দেন না। গদ্যের এক তীব্র সম্মোহনী জাদুতে বন্দি করে জাগিয়ে তোলেন মহাজাগতিক একাকিত্ব।
হান কাং (২০২৪, দক্ষিণ কোরিয়া; ভাষা: কোরিয়ান)
কোরিয়ান ভাষার এই জাদুকরের লিখনশৈলী অত্যন্ত সংবেদনশীল, তীব্র মনস্তাত্ত্বিক এবং শরীর-কেন্দ্রিক। তার বিখ্যাত উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এ তিনি দেখিয়েছেনÑ কীভাবে একটি মানুষের মাংস খাওয়া ছেড়ে দেওয়ার নীরব সিদ্ধান্ত সমাজ ও পরিবারের ভেতরের চরম সহিংসতাকে উন্মোচিত করে দেয়। মানুষের শরীরের ক্ষত, ট্রমা এবং পিতৃতান্ত্রিক অবদমনের বিরুদ্ধে তার গদ্য এক শান্ত কিন্তু বিধ্বংসী প্রতিবাদ। তিনি শব্দের চেয়ে বাক্যের অন্তরালে থাকা নীরবতাকে বেশি বাচাল করে তোলেন।
জন ফসে (২০২৩, নরওয়ে; ভাষা: নরওয়েজিয়ানÑ নিনর্স্ক)
ফসের গদ্যকে বিশ্বসাহিত্যে বলা হয় ‘ফসে মিনিমালিজম’। চরম মিতভাষী গদ্য। তার লেখায় কোনো প্রথাগত নাটকীয়তা, ক্লাইম্যাক্স ও যতিচিহ্নের জটিলতা থাকে না। বিশেষ করে তার ‘সেপ্টোলজি’ উপন্যাসের দীর্ঘ, বিরামহীন বাক্যের পুনরাবৃত্তির মধ্য দিয়ে তিনি এক ধরনের ধ্যানমগ্ন আধ্যাত্মিক আবহের জন্ম দেন। মানুষের ভেতরের পরম একাকিত্ব, অস্তিত্বের হাহাকার এবং ঈশ্বরের অনুপস্থিতির চেতনাকে তিনি খুব সাধারণ ও সরল শব্দের বুননে এক মহাজাগতিক রূপ দেন।
অ্যানি এরনো (২০২২, ফ্রান্স; ভাষা: ফরাসি)
এরনোর লেখার শৈলীকে বলা হয় ‘কলেক্টিভ অটোবায়োগ্রাফি’। যৌথ আত্মজীবনী। তিনি প্রথাগত কোনো ফিকশন, কল্পকাহিনী লেখেন না। তার মাস্টারপিস ‘দ্য ইয়ারস’-এ তিনি নিজের ব্যক্তিগত ডায়েরি, ফটোগ্রাফ এবং স্মৃতির নিখুঁত অস্ত্রোপচার করেছেন। নিজের জীবনের অতি-ব্যক্তিগত লজ্জা, গর্ভপাত, প্রেম আর শ্রেণি-সংঘাতকে এক সমাজতাত্ত্বিক কোণ থেকে দেখিয়েছেন। যা ব্যক্তি-মানুষের সীমানা পেরিয়ে একটি আস্ত প্রজন্মের ইতিহাস হয়ে ওঠে। তার গদ্য একদম নির্মেদ, আবেগমুক্ত এবং ছুরির ফলার মতো ধারালো।
আব্দুলরাজাক গুরনাহ (২০২১, তানজানিয়া/যুক্তরাজ্য; ভাষা: ইংরেজি)
উত্তর-ঔপনিবেশিক আফ্রিকার শরণার্থী জীবনের চ্যুতি, নির্বাসন এবং স্মৃতির প্রতি বিশ্বস্ত থাকার অনন্য রূপকার গুরনাহ। তার বিখ্যাত উপন্যাস ‘প্যারাডাইস’, ‘আফটারলাইভস’ এসবে তিনি কোনো রকম মেলোড্রামা ছাড়াই অত্যন্ত শান্ত, গম্ভীর ও ধ্রুপদি ভাষায় ঔপনিবেশিকতার ক্ষতকে এঁকেছেন। দেখিয়েছেন সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের কারণে মানুষের পরিচয় কীভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। নতুন মাটিতে শিকড় গাড়ার আকুলতা কেমন হয়? তার গদ্য সেই বেদনার এক বিশ্বস্ত দলিল।
মো ইয়ান (২০১২, চীন; ভাষা: চীনা)
মো ইয়ানের সাহিত্যশৈলীকে নোবেল কমিটি বলেছিল ‘হ্যালুসিনেটরি রিয়ালিজম’Ñ মতিভ্রমকারী বাস্তবতা। চীনা লোকগাথা, ইতিহাস, লোকজ সংস্কৃতি আর পরাবাস্তবতার এক বিস্ফোরক ও হিংস্র মিশ্রণ দেখা যায় তার লেখায়। তার বিখ্যাত উপন্যাস ‘রেড সরঘাম’ এবং ‘লাইফ অ্যান্ড ডেথ আর উইয়ারিং মি আউট’-এ তিনি চীনের গ্রামীণ সমাজ ও কমিউনিস্ট বিপ্লবের রক্তক্ষয়ী ইতিহাসকে এক তীব্র কৌতুক ও পরাবাস্তব জাদুর ছলে ফুটিয়ে তুলেছেন। যা পাঠককে একই সাথে চমকে দেয় এবং মুগ্ধ করে।
ওরহান পামুক (২০০৬, তুরস্ক; ভাষা: তুর্কি)
পামুক হলেন পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির সংঘাত। একই সাথে ইতিহাসের গোলকধাঁধার মহাকাব্যিক রূপকার। তার প্রিয় শহর ইস্তাম্বুল হলো একাকিত্ব ও এক ধরনের প্রচ্ছন্ন বিষাদ। তুর্কি ভাষায় যাকে বলা হয় ‘হুজুন’ (Hüzün)Ñ তার লেখার মূল চালিকাশক্তি। ‘মাই নেম ইজ রেড’, ‘দ্য ব্ল্যাক বুক’-এ তিনি পোস্ট-মডার্ন ডিটেক্টিভ কাঠামোর ভেতরে ইসলামের শিল্পকলা, ইতিহাস ও আত্মপরিচয়ের সংকটকে এক সুতোয় গেঁথেছেন। তার গদ্য অত্যন্ত অলংকৃত, ধীর এবং স্মৃতি-ভারাক্রান্ত।
কাজুও ইশিগুরো (২০১৭, যুক্তরাজ্য/জাপান; ভাষা: ইংরেজি): স্মৃতির খামখেয়ালিপনা ও সূক্ষ্ম আত্মপ্রতারণার গদ্যের জন্য পরিচিত। ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ উপন্যাসে তার মিতভাষী ও নিয়ন্ত্রিত গদ্য মানুষের অব্যক্ত বেদনার এক চরম রূপক।
স্বেতলানা অ্যালেক্সিয়েভিচ (২০১৫, বেলারুশ; ভাষা: রুশ)
পলিফোনিক বা বহুস্বরী গদ্যে লিখতে ভালোবাসেন। তিনি ঐতিহ্যবাহী উপন্যাস লেখেন না। শত শত সাধারণ মানুষের ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে গড়ে তোলেন যুদ্ধ ও ট্র্যাজেডির এক জীবন্ত মৌখিক ইতিহাস।
জেএম কোয়েটজি (২০০৩, দক্ষিণ আফ্রিকা; ভাষা: ইংরেজি)
বর্ণবাদ-উত্তর সমাজের তীব্র মনস্তাত্ত্বিক ও রূপক গদ্যে মানুষের নৈতিক ও সামাজিক পতনকে নির্মমভাবে আঘাত করেন।
বর্তমান পৃথিবীতে সাহিত্যে নোবেলজয়ী এই জীবিত সাহিত্যিকদের অনেকেই নিজস্ব সাহিত্যভুবনে সক্রিয়। তাদের লেখার ধরন, ভাষা ও জীবনদর্শন সমকালীন বিশ্বসাহিত্যকে নানা দিক থেকে সমৃদ্ধ করছে।
নোবেল পুরস্কারের ভেতরে যতই ভৌগোলিক বৈষম্য আর প্রচ্ছন্ন রাজনৈতিক ইন্ধনের খেলা থাকুক না কেন, এই জীবিত মাস্টারদের সৃষ্টিগুলো প্রমাণ করে সাহিত্য শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট মানচিত্র ও ভাষার একক সম্পত্তি নয়।
অ্যান কারসনের পুরাণনির্ভর কল্পনা, লাসলো ক্রাসনাহোরকাইয়ের দীর্ঘ বাক্য, হান কাংয়ের শরীর ও ক্ষতবোধ, আর ওরহান পামুকের ইস্তাম্বুলকেন্দ্রিক বিষাদÑ এ সবকিছুই ভিন্ন ভিন্ন সাহিত্যভুবন থেকে এসেও মানুষের নিঃসঙ্গতা, স্মৃতি ও অস্তিত্বের অভিন্ন প্রশ্নে মিলিত হয়েছে।
তাদের অবাধ্য শব্দই মনে করিয়ে দেয়, বিশ্বসাহিত্যের কোনো একক ভাষা নেই। নেই একটিমাত্র পথও।