ইমন চৌধুরী
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:২৮ পিএম
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
‘আচ্ছা আব্বু, পিঁপড়ারাও কি অ্যানিমেল?’
‘হুম, ওরাও অ্যানিমেল?’
‘হি হি হি...তুমি তো বোকা আব্বু! পিঁপড়া তো একটা পোকা। পোকারা কি অ্যানিমেল হয়?’
‘হুম, পোকারাও অ্যানিমেল হয়।’
‘আরে পোকা কি বাঘ-সিংহ আর হাতির মতো বড় হয়? অ্যানিমেলরা তো অনেক বড় হয়।’
‘হুম, বড় হয়Ñ আবার ছোটও হয়। অ্যানিমেল মানে তো প্রাণী। যার প্রাণ আছে, সে-ই তো অ্যানিমেল। পিঁপড়াদেরও প্রাণ আছে, তাই ওরাও অ্যানিমেল।’
‘তাহলে মানুষও কি অ্যানিমেল?’
‘হুম, মানুষও অ্যানিমেল।’
‘আরে মানুষ কি বাঘ আর সিংহের মতো ভয়ংকর হয়?’
‘হুম, হয়। ওদের চেয়েও বেশি ভয়ংকর হয়!’
‘তুমি কিছুই জানো না। তুমি বোকা আব্বু! বাঘ-সিংহ তো অন্য অ্যানিমেলদের খেয়ে ফেলে! মানুষ কি অন্য অ্যানিমেল খায়?’
‘হুম, খায় তো। মানুষ মাছ খায়, মুরগি খায়, গরুর মাংসও খায়।’
‘কিন্তু বাঘ-সিংহ তো মানুষও খেয়ে ফেলে! তাই ওরা অ্যানিমেল। মানুষ কি অন্য মানুষ খেতে পারে?’
‘হুম, পারে তো। মানুষও মানুষ খায়! যখন তুমি বড় হবে তখন বুঝতে পারবে। মানুষ মানুষ খায়, বন খায়, নদী খায়, পাহাড় খায়, দেশ খায়!’
‘হি হি হি...! আমি জানি, মানুষ অন্য মানুষকে খেতে পারে না। তুমি একটা বোকা আব্বু!’