আফসানা নীলা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৫:০৭ পিএম
ছবি - আফসানা মিমি এবং মাশফি ও এশা (ছবি : মনজু আলম)
স্কিন কেয়ারের ক্ষেত্রে দীর্ঘ রুটিন বা বেশি পণ্য ব্যবহার করাই যে ভালো ফলের নিশ্চয়তা নয়, তা বোঝা জরুরি। বরং ত্বকের ধরন, পরিবেশ, আবহাওয়া এবং নির্দিষ্ট সমস্যার ওপর নির্ভর করে যত্নের ধরন ঠিক করা উচিত।
স্কিন কেয়ার মানেই কি অনেক পণ্য
ত্বকের যত্নের কথা উঠলেই অনেকের মনে ভেসে ওঠে ধাপে ধাপে নানা পণ্য ব্যবহারের ছবি। ক্লিনজার, টোনার, এসেন্স, সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিনÑ প্রতিটি ধাপের জন্য আলাদা পণ্য ব্যবহার করাকেই যেন আদর্শ স্কিন কেয়ার রুটিন হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে এক্সফোলিয়েটর, রেটিনল, ভিটামিন সি, নিয়াসিনামাইডসহ বিভিন্ন সক্রিয় উপাদানযুক্ত প্রসাধনীর ব্যবহার। কিন্তু বাস্তবে ত্বকের যত্নের জন্য সব পণ্য একসঙ্গে ব্যবহার করা জরুরি নয়।
ত্বকের ধরন, বয়স, পরিবেশ, আবহাওয়া, জীবনযাপন এবং নির্দিষ্ট সমস্যার ওপর নির্ভর করে ত্বকের যত্নের প্রয়োজনীয়তা। কারও ত্বক তৈলাক্ত, কারও শুষ্ক, আবার কারও ত্বক সংবেদনশীল। একই পণ্য একজনের ত্বকে ভালো কাজ করলেও অন্যজনের ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। তাই অন্যের ব্যবহৃত পণ্য দেখে বা জনপ্রিয় কোনো উপাদানের নাম শুনে নিজের রুটিনে তা যুক্ত করার আগে ত্বকের প্রয়োজন বোঝা জরুরি।

স্কিপ কেয়ার কী
স্কিপ কেয়ার বলতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত পণ্যের ব্যবহার কমিয়ে আনা এবং ত্বকের প্রয়োজন অনুযায়ী যত্ন নেওয়াকে বোঝানো হয়। জটিল রুটিনের পরিবর্তে প্রয়োজনীয় কয়েকটি ধাপ অনুসরণ করা এবং ত্বকে অস্বস্তি দেখা দিলে অতিরিক্ত সক্রিয় উপাদানযুক্ত পণ্যের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার একটি সচেতন পদ্ধতি এটি।
অনেক সময় ত্বক ভালো রাখার আশায় আমরা একের পর এক নতুন পণ্য ব্যবহার করি। একটি পণ্য প্রত্যাশিত ফল না দিলে দ্রুত আরেকটি পণ্য যুক্ত করি। অথচ বেশিরভাগ স্কিন কেয়ার পণ্যের ফল বুঝতে সময় প্রয়োজন। বারবার পণ্য পরিবর্তন করা কিংবা একসঙ্গে অনেক ধরনের সক্রিয় উপাদান ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
কখন ত্বককে বিরতি দেওয়া প্রয়োজন
ত্বকের যত্নের রুটিনে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা বোঝার জন্য ত্বকের প্রতিক্রিয়ার দিকে নজর রাখা জরুরি। কোনো পণ্য ব্যবহারের পর ত্বকে টানটান অনুভূতি, অতিরিক্ত শুষ্কতা, লালচে ভাব, জ্বালাপোড়া বা খোসা ওঠার মতো সমস্যা দেখা দিলে সেটি উপযুক্ত কি না, তা বিবেচনা করতে হবে। বিশেষ করে এক্সফোলিয়েটিং অ্যাসিড, রেটিনল বা অন্যান্য সক্রিয় উপাদানযুক্ত পণ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
ত্বকের সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে ত্বক আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা হারাতে পারে এবং বাইরের উপাদানের প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। ফলে আগে যে পণ্য ব্যবহার করে কোনো সমস্যা হতো না, সেটিও তখন জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে নতুন পণ্য যোগ করার পরিবর্তে রুটিন সহজ করা এবং ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সুযোগ দেওয়া বেশি যুক্তিসংগত।
তবে প্রতিটি ব্রণ, শুষ্কতা বা লালচে ভাবের কারণ অতিরিক্ত স্কিন কেয়ার নয়। আবহাওয়ার পরিবর্তন, হরমোনের ওঠানামা, অ্যালার্জি কিংবা অন্য ত্বকজনিত সমস্যার কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে। তাই সমস্যার কারণ না জেনে সব পণ্য বন্ধ করে দেওয়া বা নিজের মতো করে নতুন চিকিৎসা শুরু করা ঠিক নয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে, বাড়তে থাকলে কিংবা তীব্র অস্বস্তি তৈরি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কোন পণ্যগুলো সাময়িকভাবে কমানো যায়
ত্বকে অস্বস্তি দেখা দিলে প্রথমেই রুটিনে ব্যবহৃত পণ্যগুলোর তালিকা পর্যালোচনা করা প্রয়োজন। একসঙ্গে একাধিক এক্সফোলিয়েটর, রেটিনল, শক্তিশালী অ্যাকটিভ উপাদানযুক্ত সিরাম কিংবা স্ক্রাব ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া ও শুষ্কতার ঝুঁকি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় সক্রিয় উপাদানযুক্ত পণ্য ও স্ক্রাব সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে।
বিশেষ করে গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড বা অন্যান্য এক্সফোলিয়েটিং উপাদান ব্যবহারের ক্ষেত্রে ত্বকের সহনশীলতা বিবেচনা করতে হবে। একই সঙ্গে একাধিক অ্যাকটিভ ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়া এবং ব্যবহারের নির্দেশনা অনুসরণ করা ভালো। তবে সব অ্যাকটিভ উপাদান ক্ষতিকর নয়, আবার সব পণ্য একসঙ্গে বন্ধ করাও প্রয়োজনীয় নয়। সঠিক পণ্য, সঠিক মাত্রা ও ব্যবহারের উপযুক্ত ব্যবধান বজায় রাখলে অনেক সক্রিয় উপাদানই ত্বকের জন্য উপকারী হতে পারে।
বাস্তব জীবনে স্কিপ কেয়ার : রুটিন হবে কেমন
স্কিপ কেয়ারকে বাস্তবে অনুসরণ করতে হলে প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে ছোট কিছু পরিবর্তন আনাই যথেষ্ট। যেমনÑ একজন ব্যক্তি সকালে ক্লিনজার, টোনার, ভিটামিন সি সিরাম, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করেন। রাতে আবার ক্লিনজারের পর রেটিনল, এক্সফোলিয়েটিং সিরাম ও নাইট ক্রিম ব্যবহার করেন। এই রুটিনে যদি ত্বকে অতিরিক্ত শুষ্কতা, জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দেয়, তাহলে প্রথমেই আরও নতুন পণ্য যোগ করার পরিবর্তে ব্যবহৃত পণ্যগুলোর প্রয়োজনীয়তা পর্যালোচনা করা উচিত।
বাংলাদেশের আবহাওয়ায় কেমন হবে যত্ন
বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘাম, তৈলাক্ততা ও ধুলাবালির কারণে অনেকেই বারবার মুখ পরিষ্কার করেন কিংবা একাধিক পণ্য ব্যবহার করেন। অথচ অতিরিক্ত পরিষ্কার করাও ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। তাই ত্বকের উপযোগী মৃদু ক্লিনজার ব্যবহার করা এবং মুখ ধোয়ার পর ত্বকে অতিরিক্ত টানটান অনুভূতি হচ্ছে কি না, তা খেয়াল রাখা জরুরি।

গরমে অনেকের ত্বক তৈলাক্ত হয়ে ওঠে। এ সময় ভারী প্রসাধনী বা একের পর এক স্তরে পণ্য ব্যবহারের পরিবর্তে হালকা, ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার বেছে নেওয়া যেতে পারে। তবে তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজারের প্রয়োজন হতে পারে। ত্বক তৈলাক্ত বলে ময়েশ্চারাইজার পুরোপুরি বাদ দিলে কারও কারও ক্ষেত্রে শুষ্কতা বা অস্বস্তি বাড়তে পারে।
অন্যদিকে শীতকালে বা শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘ সময় থাকলে ত্বক বেশি শুষ্ক হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার গুরুত্বপূর্ণ।
দিনের বেলায় বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি মানের ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা এবং দীর্ঘ সময় বাইরে থাকলে নির্দেশনা অনুযায়ী পুনরায় লাগানো জরুরি।
সহজ রুটিনেই ফিরুক ত্বকের স্বস্তি
স্কিপ কেয়ারের সময় ত্বকের যত্ন পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং ত্বকের মৌলিক প্রয়োজন পূরণ করে এমন সহজ একটি রুটিন অনুসরণ করা যেতে পারে। সাধারণভাবে মৃদু ক্লিনজার, ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার এবং দিনের বেলায় ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন হতে পারে এই রুটিনের ভিত্তি।
সকালে ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগিয়ে নিন। ত্বক খুব শুষ্ক না হলে সকালে শুধু পানি দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন।
সানস্ক্রিন, মেকআপ ও জমে থাকা ময়লা পরিষ্কার করতে রাতে মাইসেলার ওয়াটার দিয়ে ত্বক পরিষ্কার করে ক্লিনজার ব্যবহার করুন। এরপর লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। ত্বকে অস্বস্তি থাকলে স্ক্রাব, এক্সফোলিয়েটিং অ্যাসিড বা অন্যান্য সক্রিয় উপাদানযুক্ত পণ্য সাময়িকভাবে এড়িয়ে চলুন।
ত্বকের অস্বস্তি কমে গেলে আগের সব পণ্য একসঙ্গে আবার ব্যবহার শুরু না করে প্রয়োজনীয় পণ্যগুলো ধীরে ধীরে রুটিনে ফিরিয়ে আনুন। নতুন পণ্য যোগ করার ক্ষেত্রে একবারে একটি পণ্য ব্যবহার করে ত্বকের প্রতিক্রিয়া দেখা ভালো। এতে কোন পণ্য ত্বকের সঙ্গে মানানসই, তা বোঝা সহজ হয়।
এক্সপার্ট সাজেশন
স্কিপ কেয়ার কেন জরুরি, কীভাবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এসব নানা বিষয় নিয়ে জানিয়েছেন লাবেলেজা ডিফাইন্ড বাই সাদিয়া এর প্রতিষ্ঠাতা সাদিয়া আফরোজ।

কেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্কিপ কেয়ার?
আমার মনে হয়, মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ত্বক সম্পর্কে সচেতন। সবাই এখন মেকআপ করার চেয়ে নিজের ত্বক ভালো রাখার দিকে বেশি আগ্রহী। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্কিন কেয়ার নিয়ে অনেক কিছু জানার সুযোগ হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে স্কিন এর সঠিক যত্ন নেওয়া কত জরুরি। ত্বক যত ভালো থাকবে, বয়সের ছাপ তত দেরিতে পড়বে। কে না চায় নিজের ত্বক উজ্জ্বল আর তারুণ্যদীপ্ত থাকুক? আমার মনে হয়, এই সচেতনতাই স্কিপ কেয়ার জনপ্রিয় হওয়ার অন্যতম একটা কারণ।
স্কিনকেয়ার রুটিনে বারবার পরিবর্তন আনলে কী কী ধরনের সমস্যা হতে পারে?
বারবার স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করলে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে। একটা পণ্য ত্বকে কাজ করার জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন। কিন্তু আমরা যদি কিছুদিন পর পর পণ্য বদলাই, তাহলে সেটি আসলে কাজ করছে কি না, সেটা বোঝার সুযোগ পাওয়া যাবে না। উল্টো একসঙ্গে অনেক নতুন পণ্য ব্যবহার করলে ত্বকে র্যাশ হওয়া, ব্রণ হওয়া বা ত্বকের সুরক্ষা স্তরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে এমন পণ্য বুঝেশুনে ব্যবহার করা উচিত। তাই ট্রেন্ড ফলো করে বারবার পণ্য না বদলে নিজের ত্বকের প্রয়োজন বুঝে একটা রুটিন মেনে চলা ভালো।
কেন ত্বকের যত্নে মাঝে মাঝে বিরতি দেওয়া প্রয়োজন?
নিয়মিত স্কিন কেয়ার রুটিনে মাঝে মাঝে একটু বিরতি দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা অনেক সময় ত্বকের যত্ন নিতে গিয়ে একসঙ্গে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে ফেলি, কিন্তু ত্বকেরও নিজস্ব সুস্থতার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। তাই সপ্তাহে অন্তত একদিন অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার না করে শুধু সাধারণ যত্ন, যেমনÑ ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো। এতে ত্বকের প্রতিরক্ষামূলক স্তর সুস্থ থাকে এবং অতিরিক্ত পণ্য ব্যবহারের ফলে ত্বকে জ্বালাভাব বা সংবেদনশীলতা বাড়ার ঝুঁকিও কমে। স্কিন কেয়ার মানে কেবল প্রোডাক্ট ব্যবহার করা নয়, ত্বককে প্রয়োজনমতো বিশ্রাম দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
কম পণ্য ব্যবহার করেও কীভাবে ত্বক ভালো রাখা যায়?
স্কিন কেয়ারে প্রোডাক্টের পরিমাণের চেয়ে সঠিক প্রোডাক্ট নির্বাচন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি বুঝতে পারি আমার ত্বকের ঠিক কী প্রয়োজন- ত্বক তৈলাক্ত না শুষ্ক, পর্যাপ্ত হাইড্রেশন দরকার নাকি নির্দিষ্ট কোনো ত্বকের সমস্যা রয়েছে, তবে সেই অনুযায়ী উপযুক্ত প্রোডাক্ট বেছে নেওয়া সম্ভব। ক্লিনজার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন নিয়ে একটি সাধারণ বেসিক রুটিন মেনে চললেও দারুণভাবে ত্বকের যত্ন নেওয়া সম্ভব। বরং প্রয়োজন ছাড়া অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে জ্বালাভাব বা ইরিটেশন হতে পারে। তাই আমার মতে, অনেক প্রোডাক্ট ব্যবহারের চেয়ে কম প্রোডাক্ট দিয়ে ত্বকের প্রয়োজন অনুযায়ী সঠিক যত্ন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।