লাবিবা ইরম
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:৫০ পিএম
পুরনো কুর্তিতে নতুন কিছু
আলমারি গোছাতে গিয়ে চোখে পড়ল নিজের একটা প্রিয় কুর্তি, যেটা আর কোনোভাবেই গায়ে হবে না। অথবা কিছু জায়গায় রঙ জ্বলে গেছে, বাইরে পরা সম্ভব নয়। কিন্তু ফেলে দিতেও মন কেমন করছে। আলমারিতে রাখলেও জায়গা নিচ্ছে। কী করা যায়? করা যায় অনেক কিছু। পুরনো একটা কুর্তি দিয়েই বানিয়ে ফেলতে পারেন নানা জিনিস, লাগাতে পারেন নানা কাজে। আসুন, দেখি নিই পুরনো কুর্তিকে কীভাবে নতুন এক রূপ দিতে পারেন।
কুর্তি যখন ব্যাগ : পুরনো কুর্তির সবচেয়ে সহজ দ্বিতীয় জীবন হতে পারে একটি ব্যাগ। সুতি কুর্তির কাপড় দিয়ে বানানো যায় টোট, ছোট ঝোলা, পার্স ব্যাগ, কয়েন ব্যাগ কিংবা বটুয়া। সামনের ব্লক প্রিন্ট, বাটিক বা এমব্রয়ডারিই হতে পারে ব্যাগের মূল আকর্ষণ। কুর্তির পকেটটিও রেখে দেওয়া যায়, যা নতুন ব্যাগে চাবি, কার্ড বা ছোটখাটো জিনিস রাখার কাজে আসবে। কাপড়ের ছোট টুকরোও ফেলে দেওয়ার দরকার নেই, সেগুলো দিয়ে বানানো যায় ছোট পাউচ বা মানিব্যাগ। দর্জির সাহায্যে সহজেই পুরনো কুর্তির নতুন রূপ দেওয়া যায়। এ ছাড়া ইউটিউবের টিউটরিয়াল দেখে নিজেও বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন।
ছোট্ট কুশন, বড় স্মৃতি : কুর্তিটা যদি এমন কোনো পোশাক হয়, যার সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে, তাহলে সেটিকে কুশন কভারে রূপ দেওয়া যেতে পারে। ধরুন, প্রিয়জনের দেওয়া কুর্তি। এখন আর পরা হয় না, কিন্তু ফেলে দিতেও মন চায় না। কুর্তির বুকের সুন্দর অংশ, প্রিন্ট বা কাজটুকু রেখে কুশনের সামনের অংশ বানানো যায়। পেছনে অন্য কোনো কাপড় ম্যাচ করে দিলে সুন্দর লাগবে। একইভাবে অনেকগুলো পুরনো কুর্তির ছোট ছোট অংশ কেটে প্যাচওয়ার্ক কুশনও বানানো যায়। স্টাইলের পাশাপাশি প্রতিটি কাপড়ের টুকরো হয়ে উঠতে পারে জীবনের আলাদা কোনো সময়ের স্মৃতি।
কুর্তির হাতা দিয়ে হেয়ার অ্যাক্সেসরিজ : হাতার কাপড় বা ছোট করে টুকরা কেটে নিয়ে বানানো যায় হেয়ার স্ক্রাঞ্চি, হেয়ার ব্যান্ড কিংবা ছোট ফ্যাব্রিক বো। একই রঙের বা কাছাকাছি রঙের কয়েকটি পুরনো কুর্তি থাকলে সেগুলোর কাপড় মিলিয়ে আরও সুন্দর ডিজাইন করা যায়। এ ক্ষেত্রে ছোট একটি বিষয় মাথায় রাখা দরকার। কাপড় খুব পাতলা হলে ভেতরে অন্য আরেকটি কাপড় দিলে হেয়ার অ্যাক্সেসরিজগুলো বেশি মজবুত হবে।
টেবিল রানার বা প্লেসম্যাট : একই ধরনের কয়েকটি পুরনো কুর্তি থাকলে সেগুলোর কাপড় কেটে জোড়া দিয়ে টেবিল রানার বানানো যায়। আবার একটু ছোট করে কেটে চারপাশে বর্ডার দিয়ে তৈরি করা যায় প্লেসম্যাট। এখানে কুর্তি প্রিন্টের হলে সুবিধা হয় সবচেয়ে বেশি। আলাদা করে কাপড়ের ডিজাইন করার প্রয়োজন নেই। পুরনো পোশাকের নকশাই নতুন টেবিলের সাজ হয়ে যাবে। আর যদি কাপড়টি খুব নরম হয়, নিচে অন্য একটি মোটা কাপড় লাগিয়ে নিলে রানার বা প্লেসম্যাটটি একটু ভারী হবে। তাহলে ব্যবহার করতে সুবিধা হবে।
দেয়ালে ঝুলুক পুরনো কুর্তির গল্প : সব পুরনো কাপড়কে ব্যবহারিক জিনিসে পরিণত করতে হবে, এমনও নয়। সুন্দর কোনো কুর্তির প্রিন্ট, কারুকাজ বা হাতের কাজ থাকলে সেটিকে ফ্রেম করে দেয়ালে ঝুলিয়েও রাখা যায়। বিশেষ কোনো পোশাক হলে সেটা আরও স্পেশাল। হয়তো মায়ের পুরনো কুর্তি, প্রথম চাকরির সময়ের কোনো পোশাক, কিংবা কোনো প্রিয় মানুষের দেওয়া কুর্তি। কাপড়টি আর শরীরে না থাকলেও তার একটা অংশ ঘরের স্মৃতিতে থেকে যাবে।
পোষা প্রাণীর জন্য খেলনা আর বালিশ : ঘরে পোষা কুকুর বা বিড়াল আছে? পুরনো কুর্তির নরম কাপড় দিয়ে তাদের জন্য ছোট খেলনা বানানো যায়। কাপড় কেটে মাছ, ইঁদুর বা বলের মতো আকৃতি দিয়ে সেলাই করে তুলা বা পুরনো কাপড়ের টুকরো দিয়ে ভরাট করা যায়। তবে এখানে সাবধানতা জরুরি। খেলনায় কোনো ঢিলা সুতা, সহজে খুলে যায় এমন বোতাম, পুঁতি বা ধারালো অংশ রাখা যাবে না। বিড়াল খেলনার অংশ কামড়ে বা গিলে ফেলতে পারে। এ ছাড়া কাপড় কেটে, তুলা ভরে তাদের জন্য ছোট ছোট বালিশ, বিছানাও বানাতে পারেন। পরিচিত গন্ধ থাকা কাপড় অনেক পোষা প্রাণীর কাছে আরামদায়ক লাগতে পারে, তাই পুরনো কুর্তির এমন ব্যবহারও করা যায়।
পুরনো জামা থেকে নতুন পোশাক : কুর্তির কতটা অংশ ভালো আছে সেটা বিবেচনা করে কুর্তি থেকে ব্লাউজ, ফ্রন্ট ওপেন শ্রাগ ও বানানো যেতে পারে। আবার বড় জামা থেকে কেটে ছোটদের ফ্রক বানানো যেতে পারে। এ ছাড়া কয়েকটা কুর্তির কাপড় নিয়ে প্যাচওয়ার্ক লেস বানিয়ে শাড়ি, জামা, ওড়নায় ডিজাইন করা যেতে পারে।
ফেলে দেওয়ার আগে একবার ভাবুন : পুরনো পোশাক নিয়ে ভাবার সময় একটা বিষয় মনে রাখা দরকার, সব কাপড়ই যে কোনো কাজে ব্যবহার করা যাবে, এমন নয়। খুব বেশি ছেঁড়া, পচে যাওয়া বা ছত্রাকযুক্ত কাপড় নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব না-ও হতে পারে। আবার সিনথেটিক কাপড়ের ক্ষেত্রে পোশাকের ধরন অনুযায়ী ব্যবহার ঠিক করতে হবে।
তবে ব্যবহারযোগ্য কাপড় হলে সরাসরি ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে দ্বিতীয় জীবন দেওয়ার চেষ্টা করা যায়। এতে পৃথিবীর টেক্সটাইল বর্জ্য সমস্যার সমাধান হবে না ঠিকই, তবে একটি পোশাকের জীবনটা আরেকটু বাড়বে।