প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৭:২৩ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১৭:৩৪ পিএম
মাডস্কিপার বা চিড়িং মাছ। ছবি: ফিরোজ আল সাবাহ/প্রতিদিনের বাংলাদেশ
পানিতে থাকাটাই মাছের স্বভাব। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়ম উল্টে দিয়ে কোনো মাছ যদি অনায়াসে ডাঙায় হেঁটে বেড়ায়, শিকার ধরে, শূন্যে লাফিয়ে ওঠে কিংবা গাছে চড়ে বসে—তবে তা যে কাউকেই চমকে দেবে। উভচর প্রকৃতির এমনই এক অদ্ভুত ও বিস্ময়কর মাছ ‘মাডস্কিপার’। আমাদের দেশে ‘চিড়িং মাছ’ হিসেবে পরিচিত।
বাংলায় ‘ডাঙার মাছ’ বাগধারাটি চরম অসহায় বা বিপন্ন পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হলেও প্রকৃতির রাজ্যে চিত্রটি সবসময় এক নয়। প্রাণিজগতে এমন কিছু মাছ রয়েছে, যারা বিবর্তনের ধারায় জল ছেড়ে ডাঙায় উঠে আসার কৌশল চমৎকারভাবে রপ্ত করেছে।
উভচর ব্যাঙের মতোই এদের জীবন। যেমন প্রায় ৪০ কোটি বছর আগের আদিম ‘লাংফিশ’—যাদের ফুসফুস রয়েছে এবং পানির নিচে বেশি সময় থাকলে উল্টো ডুবে মারা যায়। আবার কাদার জলাশয় থেকে ছিটকে ডাঙায় উঠে পোকা শিকার কতে পারে ‘ইল ক্যাটফিশ’। কিংবা ক্যালিফোর্নিয়ার সৈকতের বালুতে ডিম পাড়তে জল ছেড়ে আসা ‘গ্রুনিয়ন’ মাছ। তবে এই সব উভচর মাছের ভিড়ে ডাঙার জীবনকে সবচেয়ে নিখুঁত ও স্থায়ীভাবে আপন করে নিয়েছে মাডস্কিপার।

নিজেদের এলাকা দখলে রাখতে হাঁ করে ও পাখনা উঁচিয়ে শক্তির মহড়া দিচ্ছে মাডস্কিপার। ছবি: অশোক বেহেরা/ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস
মাডস্কিপার আসলে কী?
আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার কর্দমাক্ত উপকূল, জলাভূমি ও ম্যানগ্রোভ বনজুড়ে (যার মধ্যে সুন্দরবনও রয়েছে) এদের বিচরণ। জীবনের অর্ধেকেরও বেশি সময় এরা কাটায় ডাঙায়; খাওয়া-দাওয়া থেকে শুরু করে সঙ্গম—সবই চলে পানির বাইরে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) জীববিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক এবং ‘ইনভেশনস অব দ্য ল্যান্ড’ গ্রন্থের লেখক ম্যালকম এস গর্ডনের মতে, মেরুদণ্ডী প্রাণীরা কীভাবে জলজ পরিবেশ ছেড়ে ডাঙার জীবে রূপান্তরিত হয়েছিল, মাডস্কিপারকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বিবর্তনের সেই মৌলিক রহস্যের উত্তর খোঁজেন।

ডাঙায় শ্বাস নেয় যেভাবে
পানির নিচে মাছ ফুলকা দিয়ে অক্সিজেন নেয়, কিন্তু মাডস্কিপার মুক্ত বাতাসে শ্বাস নেয় মূলত দুটি অভিনব উপায়ে:
১. ত্বকের সাহায্যে শ্বাসক্রিয়া (কিউটেনিয়াস রেস্পিরেশন): এদের নরম ত্বক, মুখগহ্বর ও গলার ভেতরের আস্তরণে অসংখ্য রক্তজালিকা (ক্যাপিলারি) থাকে, যা বাতাস থেকে সরাসরি অক্সিজেন টেনে নিতে পারে। তবে এই প্রক্রিয়া চালু রাখতে শরীর ভেজা রাখা আবশ্যক। এ কারণে আর্দ্র কাদায় গড়াগড়ি দিয়ে এরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ছোটখাটো ডোবায় শরীর ডুবিয়ে শীতল রাখে।
২. ফুলকায় পানি জমিয়ে রাখা: দ্বিতীয় পদ্ধতিটি আরও সরাসরি। মাডস্কিপার জলাশয়ে গিয়ে বড় বড় ঢোক গিলে মুখে পানি জমিয়ে নেয়। অধ্যাপক গর্ডন জানান, এরা চোয়াল দিয়ে পানি টেনে ফুলকার ঢাকনা ফুলিয়ে রাখে এবং মুখভর্তি পানি নিয়ে ডাঙায় ঘুরে বেড়ায়, যা থেকে দীর্ঘ সময় অক্সিজেন সরবরাহ পায়।
পাখনার সাহায্যে হাঁটা ও লেজের লাফ
ডাঙায় চলাচলের জন্য মাডস্কিপার তাদের বুকপাখনা দুটিকে ক্ষুদ্র হাতের মতো ব্যবহার করে। এই পাখনায় মানুষের কনুই ও কাঁধের মতো খুদে সন্ধি (জয়েন্ট) থাকে। ফলে বুকডন দেওয়ার ভঙ্গিতে শরীরকে মাটির ওপর থেকে ঠেলে এরা এক পা এক পা করে সামনে এগিয়ে যায়। তাদের জ্ঞাতিগোষ্ঠী ‘গোবি’ মাছের মতো জলজ পূর্বপুরুষদের থেকেই এই পাখনার চলন বিবর্তিত হয়েছে।
শুধু হাঁটা নয়, নামের মতোই এরা কাদার ওপর আক্ষরিক অর্থেই লাফিয়ে চলে (স্কিপ করে)। লেজকে দ্রুত বাঁকিয়ে স্প্রিং বা লিভারের মতো ব্যবহার করে শরীরকে বাতাসে ছুড়ে দেয় এরা, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ‘সি-স্টার্ট’। মূলত পানিতে শিকারির হাত থেকে বাঁচার এই কৌশলটি ডাঙাতেও সমান দক্ষতায় কাজে লাগায় মাডস্কিপার।

চোখের পলক ফেলে যে মাছ!
বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে—সাবমেরিনের পেরিস্কোপের মতো। চোখ দুটি পরস্পরের ওপর নির্ভর না করে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরা মানুষের মতো চোখের পলক ফেলতে পারে!
স্বাভাবিকভাবে হাত-পা থাকা মেরুদণ্ডী প্রাণীদের বাইরে মাছের মধ্যে এমন বৈশিষ্ট্য বিরল। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (পিএনএএস)–এ প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, চোখ আর্দ্র রাখা, কাদামাটি পরিষ্কার করা এবং ধেয়ে আসা বস্তু থেকে চোখ বাঁচাতে এরা পলক ফেলে। মাডস্কিপার মূলত তাদের অক্ষিগোলক ভেতরে পানিভর্তি করোটির গহ্বরে টেনে নিয়ে এই পলক ফেলার কাজটি সারে।
গবেষণার সহলেখক ও সিটন হিল ইউনিভার্সিটির জীববিজ্ঞানী ব্রেট আইয়েলো বলেন, এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য এদের নতুন কোনো শারীরিক কাঠামোর দরকার পড়েনি; সাধারণ ছয়টি মাংসপেশি ব্যবহার করেই তারা এই জটিল কাজ করে দেখাচ্ছে। এটি আদি চতুষ্পদ প্রাণীদের ডাঙায় অভিযোজনের ধাপগুলো বুঝতে সাহায্য করে।

মাটির নিচে সুড়ঙ্গ ও নিবেদিতপ্রাণ পিতা
খাদ্য খোঁজার পাশাপাশি ভাটার সময়ে মাডস্কিপাররা মাটির নিচে গভীর ও জটিল সুড়ঙ্গ খুঁড়ে বাসা তৈরি করে। মুখ দিয়ে কাদা তুলে বাইরে ফেলে এরা এই সুড়ঙ্গ বানায়। এই সুড়ঙ্গগুলো শিকারি প্রাণীর হাত থেকে বাঁচতে এবং তীব্র রোদে শরীর ঠাণ্ডা রাখতে সহায়তা করে। তাছাড়া এদের ত্বকে বিশেষ রাসায়নিক উপাদান থাকে, যা প্রাকৃতিক সানব্লক বা রোদনিরোধক হিসেবে কাজ করে। জোয়ারের সময় সুড়ঙ্গে বাতাসের বুদ্বুদ জমিয়ে রেখে এরা অক্সিজেনের সংস্থান করে।
নিজেদের এলাকা দখলে রাখতে পুরুষ মাডস্কিপাররা হাঁ করে এবং পিঠের রঙিন পাখনা ছড়িয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে নাটকীয় লড়াইয়ে লিপ্ত হয়।
বিবিসির একটি তথ্যচিত্র দলের ইন্দোনেশিয়ার উজুং কুলন জাতীয় উদ্যানের অভিজ্ঞতা থেকে মাডস্কিপারের এক অনন্য পিতৃত্বের রূপ জানা যায়। প্রায় চার সেন্টিমিটার দৈর্ঘ্যের খুদে ‘ডাস্কি-গিল্ড মাডস্কিপার’দের ক্ষেত্রে দেখা যায়, ডিম পাড়ার পর মা মাছ চলে গেলেও পিতা মাডস্কিপার মাটির প্রায় ৩০ সেন্টিমিটার গভীরে থাকা ডিমের প্রকোষ্ঠ পাহারা দেয়। সেখানে অক্সিজেনের মারাত্মক ঘাটতি তৈরি হওয়ায় বাবা মাডস্কিপার সারাদিন ওপর থেকে মুখে করে তাজা বাতাস নিচে বয়ে নিয়ে যায়, যাতে ডিমগুলো দমবন্ধ হয়ে নষ্ট না হয়।
পানির প্রতি ভয় ও ‘ওয়াটার হপ’
মাডস্কিপারের অদ্ভুত স্বভাবের একটি হলো পানির প্রতি অনীহা। ইন্দোনেশিয়ার দ্বীপে ইন্দোনেশীয় বিজ্ঞানী ড. বামবাং রেতনোয়াজির সঙ্গে কাজ করার সময় বিবিসি দলটি লক্ষ্য করে, জোয়ারের পানি এড়াতে এরা আপ্রাণ চেষ্টা করে এবং ডুবন্ত অবস্থা এড়িয়ে চলে। ২০২০ সালে ড. বামবাং ও তার দল মাডস্কিপারের আরেকটি অনন্য চলন আবিষ্কার করেন—‘ওয়াটার হপ’।এরা শান্ত পানির ওপর চ্যাপ্টা পাথরের মতো লাফিয়ে লাফিয়ে পার হতে পারে।
সুন্দরবনের বুকেও এদের বিচরণ
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জলজ প্রাণীদের অন্যতম প্রধান আকর্ষণ এই মাডস্কিপার। সুন্দরবনের নদী ও খাঁড়ির কর্দমাক্ত তীরে মূলত ‘পেরিওপথালমাস’ ও ‘বোলিওপথালমাস’ প্রজাতির মাডস্কিপার মাছ দেখা যায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরীর গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন হলো উৎপাদনশীল ম্যানগ্রোভের একক বৃহত্তম খণ্ড। বাংলাদেশ অংশে সুন্দরবন সংরক্ষিত বনের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। এ বনে ৩৩৩ প্রজাতির উদ্ভিদ, ৪০০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির স্থানীয় পাখি, ৪৫ প্রজাতির পরিযায়ী পাখি, ৩৫ প্রজাতির উভচর এবং ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এই বিশাল জীববৈচিত্র্যের মধ্যেও মাডস্কিপার এক স্বতন্ত্র স্থান দখল করে আছে।

বিবর্তনের জীবন্ত পাঠ
অধ্যাপক ম্যালকম এস গর্ডনের মতে, প্রকৃতির চলমান বিবর্তন প্রক্রিয়ার জীবন্ত গবেষণাগার হলো এই মাডস্কিপার। মানবজাতি যদি জলবায়ু পরিবর্তনের লাগাম টানতে ব্যর্থ হয় এবং এর ফলে স্থলভাগের গুরুত্বপূর্ণ পরিবেশ ও প্রাণিকুল বিলুপ্ত হয়ে শূন্যতা তৈরি হয়, তবে হয়তো টিকে থাকা এসব উভচর মাছের হাত ধরেই ডাঙায় নতুন কোনো প্রাণের অভিযোজন শুরু হতে পারে।
ডিসকভার ম্যাগাজিন, বিবিসি ও বিএসএস অবলম্বনে ভাষান্তর করেছেন ভূঁইয়া শফি।