মনিরুল ইসলাম, নাচোল
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৫:৪৬ পিএম
হার মানছে বাঁশ - বেত কুটির শিল্প
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একসময় দাপিয়ে বেড়ালেও এখন বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য বাঁশ-বেত শিল্প। একসময় গ্রামীণ জনপদে বাংলার ঘরে ঘরে তৈরি হতো হাজারো পণ্যসামগ্রী। ঘরের কাছের ঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে গৃহিণীরা তৈরি করতেন হরেক রকম জিনিস। অনেকেই এই শিল্প দিয়ে জীবিকা নির্বাহ করতেন। দরিদ্র পরিবারের অনেকের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল এগুলো। কিন্তু আজ নাচোলের কিছু কিছু গ্রামে হস্তশিল্পটি উপার্জনের পেশা হিসেবে কতটা বেঁচে আছে, তা ভাবনার বিষয়। এ শিল্পে জড়িত অনেকেই বাপ-দাদার আমলের পেশাটিকে ত্যাগ করে অন্য পেশায় নিয়োজিত হচ্ছেন।
কয়েক বছর আগেও এ দেশে বাঁশ ও বেতের তৈরি জিনিসের কদর ছিল। চেয়ার, টেবিল, মাথাল, ঝাঁকা, ডালি, শেলফ, মোড়া, কুলা, ঝুড়ি, ডোল, চাটাই, থেকে শুরু করে ড্রয়িংরুমের আসবাবপত্র তৈরিতেও বাঁশ-বেত প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। এ ছাড়া মাছ ধরার পলো, হাঁস-মুরগির খাঁচা, শিশুদের ঘুম পাড়ানো দোলনা গ্রামাঞ্চলসহ বিভিন্ন স্থানে ব্যাপক সমাদৃত ছিল। তবে এখন গৃহস্থালি অনেক পণ্যের জায়গাই দখল করে নিয়েছে প্লাস্টিক ও মেলামাইনের জিনিসপত্র। ফলে নাচোলে অনেকে বদলে ফেলেছেন এই পেশা। পেটের দায়ে যারা এখনও এই পেশায় আটকে আছেন, কষ্টে দিন কাটছে তাদের।
উপজেলার মুরশিদা গ্রামের সাঈদুল রহমান জানান, প্রায় দেড় যুগ ধরে এই কুটির শিল্পের কাজকর্ম করে চলছেন তিনি। আগের তুলনায় এখন লাভের পরিমাণ অনেক কম। এর মূল কারণ কালের বিবর্তনে কম দামে প্লাস্টিকের নিত্যনতুন জিনিস উঠেছে। অন্যদিকে বাঁশ-বেতের দাম বেশি। বিক্রি কম। ফলে কোনো রকমে দিনপাত চলে।
উপজেলার নেজামপুর বাজারে বেতের কাজ করা কারিগর ইসরাফিল জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে এই শিল্পের কাজ করে আসছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০ বছর কাজ করেছেন। প্লাস্টিকের ক্যারেট বের হওয়ায় ওখানে আর বাঁশ-বেতের জিনিস চলে না। তাই তিনি ১০ বছর ধরে নাচোলের নেজামপুরে কুটির শিল্পের কাজ করে কোনো রকম দিন চালাচ্ছেন। আগের যুগে একটা বাঁশ ২৫ টাকায় কিনেও অনেক লাভ হয়েছে। আর এখন একটা বাঁশ কিনতে আকারভেদে ৩০০ টাকাও লাগে। কিন্তু সেই বাঁশের তৈরি জিনিস বিক্রি করে তেমন দাম পাওয়া যায় না। আর প্লাস্টিকের জিনিসপত্র তো আছেই। তবু এই পেশাটা দীর্ঘদিন থেকে করে আসছেন। তেমন লাভ না হলেও ছাড়তে অনেক কষ্ট হয়। অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিয়েছেন।
গোমস্তাপুর থেকে একজন নাচোলে কুটির শিল্পসামগ্রী বিক্রি করতে আসা তৈমুর আলী জানান, এখন একশ টাকা দিয়ে একটি বাঁশ দিয়ে একটি ঝাঁকা তৈরি করতে একটি পাইট লাগে, যার মূল্য ৫০০ টাকা। কিন্তু ওই ঝাঁকাটি বিক্রি করে পাই ১২০ টাকা। ফলে জিনিস বিক্রি করে লস হয়। আবার কোনোটাতে অল্প লাভ হয়। যুগের পরিবর্তনে কম দামে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র উঠেছে। আবার ধান উড়াতে কুলা, সাহার লাগত। মেশিন বের হওয়াতে সেগুলোর কোনো প্রয়োজন হয় না। এভাই বাঁশ-বেতের তৈরি কুটির শিল্প বিলুপ্তির পথে।
বাঁশ-বেত কুটির শিল্পসহ ঐতিহ্যবাহী কুটির শিল্পের কাজগুলো যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সরকারের ইচ্ছা আছে। এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান নাচোল উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা। তিনি বলেন, তালিকাভুক্ত কুটির শিল্পীদের ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব।