× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রগফিশ

সমুদ্রতলের শিকারি মাছ

অনিক শুভ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:২৫ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৩:২৫ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

সমুদ্র বলতে আমাদের চোখে ভেসে ওঠে নীল জল, ঢেউ আর সূর্য ডুবে যাওয়ার দৃশ্য। সৈকতে দাঁড়িয়ে আমরা ভাবি, পানির নিচের দুনিয়াটাও নিশ্চয়ই এমনই সুন্দর। রঙিন মাছ, প্রবাল, দুলতে থাকা আরও কত যে ঘাস! মানে পুরাটাই যেন একটা রূপকথার রাজ্য। কিন্তু রূপকথায় যেমন রাজপুত্র থাকে, তেমনি খলনায়কও থাকে। সমুদ্রের ভেতরেও তাই আছে। তাদেরই একটির নাম ফ্রগফিশ।

এদের দেখার পর মনে হতে পারে ছোট্ট, গোলগাল, নিরীহ একটা মাছ। প্রথমবার ছবি দেখে মুখ ফসকে বেরিয়ে আসবে, ‘এটা আবার কী রে!’ শরীরটা বেঢপ, মুখটা বিশাল, আর চোখ দুটো এমনভাবে তাকিয়ে আছে যেন গোটা সমুদ্রের ওপর তার জমানো অভিমান। দেখে মনে হয়, জীবনে একবারও আয়নায় নিজেকে দেখে সে খুশি হয়নি। তবে চেহারা দেখে ভুল করলে চলবে না। এই গোমড়ামুখো মাছটা আসলে সমুদ্রের সবচেয়ে ধৈর্যশীল শিকারিদের একজন।

অন্য শিকারি মাছেরা ছুটে বেড়ায়, তাড়া করে। ফ্রগফিশের এসবে কোনো আগ্রহ নেই। সে এক জায়গায় বসে থাকে, একদম চুপচাপ, ঘণ্টার পর ঘণ্টা। তার মূল কৌশল হলো ছদ্মবেশ। তার গায়ের রঙ আর গড়ন এমন যে সে কখনো পাথরের মতো দেখায়, কখনও প্রবালের টুকরো, কখনও আবার সমুদ্রের তলায় পড়ে থাকা কোনো আবর্জনার মতো। ছোট মাছেরা তার পাশ দিয়েইে ভয় ডরহীনভাবে ঘুরে বেড়ায়। তারা ভাবে, ‘ওটা তো একটা পাথর।’ পাথর আর ফ্রগফিশÑ দুটোই তো স্থির থাকে। পার্থক্য একটাই, পাথর আপনাকে খেয়ে ফেলবে না।

ফ্রগফিশের মাথার ওপর একটা লম্বা একটা জিনিস আছে, যা দেখতে অনেকটা মাছ ধরার বড়শির ছিপের মতো। তার ডগায় ঝোলে ছোট্ট একটা টোপ। সেটা নাড়তে থাকলে ছোট মাছেরা ভাবে, এই বুঝি কোনো পোকা বা চিংড়ি। কৌতূহলে তারা একটু একটু করে এগিয়ে আসে। ফ্রগফিশ তখনও নড়ে না। মনে হয় সে নিজেও ভুলে গেছে কেন বসে আছে। তারপর এক মুহূর্তে সব শেষ। তার বিশাল মুখ হঠাৎ হাঁ হয়ে যায়, আর শিকার ভেতরে চলে যায়। পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে যে আশপাশের মাছেরা কিছু বুঝে ওঠার আগেই সব মিটে যায়। আর ফ্রগফিস তার পাশেই বসে থাকে, মুখে এমন একটা ভাব যেন সে কিচ্ছু জানে না।

ফ্রগফিসের আরেকটা মজার ব্যাপার আছে। সে সাঁতারের চেয়ে হাঁটতেই বেশি স্বচ্ছন্দ। তার পাখনাগুলো অনেকটা ছোট ছোট পায়ের মতো, আর সেগুলো দিয়ে সে সমুদ্রের তলা দিয়ে ধীরে ধীরে এগোয়। দেখলে মনে হয় একটা মাছ মাছ হওয়া বাদ দিয়ে ব্যাঙ হওয়ার চেষ্টা করছে। নামটা তাই এমনি এমনি আসেনি। তবে এই ধীর চলাতেই তার সুবিধা। দ্রুত সাঁতার কাটার দরকারই বা কী? তার দর্শন খুব সহজ, খাবার যখন নিজে থেকেই আসবে, তখন ছুটে মরব কেন?

ফ্রগফিসকে দেখে ভয়ের চেয়ে হাসিই পায় বেশি। তবু সমুদ্রের এই প্রাণীটা আমাদের একটা পুরোনো কথা মনে করিয়ে দেয়, চেহারা দেখে কাউকে বিচার করতে নেই। যাকে দেখে মনে হচ্ছে সারাদিন বসে থাকা এক অলস, বদমেজাজি মাছ, সে-ই এক পলকে আপনার আস্ত শরীর গিলে ফেলতে পারে।

তাই সমুদ্রের নিচে একটা নিয়ম মেনে চলাই ভালো। যেটাকে পাথর মনে হচ্ছে, সেটাকে খুব কাছে গিয়ে পরখ করার দরকার নেই। বিশেষ করে সেই পাথরের মাথা থেকে যদি ছোট্ট একটা টোপ ঝুলতে দেখেন। কারণ সেটা পাথর না-ও হতে পারে। সেটা হতে পারে ফ্রগফিস। সমুদ্রের সব আততায়ী দাঁত বের করে তাড়া করে না। কেউ কেউ চুপচাপ বসে থাকে, আর অপেক্ষা করে কখন আপনি নিজেই তার কাছে এসে ধরা দেবেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা