× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুড়িতে অ্যালার্জি

তাছলিম সিদ্দিক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:৫৩ পিএম

চুড়িতে অ্যালার্জি

চুড়িতে অ্যালার্জি

উৎসব, বিয়ে কিংবা প্রতিদিনের সাজে চুড়ি আমাদের নারীদের সাজের অবিচ্ছেদ্য অংশ। কাচ, ধাতু বা প্লাস্টিকের রঙিন চুড়ি হাতের শোভা বাড়ায়। কিন্তু অনেকের কাছে এই সাজই হয়ে ওঠে অস্বস্তির কারণ। চুড়ি পরার কিছুক্ষণ পর বা পরদিন হাতে চুলকানি, লালচে ভাব কিংবা র‍্যাশ দেখা দেয়। এটিই চুড়ির অ্যালার্জি, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একধরনের কনট্যাক্ট ডার্মাটাইটিস।

এই সমস্যার প্রধান কারণ হলো ধাতু। বিশেষ করে নিকেল নামের ধাতুটি সবচেয়ে বেশি অ্যালার্জি ঘটায়। সস্তা গয়না, নকল গিল্টি করা চুড়ি ও ইমিটেশনে এই ধাতু প্রচুর ব্যবহার করা হয়। এ ছাড়া তামা, কোবাল্ট ও ক্রোমিয়ামও অনেকের ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করে। চুড়ির গায়ে লাগানো রঙ, বার্নিশ কিংবা আঠাও অনেক সময় অ্যালার্জির উৎস হয়। আবার ঘাম ও আর্দ্রতা ধাতুর সঙ্গে মিশে ত্বকে বেশি সংস্পর্শ তৈরি করে, ফলে গরম ও আর্দ্র আবহাওয়ার বাংলাদেশে সমস্যাটি আরও বাড়ে।

অ্যালার্জির লক্ষণ

অ্যালার্জির লক্ষণগুলো সহজেই চেনা যায়। চুড়ি যেখানে ত্বক ছুঁয়ে থাকে সেখানে চুলকানি ও লালচে ভাব দেখা দেয়। কখনও ছোট ছোট ফুসকুড়ি বা পানিভর্তি দানা ওঠে। ত্বক শুষ্ক, খসখসে ও ফাটা ফাটা হয়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে জ্বালাপোড়া ও ফোলাভাবও থাকে। চুলকাতে চুলকাতে ত্বক ছিঁড়ে গেলে সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়।

ভালো থাকার উপায় 

উপাদান দেখে কেনা : চুড়ি কেনার সময় উপাদান দেখে নিন। সোনা, রুপা, স্টেইনলেস স্টিল ও টাইটানিয়ামের গয়না তুলনামূলক নিরাপদ। যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা ‘নিকেল-ফ্রি’ বা ‘হাইপোঅ্যালার্জেনিক’ লেখা গয়না বেছে নিতে পারেন। কাচের চুড়িও সাধারণত নিরাপদ, তবে এর কিনারায় লাগানো রঙ বা চকচকে সাজ অনেক সময় সমস্যা করে।

নেইলপলিশের পাতলা প্রলেপ : চুড়ির ভেতরের অংশে স্বচ্ছ নেইলপলিশের পাতলা প্রলেপ দিয়ে নিতে পারেন। এতে ধাতু ও ত্বকের সরাসরি সংস্পর্শ কমে। তবে কয়েক দিন পরপর প্রলেপ নতুন করে দিতে হবে। এ ছাড়া চুড়ি পরার আগে হাতে হালকা পাউডার বা ময়েশ্চারাইজার লাগালে ঘর্ষণ ও ঘাম কিছুটা কমে।

দীর্ঘ সময় চুড়ি পরে না থাকা : দীর্ঘ সময় ধরে চুড়ি পরে থাকবেন না। বিশেষ করে গরমে বা ঘামে ভেজা অবস্থায় চুড়ি খুলে রাখুন। হাত ধোয়ার পর বা গোসলের পর ত্বক ও চুড়ি দুটোই ভালো করে শুকিয়ে নিন, কারণ ভেজা ত্বকে অ্যালার্জি বেশি হয়। নিয়মিত চুড়ি পরিষ্কার রাখাও জরুরি, কারণ ময়লা ও ঘাম জমলে জ্বালা বাড়ে।

ঠান্ডা পানির ব্যবহার : অ্যালার্জি দেখা দিলে সঙ্গে সঙ্গে চুড়ি খুলে ফেলুন। আক্রান্ত স্থান হালকা সাবান ও ঠান্ডা পানিতে ধুয়ে নিন। ঠান্ডা সেঁক দিলে চুলকানি ও জ্বালা কমে। চুলকাবেন না, কারণ এতে ক্ষত ও সংক্রমণ হতে পারে। হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আবার আরাম পায়। কয়েক দিনেও না কমলে, ফোসকা বা পুঁজ হলে কিংবা র‍্যাশ ছড়িয়ে পড়লে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনে প্যাচ টেস্টের মাধ্যমে কোন ধাতুতে আপনার অ্যালার্জিÑ তা নির্ণয় করতে পারেন। নিজে নিজে স্টেরয়েড ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকুন। একটি কথা মনে রাখা দরকার, একবার কোনো ধাতুতে অ্যালার্জি হলে তা সাধারণত দীর্ঘদিন থেকে যায়। তাই কারণ চিনে সেই উপাদান থেকে দূরে থাকাই সবচেয়ে কার্যকর উপায়।

অ্যালার্জি থেকে বাঁচার উপায় 

ঘরোয়া উপাদান : স্টেরয়েড জাতীয় ক্রিম লাগালে সাময়িকভাবে র‌্যাশ বা ফুসকুড়ি সেরে যায়। তবে পরে তা আবার হতে পারে। স্টেরয়েডের বেশি ব্যবহারে ত্বকের ক্ষতিও হয়। তাই ঘরোয়া কিছু উপায়ে ভরসা রাখা ভালো।

ল্যাভেন্ডার তেল ত্বকের জ্বালা, চুলকানি, র‌্যাশ দূর করতে পারে। এক কাপ পানিতে ৫-৬ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তুলোয় করে র‌্যাশের জায়গায় লাগিয়ে রাখুন। এতে জ্বালা-চুলকানি অনেক কমে যাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা