× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটোলের বাহার

আসফিয়া সায়মা সুলতানা মুমু

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৫:০০ পিএম

পটোলের বাহার

পটোলের বাহার

বাজারে খুবই পরিচিত একটি সবজি হচ্ছে পটোল। প্রায় সব বাড়িতেই পটোল নিয়মিত খাওয়া হয়। সবজিটি দিয়ে ভাজি বা তরকারি ছাড়াও যে ভিন্নধর্মী ও মজাদার আরও রেসিপি তৈরি করা যায় সে সম্পর্কে জানিয়েছেন আসফিয়া সায়মা সুলতানা মুমু

ঝাল ঝাল ভর্তা

যা যা লাগবে

পটোলের খোসা ১ কাপ, চিংড়ির মাথা ও খোসা ১/২ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, রসুন কোয়া ৮-১০টি, শুকনা মরিচ ৪-৫টি, কাঁচামরিচ ৩-৪টি, হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন 

একটি প্যানে পটোলের খোসা সামান্য পানি, চিমটিখানি হলুদ গুঁড়ো ও অল্প লবণ দিয়ে ৩-৪ মিনিট সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। একই প্যানে সামান্য তেল দিয়ে পরিষ্কার করা চিংড়ির মাথাগুলো লালচে ও মচমচে করে ভেজে তুলে রাখুন। এরপর প্যানে আরেকটু তেল দিয়ে শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন ও পেঁয়াজ কুচি হালকা লালচে করে ভেজে নিন। ভেজে রাখা শুকনা মরিচ, রসুন ও লবণ একসঙ্গে বেটে নিয়ে চিংড়ির মাথা, পটোলের খোসা ও ভাজা পেঁয়াজ দিয়ে আবারও মিহি করে বেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। 

পটোল দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল

যা যা লাগবে

দেশি মুরগির মাংস ৫০০ গ্রাম (ছোট বা মাঝারি টুকরো করা), পটোল ৪-৫টি (খোসা সামান্য ছ্যাঁচে দুই খণ্ড করে কাটা), আলু ২-৩টি (ডুমো করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, জিরা বাটা (বা গুঁড়ো) ১ চা চামচ, ধনে-মরিচ ও হলুদ গুঁড়ো ১ চা চামচ করে, গোট মসলা এলাচ ৩-৪টি, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ২টা, মেথি ফোঁড়ন ১/৪ চা চামচ (ঐচ্ছিক, সুন্দর ঘ্রাণের জন্য), ভাজা জিরার গুঁড়ো ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ৪-৫ টেবিল চামচ।

যেভাবে বানাবেন 

কেটে রাখা আলু ও পটোলে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে পটোল ও আলুগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই গরম মসলা ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর সব বাটা মসলা গুঁড়ো সামান্য পানি দিয়ে এক সঙ্গে মিশিয়ে কড়াইয়ে কষিয়ে নিন। কষানো মসলায় মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভালো করে কষাতে থাকুন। মাংসের তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু ও পটোল দিয়ে আরও ৩-৪ মিনিট নাড়াচাড়া করুন। এবার পরিমাণমতো গরম পানি ঝোল হিসেবে দিয়ে দিন। ঢাকনা দিয়ে হালকা আঁচে মাংস, আলু ও পটোল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

ডিমের পুর ভরা পটোলের দোলমা
যা যা লাগবে 
পটোল ৬-৭টি, ডিম ৩টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ৩-৪টি, রসুন ও আদা বাটা ১/২ চা চামচ করে, হলুদ-মরিচ-জিরা ও ধনে গুঁড়ো ১ চা চামচ করে, গরম মসলা গুঁড়ো ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, তেল।


যেভাবে বানাবেন
পটোলের খোসা সম্পূর্ণ ছাড়িয়ে এক পাশের মাথার অংশ সামান্য কেটে ভেতরের বীজ ও শক্ত অংশ চামচের পেছনের দিক দিয়ে সাবধানে বের করে ফাঁপা করে নিন। সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে পটোলগুলো হালকা লালচে করে তেলে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এবার বাটা ও গুঁড়ো মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষে এলে বাটিতে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে ডিম অনবরত নাড়তে থাকুন, যাতে ডিম ছোট ছোট ভুরি বা কুচি হয়ে মগজের ভুনা স্টাইলে তৈরি হয়। কাঁচামরিচ কুচি ও নামানোর আগে সামান্য গরম মসলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন। পুরটি কিছুটা ঠান্ডা হতে দিন। এবার ভেজে রাখা পটোলের ভেতরে চামচ বা হাতের সাহায্যে ডিমের ভুনা পুর চেপে চেপে পুরে এপিঠ-ওপিঠ করে আরও ২-৩ মিনিট হালকা আঁচে ভেজে তুলে নিলেই তৈরি সুস্বাদু ডিমের পুর ভরা পটোলের দোলমা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা