× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান কারসনের একগুচ্ছ কবিতা

ভূমিকা ও অনুবাদ: শুভাশিস সিনহা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১২:৫০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নোবেলবিজয়ী কবি অ্যান কারসনের জন্ম ১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোতে। প্রাচীন গ্রিক সাহিত্যের পাঠ নিয়ে তিনি ক্লাসিক্যাল ঘরানার সাহিত্যকে নতুনভাবে আবিষ্কার ও উপলব্ধি করেন, তার সাথে আধুনিক কালের, চলমান জীবনের নানান অনুভবকে সমন্বিত করার চেষ্টা করেন তীক্ষ্ন বীক্ষায়। কবিতায় ন্যারেটিভের বদলে তিনি কোলাজ তৈরিতে বেশি তৎপর, টুকরো টুকরো কথামালা ও ছবিরাশির মধ্য দিয়ে দেখার জগৎকে না-দেখার রোমাঞ্চ নিয়ে এক ধরনের নির্লিপ্ত বোঝাপড়ায় অসাধারণ করে তোলেন। শ্লেষ, বক্রোক্তি, দূর-চিত্রকল্প তার কবিতাকে প্রশ্নাত্মক ক্ষতে রঞ্জিত করে তোলে। মিথ, বিশ্বাস, লোকপুরাণকেও দূরান্বিত আবহে অধুনার ঘটনা বা ক্রিয়ায় অর্থপূর্ণ করে গেঁথে তুলতে তার জুড়ি নেই। এ বছর, ২০২৬ সালে, তিনি নোবেল পুরস্কার অর্জন করেছেন, কিন্তু এর আগেও টিএস এলিয়ট প্রাইজসহ একাধিক সম্মানজনক পুরস্কার লাভ করেন। প্রিন্সটন, মিশিগান, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়সহ উত্তর আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে তিনি ধ্রুপদি ও তুলনামূলক সাহিত্য বিষয়ে অধ্যাপনা করেছেন। অটোবায়োগ্রাফি অব রেড (১৯৯৮), দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড (২০০১), নক্স (২০১০) ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ।

প্রধান ও গৌণ বিষয়ক কিছু কথা

দুনিয়ার প্রধান বিষয়গুলো হলো বাতাস, শয়তান, 

একটি লড়াকু ঘোড়া

অনিঃশেষ ভালোবাসা, আর মানুষের 

এক একজন রাজা নির্বাচনের তরিকা


গৌণ বিষয়গুলোর মধ্যে আছে নোংরা যা কিছু, 

দর্শনের বিভিন্ন মাজেজা, চেতনা বা অসাড়তা, মাহেন্দ্র সময়।


জগতে যদিও গৌণ বিষয়ের চেয়ে প্রধান বিষয়ই বেশি, 

তবুও তাদের কথা বড় করে লিখে রাখি আমি

সেইসব লিখতে লিখতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে

জানি তুমি এই লেখা পড়ছ এখন

তবুও চাই না বন্দি হয়ে পড়ো তুমিÑ 

কাচ-আঁটা তারের জালের আড়ালে একাকী

নিজের জীবন থেকে ছিন্ন হয়ে কোনো এক ইলেক্ট্রার মতো।


দূতনগরীতে

তোমার মৃত্যুর পর প্রতিদিন বাতাস বইত

প্রতিদিন

আমাদের পথ রুদ্ধ করে দিত দেয়ালের মতো

আমরা চলেছি তবু পথে

পাশ কেটে যেতে যেতে চিৎকার করতে করতে।

চলার রাস্তায় সেইসব চিৎকার ছিল অর্থহীন।

মধ্যবর্তী শূন্যস্থানগুলো

ক্রমশ কঠিন হয়ে উঠেছিল আমাদের কাছে

শূন্য... ফাঁক... অথচ তারাই 

কী কঠিন! কালো!

শূন্যতার মতোই বেদনাময়।

যেন বা দাঁতের মাঝখানে ফাঁক 

এক বৃদ্ধার দাঁতের মতোÑ যাকে তুমি 

চিনতে অনেক কাল আগে

যখন সে ছিল দারুণ সুন্দরী।

তার শরীরের স্নায়ুবিভা

চারদিকে ছড়িয়ে পড়ত 

প্রাসাদের আগুনের শিখার মতন। 


বধূ

কৃষ্ণবর্ণ দিবালোকে ঝুলে আছি

মানুষবিহীন একটি ওভারকোট

শীতল, উজ্জ্বল দ্বিপ্রহরে

কে যেন আমার অপেক্ষায়...


প্রেমনগর

সে ভেতরে ছুটে এল

হলুদ ভুট্টার মতো 

ভেজা এলোচুলের বেণিটি

ছড়িয়ে পিঠের ’পরে... 


ফেরারি বসন্ত

‘বসন্ত সব সময়ই সুন্দরÑ আগের মতো...’

চীনা বুড়ো লোকটি বলল।

তখন জানালা বেয়ে বৃষ্টি নামছিল

বহু দূর থেকে আসা এক ব্যাকুলতা

আমাদের স্পর্শ করে গেল...


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা