× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ডেটে লাখ টাকা খরচ: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে টাকা ফেরত চাইলেন তরুণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৬:৪৩ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৬:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রথম ডেটে গিয়ে একটি মিশেলিন তারকাখচিত রেস্তোরাঁয় খরচ করেছিলেন প্রায় ১ হাজার ৫০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৯ হাজার ৪৫ টাকা)। তবে সেই সাক্ষাতের পরপরই তরুণী জানিয়ে দেন, যুগল হিসেবে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এর জের ধরে ডেটে খরচ হওয়া পুরো টাকাই তরুণীর কাছে ফেরত চেয়ে বসেছেন ওই তরুণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া এই ঘটনা ঘিরে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে। আধুনিক ডেটিংয়ের শিষ্টাচার, আর্থিক প্রত্যাশা এবং ব্যয়বহুল কোনো আয়োজনের পেছনে কোনো অদৃশ্য শর্ত থাকে কি না—তা নিয়ে আলোচনা চলছে নেটদুনিয়ায়।

অনলাইনে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী, ডেট শেষ হওয়ার পর তরুণী ওই তরুণকে একটি বার্তা পাঠান। সেখানে তিনি জানান, তাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ তিনি দেখছেন না। ওই সন্ধ্যায় তিনি আনন্দ পেয়েছেন ঠিকই, তবে দীর্ঘ মেয়াদে তাদের মধ্যে বোঝাপড়া বা ব্যক্তিত্বের মিল হবে না বলেই মনে হয়েছে। তাই রোমান্টিক সম্পর্কের পরিবর্তে তিনি কেবল বন্ধু হয়ে থাকার প্রস্তাব দেন।

তবে তরুণীর এই বার্তার জবাবে একেবারেই অপ্রত্যাশিত প্রতিক্রিয়া জানান ওই তরুণ। স্ক্রিনশট অনুযায়ী, ডেটে খরচ হওয়া পুরো ১ হাজার ৫০ ডলারই তরুণীর কাছে ফেরত চান তিনি। এক্সে সেই বার্তা বিনিময়ের ছবি তুলে ধরে ক্যাপশনে লেখা হয়, “ভদ্রতা ও সৌজন্যবোধ এখন মৃত।”

পরবর্তীতে ওই আয়োজন নিয়ে তরুণীর আগের একটি পোস্ট সামনে এলে বিষয়টি আরও আলোচনায় আসে। তরুণীর ভাষ্য অনুযায়ী, পুরো আয়োজনটি ওই তরুণ একটি চমক (সারপ্রাইজ) হিসেবে পরিকল্পনা করেছিলেন। তরুণীকে মিশেলিন-স্টার রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার জন্য একটি বিলাসবহুল গাড়ির ব্যবস্থাও করেন তিনি। আয়োজনটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ এবং তরুণীর জন্য গাড়ির দরজা খুলে দেওয়াসহ চিরাচরিত সব ভদ্রোচিত আচরণই করেছিলেন ওই তরুণ।

ঘটনাটি সামনে আসার পর আধুনিক ডেটিংয়ের নানা সমীকরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে দুজনের বনিবনা হবে কি না তা নিশ্চিত হওয়ার আগেই একজনের পক্ষে এত বিপুল অর্থ খরচ করা কতটা যৌক্তিক, তা নিয়ে নানা মত উঠে আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রত্যাখ্যাত হওয়ার পর টাকা ফেরত চাওয়ার কারণে ওই তরুণের কড়া সমালোচনা করেছেন। তাদের যুক্তি, একে অপরকে জানার আগেই প্রথম দেখায় এত বড় অঙ্কের টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না।

আবার কেউ কেউ তরুণের পক্ষে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, এমন রাজকীয় আয়োজন উপভোগ করার পর কেবল ‘বন্ধু’ থাকার প্রস্তাব দেওয়া তরুণীর জন্য কতটা সমীচীন হলো? তবে এর জবাবে অনেকে বলছেন, তরুণ নিজ থেকেই এই খরচ করেছিলেন; ফলে সম্পর্ক না এগোলে সেই খরচ কোনোভাবেই স্বয়ংক্রিয়ভাবে ঋণ বা পাওনা হয়ে যেতে পারে না।

এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সত্যি বলতে, প্রথম ডেটেই মিশেলিন-স্টার রেস্তোরাঁয় যাওয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। কফি খেতে গেলেও একই ফল পাওয়া যেত, খরচ হতো মাত্র ২০ ডলার।’

আরেকজন তরুণের পক্ষ নিয়ে লিখেছেন, ‘টাকা ফেরত চাওয়া পুরোপুরি যুক্তিযুক্ত। দুনিয়ায় এমন অনেক নারী আছেন, যারা কোনো প্রতিশ্রুতি ছাড়াই পুরুষদের টাকায় বিলাসী জীবন কাটাতে চান। অনেক ভালো পুরুষ এখনো একা রয়ে গেছেন, কারণ তারা কেবল সুবিধাভোগী নারীদের এড়িয়ে চলছেন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা