সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে (SATA) দুটি মর্যাদাপূর্ণ সিলভার অ্যাওয়ার্ড জিতলো মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আতিথেয়তা (হসপিটালিটি) খাতের ঝুলিতে যুক্ত হলো আরেক অনন্য গৌরবময় অর্জন। বিখ্যাত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (SATA) ২০২৬-এ দুটি সম্মানজনক সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে 'মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট'। প্রতিষ্ঠানটি "লিডিং ফ্যামিলি হোটেল অ্যান্ড রিসোর্ট" এবং "লিডিং ওয়েডিং হোটেল অ্যান্ড রিসোর্ট"—এই দুই বিভাগে এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
গত ৭ ও ৮ অক্টোবর, ২০২৬ মালদ্বীপের মালেতে অবস্থিত 'বার্সেলো নাসান্ধুরা মালে হোটেল'-এ এক জমকালো আয়োজনের মাধ্যমে এই পুরষ্কার হস্তান্তর করা হয়। দক্ষিণ এশীয় পর্যটন অঙ্গনে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দুটি সিলভার অ্যাওয়ার্ড অর্জন বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
মালদ্বীপে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জোসেফ লিন্টন গোমেজ, অপারেশনস ম্যানেজার মো: রাকিবুল ইসলাম, ফাইনান্সিয়াল কন্ট্রোলার সিরাজুল ইসলাম ও অন্যান্যরা।
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে (SATA) মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টের জয়যাত্রার এটি টানা পঞ্চম বছর (২০২২-২০২৬)। বিশেষত, ২০২৫ এবং ২০২৬—টানা দুই বছর দুটি ভিন্ন ক্যাটাগরিতে জোড়া আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি তাদের মানসম্মত সেবা ও শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে।
উচ্ছ্বাস প্রকাশ করে মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টের অপারেশনস ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম বলেন, "SATA ২০২৬-এ দুটি সিলভার অ্যাওয়ার্ড অর্জন আমাদের রিসোর্টের পাশাপাশি সমগ্র বাংলাদেশের জন্য বিশ্বমঞ্চে এক পরম গৌরব ও আনন্দের মুহূর্ত। টানা পাঁচ বছর ধরে পরিবার ও বিয়ের আয়োজনের জন্য দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানগুলোতে অন্যতম হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং অতিথিদের সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।"
মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জোসেফ লিন্টন গোমেজ বলেন, মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের অন্যতম সেরা ও বিলাসবহুল হসপিটালিটি ডেস্টিনেশন। বিশ্বমানের আবাসন ব্যবস্থা, মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, আধুনিক ইভেন্ট সুবিধা এবং পরিবারবান্ধব বিভিন্ন আকর্ষণ নিয়ে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি অতিথিদের সেবা দিয়ে আসছে। দক্ষিণ এশিয়া জুড়ে টানা স্বীকৃতি অর্জনের মাধ্যমে রিসোর্টটি আন্তর্জাতিক মানে বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে।