× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামবাসীর জমানো টাকায় পাঠাগারের উন্নয়ন

শাহিন জামান, আদিতমারী (লালমনিরহাট)

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১০:২৪ এএম

আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে পাঠাগারের উন্নয়নের জন্য জমানো অর্থ দেন নারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে পাঠাগারের উন্নয়নের জন্য জমানো অর্থ দেন নারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংসারের খরচ মিটিয়ে যা থাকে তা থেকেই অল্প করে টাকা জমিয়ে রাখেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বাসিন্দারা। কেউ দিনে দুই টাকা, কেউ পাঁচ টাকা, আবার কেউ জমাচ্ছেন ১০ থেকে ২০ টাকা। ২০টি কৃষক পরিবারের সদস্যদের মাটির ব্যাংকে জমানো সেই অর্থ ব্যয় হচ্ছে ইউনিয়নের টিপার বাজার এলাকার ‘সারপুকুর যুব ফোরাম পাঠাগার’-এর উন্নয়নে। প্রতি তিন মাসে জমা হওয়া সেই অর্থ নতুন বই ও বাদ্যযন্ত্র কেনা এবং পাঠাগারের ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজে ব্যবহার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগে এখন পর্যন্ত জমা হয়েছে ৩৯ হাজার ৩০০ টাকা।

স্থানীয় কলেজ শিক্ষার্থী জামাল হোসেনের উদ্যোগে একটি ছোট ও জীর্ণ টিনশেড ঘরে যাত্রা শুরু হয় পাঠাগারটির। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই জ্ঞানগৃহটির কার্যক্রম মাত্র ১০টি বই নিয়ে শুরু হলেও বর্তমানে এখানে বইয়ের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। পাঠাগারে বই পড়ার পাশাপাশি কম্পিউটার ব্যবহার, ল্যাবের সুবিধা এবং সাংস্কৃতিক চর্চার সুযোগ রয়েছে। গ্রামের শিশু-কিশোর ও তরুণরা এখানে বই পড়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজানো শেখে এবং সংগীতচর্চায় অংশ নেয়।

বর্তমানে পাঠাগারটির রয়েছে নিজস্ব ভবন। ২০২৪ ও ২৫ সালে দ্বিতল ভবনের ভিত্তির ওপর একতলার নির্মাণকাজে ব্যয় হয়েছে ৩০ লাখ টাকার বেশি। এই অর্থের প্রায় ৯০ শতাংশ আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকার রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজ লিমিটেডের পরিচালক শাহীন হোসেন এবং মির্জাপুর ক্যাডেট কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা।

বাকি প্রায় ১০ শতাংশ অর্থ এসেছে স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষের কাছ থেকে। জামাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, কৃষক পরিবারগুলোর জমিয়ে রাখা মাটির ব্যাংক থেকে এই অর্থ পাওয়া গেছে। তাদের প্রত্যাশা, ছোট ছোট সঞ্চয় একসময় পাঠাগারের বড় উন্নয়নকাজে ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দা মেরিনা বেগম বলেন, পাঠাগারে বই পড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটছে। গ্রামের এই উদ্যোগের সুফল পাচ্ছে নতুন প্রজন্মও। 

পাঠাগারের প্রতিষ্ঠাতা জামাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দ্বিতল ভবনের কাজ শুরু না হওয়া পর্যন্ত স্থানীয়রা এভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আমরা খুব দ্রুতই ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু করতে চাই।

ঢাকার রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজ লিমিটেডের পরিচালক শাহীন হোসেন বলেন, গ্রামের সাধারণ মানুষের পাঠাগারের প্রতি এই মমত্ববোধই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নের বড় অনুপ্রেরণা। গ্রামের এই পাঠাগারটি শুধু বই পড়ার জায়গা নয়, এটি জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার একটি কেন্দ্র হয়ে উঠেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা