× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাগ্যের চাকা ঘুরছে ভার্মি কম্পোস্ট সারে

মান্নান শেখ রানা, পলাশবাড়ী

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৫:৪৪ পিএম

ভাগ্যের চাকা ঘুরছে ভার্মি কম্পোস্ট সারে

ভাগ্যের চাকা ঘুরছে ভার্মি কম্পোস্ট সারে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দারিদ্র্যকে জয় করে ভাগ্যের চাকা ঘোরাতে শুরু করেছে একদল প্রান্তিক নারী-পুরুষ। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামের ৩০ জন সদস্য নিয়ে গঠিত ‘কেশবপুর গরু হৃষ্টপুষ্টকরণ পিজি দল’-এর যৌথ উদ্যোগে এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে মানসম্মত ভার্মি কম্পোস্ট (কেঁচো সার)।

সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময়ের কর্মহীন ও অভাবগ্রস্ত এসব মানুষের অনেকেরই জীবিকার নির্দিষ্ট কোনো উৎস ছিল না। কেউ দিনমজুর, আবার কেউ বা বয়সের ভারে ও পুঁজির অভাবে বেকার জীবন কাটাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে ৬০ বছর বয়সী কৃষক আব্দুস সালামসহ স্থানীয়রা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শরণাপন্ন হন।

প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে তারা কেশবপুর গরু হৃষ্টপুষ্টকরণ পিজি দল গঠন করে নিয়মিত মাসিক সঞ্চয় ও সভা শুরু করেন।

পরবর্তীতে সময়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেয়ে দলটির সদস্যরা যৌথভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। বর্তমানে তারা নিজেরাই নিজেদের পারিবারিক গরুর গোবর ব্যবহার করে এই সার তৈরি করছেন, ফলে উৎপাদনের খরচ অনেকাংশে কমে গেছে। উৎপাদিত এই জৈব সার প্রতি কেজি ১০ টাকা দরে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে।

গ্রুপের সদস্য আব্দুর রশিদ মিয়া, আবু তাহের, মনিরা বেগম, শিল্পী বেগম, আয়শা বেগম, সবুজা বেগম ও জহর উদ্দিন জানান, প্রথম দফায় ভালো মুনাফা পাওয়ায় এখন প্রতি মাসেই নিয়মিত সার উৎপাদন করা হচ্ছে। প্রায় ১০০টি রিংয়ের মাধ্যমে উৎপাদিত এই সার থেকে খরচ বাদ দিয়ে প্রতি মাসে উল্লেখযোগ্য লাভ আসছে, যা তাদের পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করছে।

গ্রুপের সদস্য জহর উদ্দিন বলেন, ‘আমাদের কোনো কাজ ছিল না, বেকার বসে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এখন এই কাজের মাধ্যমে আমাদের আয়ের পথ তৈরি হয়েছে।’

কৃষক আব্দুস সালাম জানান, বর্তমানে তাদের আর কেঁচো কিনতে হয় না এবং নিজেদের গরুর গোবর ব্যবহার করায় খরচ কমে গেছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে প্রায় ১০০ মণ সার উৎপাদন করা হয়, যেখান থেকে খরচ বাদ দিয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ পাওয়া যায়।

পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার বলেন, ‘ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি করে তারা ভালো মুনাফা অর্জন করছেন। পাশাপাশি এই সার জমিতে ব্যবহার করে স্থানীয় কৃষকরাও দারুণভাবে উপকৃত হচ্ছেন।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা