ফারজানা অনন্যা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৪:১৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১৬:১২ পিএম
অলংকরণ : মিজান স্বপন
শালবনের মাথার ওপর কুয়াশা ঝুলে ছিল সাদা, নিঃশব্দ কোনো অ্যাবসার্ড স্বপ্নের মতো। ভোরের আলো তখনও দিগন্তের প্রান্ত ছুঁয়ে জেগে ওঠেনি। ভোরের শিশিরবিন্দু যেন নিশ্চিত বিশ্রাম নিচ্ছিল গাছগুলোর গায়ে। সেই আবছা অন্ধকারেই সিধুর ঘুম ভাঙে। ঘুম বলা হয়তো ভুল হবে, কারণ সে তো সারা রাত জেগেই ছিল। শুধু চোখ বন্ধ করে শুয়ে ছিল পাতার বিছানায়, আর শুনছিল বনের গভীর নিঃশ্বাস। বাতাস যখন শালপাতার ফাঁক দিয়ে চলে, তখন যেমন একটা শব্দ হয়, তেমন শব্দ। ঠিক যেন কেউ বহু দূর থেকে ডাকছে কোনো পুরনো নাম ধরে, যে নাম আজ আর কারও মনে নেই।
সিধু মুর্মু। বয়স ঠিক জানে না, কারণ তাদের জন্মের হিসেব রাখা হয় ফসল দিয়ে। কতবার সরষে ফুটেছে, কতবার মহুয়া ঝরেছে, তাই দিয়েই বয়স গোনা হয়। সে জানে শুধু এইটুকু যে তার বাবা যখন মারা যান, তখন সে সাতটা মহুয়া ঋতু দেখেছিল। এখন হয়তো তিরিশ। সিধু বিশ্বাস করে সময়কে সংখ্যা দিয়ে বাঁধা যায় না। সিধুর ঠাকুরদা বলতেন, সময় তো নদীর মতো, তাকে গুনতে যাওয়া মানে হাতের তালু দিয়ে জল ধরে রাখার মতো বৃথা চেষ্টা।
আজ সে যাচ্ছে জঙ্গলের গভীরে, সেই জায়গায় যেখানে সিধুর ঠাকুরদা তাকে একদিন নিয়ে গিয়েছিলেন, আর দেখিয়েছিলেন একটা প্রকাণ্ড শিমুলগাছ। লাল ফুলে ভরা সে গাছ, যার নিচে নাকি ঘুমিয়ে থাকেন মারাং বুরু; পাহাড়ের দেবতা। ঠাকুরদা বলেছিলেন, ‘এই গাছ কাটা যায় না, কারণ এই গাছের শিকড়ে বাঁধা আছে আমাদের প্রথম পূর্বপুরুষের হাড়। পিলচু হাড়াম আর পিলচু বুড়ির গল্প জানিস তো? প্রথম মানব আর প্রথম মানবী। হাঁসের ডিম থেকে জন্মেছিলেন তারা, তারপর এই মাটিতে নেমে এসে চাষ শিখল, আগুন শিখল, আর শিখল কীভাবে গাছের কাছে ক্ষমা চাইতে হয় তাকে কাটার আগে।’ চারপাশে বয়ে যাওয়া বাতাসের মতো ঠাকুরদার কণ্ঠ কাঁপছিল তিরতির করে। সিধু তখন ছোট, বোঝেনি পুরোটা। কিন্তু আজ এতগুলো বর্ষা পেরিয়ে সে বোঝে যে ঠাকুরদা আসলে তাকে একটা ঋণের কথা বলেছিলেন। মাটির কাছে ঋণ, গাছের কাছে ঋণ, যে ঋণ কোনোদিন শোধ হয় না, শুধু বহন করে যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম, নদীর জলের মতো, যে জল কোনোদিন থামে না অথচ কোনোদিন একই জলও থাকে না।
রূপির সঙ্গে সিধুর প্রথম দেখা হয়েছিল বাহা পরবের রাতে। যখন শালফুল ফুটে সারা বন লাল হয়ে ওঠে আর মেয়েরা সেই ফুল খোঁপায় গুঁজে নাচে সারা রাত মাদল আর তুমদাকের তালে, তখন। সেই রাতে আগুনের ধারে দাঁড়িয়ে সিধু প্রথম দেখেছিল রূপিকে। রূপির হাতে বাঁশের ঝুড়িতে সদ্য তোলা শালফুল আর চোখে আগুনের প্রতিফলন। সাঁওতাল প্রথায় ছেলে-মেয়েরা এই রাতে নিজেরাই নিজেদের সঙ্গী বেছে নেয়, বড়দের অনুমতির অপেক্ষা করে না। এই বাছাইয়ের নাম ‘ইতুত’। সিধু সেদিন এগিয়ে গিয়েছিল, আর রূপি তার হাতে একটা শালফুল তুলে দিয়েছিল কোনো কথা না বলেই। সেই নীরবতাই ছিল পরস্পরের প্রথম প্রতিশ্রুতি।
এরপর কতবার তারা দেখা করেছে নদীর ধারে, যেখানে জল পাথরে বাধা পেয়ে সুর মূর্ছনায় মগ্ন থাকে সারা বেলা। রূপি বলত, ‘কান পেতে শোনো, নদীও কথা বলে, শুধু আমরা তার ভাষা ভুলে গেছি।’ সিধু হাসত, কিন্তু মনে মনে জানত রূপির কথাই সত্যি। কারণ যেদিন থেকে সে রূপিকে ভালোবেসেছে, সেদিন থেকেই যেন তার কানে নতুন করে ধরা পড়তে শুরু করেছে বনের ভাষা। পাতার শিরশিরানি, পাখির ডাক, দূরের ঝরনার গুঞ্জন; সবকিছুই যেন একটা বৃহত্তর প্রেমের গল্প বলে চলেছে, যে প্রেম মানুষে-মানুষে সীমাবদ্ধ নয়, যে প্রেম মাটি, আকাশ আর জলের মধ্যেও বহমান। কিন্তু আজ সেই নদীর ধারেই দাঁড়িয়ে সিধুর বুক কেঁপে ওঠে অন্য কারণে। কাল সকালেই নাকি শহর থেকে লোক আসবে। কিছুদিন আগেই শুনেছে এ জঙ্গল নাকি সরকারের, এখানে খনি হবে, লোহা তুলবে মাটির তলা থেকে। তিন দিন ধরে গ্রামের কেউ ঠিকমতো ঘুমোয় না। রাতভর বসে থাকে দাওয়ায়, চোখ জ্বলে ওঠে যখন দূরে বুলডোজারের শব্দ শোনা যায়। শব্দটা এখনও অনেক দূরে, কিন্তু শব্দটা যেন প্রতিদিন একটু একটু করে কাছে আসছে, ঠিক যেমন বাঘ শিকারের আগে নিঃশব্দে এগিয়ে আসে।
সিধু হাঁটে জঙ্গলের ভেতর দিয়ে। পায়ের নিচে ভেজা পাতা, শিশিরে ভেজা মাটির গন্ধ; যে গন্ধ তার শরীরে মিশে আছে জন্ম থেকে। শালগাছগুলো এত উঁচু যে তাদের মাথা দেখা যায় না, শুধু কাণ্ডের গায়ে রোদের আলো এসে পড়ে ঝিলমিল করে, যেন হাজার হাজার সরু আলোর সুতো ঝুলছে আকাশ থেকে। কোথাও কাঠঠোকরার শব্দ, কোথাও দূরে ময়ূরের ডাক, আর মাঝে মাঝে একটা হরিণের চকিত ছুট পাতার মর্মরে মিলিয়ে যায় মুহূর্তেই। এই সব শব্দ মিলিয়ে জঙ্গলের নিজস্ব একটা ভাষা তৈরি হয়, যে ভাষা সিধু বোঝে কিন্তু বলতে পারে না, ঠিক যেমন কেউ মায়ের কণ্ঠস্বর চিনতে পারে কিন্তু বর্ণনা করতে পারে না তার সুর।
হঠাৎ সিধুর মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন ওর বাবা মারা গিয়েছিলেন। সেদিনও এমনই একটা সকাল ছিল, কুয়াশা এইভাবেই বনের গায়ে লেগেছিল। সিধুর মা বলেছিলেন, ‘কাঁদিস না রে বাপ, উনি তো মাটিতে ফিরে গেলেন, মাটি থেকেই এসেছিলেন।’ তখন কথাটা সান্ত্বনা মনে হয়নি, মনে হয়েছিল নিষ্ঠুর একটা সত্য, যা বলে দিচ্ছে তার শোকের কোনো গুরুত্ব নেই এই বিশাল প্রকৃতির কাছে। কিন্তু এখন, এতদিন পর সে বোঝে এই কথাটাই ছিল সবচেয়ে বড় ভালোবাসার কথা। কারণ মাটি কাউকে হারায় না, সে শুধু রূপ বদলায়। যে পাতা ঝরে যায়, সে-ই আবার সার হয়ে ফিরে আসে নতুন গাছের শিকড়ে। মৃত্যু এখানে শেষ নয়, একটা বাঁকমাত্র, নদীর গতিপথ বদলের মতো। কিন্তু যন্ত্র যখন মাটি খুঁড়বে, লোহা তুলবে, তখন কি এই চক্রটাও ভেঙে যাবে না? যে পাতা ঝরার কথা ছিল মাটির বুকে, সে কি আর সার হতে পারবে সিমেন্টের নিচে চাপা পড়ে? যে প্রেম জন্মেছিল শালফুলের রাতে, সে কি আর টিকে থাকবে যদি সেই বনই না থাকে?
সিধুর মনে পড়ে যায় ঠাকুরদার আরেকটা কথা, ‘যখন মানুষ ভুলে যায় সে মাটির সন্তান, তখনই সে মাটির শত্রু হয়ে ওঠে। যে নিজেকে মাটির মালিক ভাবে, সে-ই মাটিকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে। আর যে জানে নিজে মাটির অংশমাত্র, সে কখনও মাটিকে আঘাত করতে পারে না।’ শহরের লোকগুলো নিশ্চয় ভুলে গেছে তারাও মাটির সন্তান। তাদের কাছে মাটি একটা সম্পত্তি, একটা কাগজের টুকরো, যার নিচে লোহা লুকিয়ে আছে বিক্রির জন্য। কিন্তু সিধুর কাছে এই মাটি তার পূর্বপুরুষের হাড়, তার বাবার ছাই, তার নিজের ভবিষ্যৎ শরীর।
দুপুর গড়িয়ে যায়। রোদ এখন সোজা মাথার ওপর, কিন্তু ঘন পাতার আড়ালে আলো ছেঁকে আসে সবুজ হয়ে, যেন পুরো জঙ্গলটাই একটা বিশাল সবুজ কাচের ভেতর ডুবে আছে। সিধুর পায়ের শব্দও যেন মিশে যায় এই সবুজ নীরবতায়, আর হাঁটতে হাঁটতে তার মনে হয়, এই জঙ্গল যেন সময়কেও নিজের রঙে রাঙিয়ে নেয়। এখানে ভোর, দুপুর, সন্ধ্যা সবই একই সবুজ শ্বাসে বাঁধা, আলাদা করে চেনা যায় না, কোথায় একটা শেষ হয়ে আরেকটা শুরু হয়।
সিধু পৌঁছয় শিমুলগাছটার কাছে। রূপি আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। রূপির চুলে এখনও গতরাতের শালফুল গোঁজা, যদিও এখন সেটা একটু শুকিয়ে গেছে। সে সিধুকে দেখে কিছু বলে না, শুধু হাত বাড়িয়ে দেয়। সিধু সেই হাত ধরে গাছের গোড়ায় বসে পড়ে। মনে হয় গাছটাও যেন শ্বাস নিচ্ছে, ধীরে ধীরে, শতাব্দীর দীর্ঘশ্বাসের মতো।
‘আমি জানি তুমি কী ভাবছ।’ রূপি বলে, তার কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়। ‘তুমি ভাবছ একা দাঁড়ালে কিছু হবে না।’
সিধু মাথা নাড়ে। ‘একা দাঁড়ালে কী হবে বলো? ওদের হাতে কাগজ আছে, বন্দুক আছে। আমাদের হাতে শুধু এই মাটি আর এই গাছ।’
রূপি হাসে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক ধরনের প্রাচীন দৃঢ়তা, যেন বহু প্রজন্মের নারীদের সঞ্চিত সাহস তার গলায় এসে জমেছে। ‘একা না। আমি শুনেছি পাশের গ্রাম থেকেও লোক আসছে। আর তেলডাঙার মুণ্ডারা, আর কাছাকাছি সব হো আর ওঁরাও গ্রাম থেকেও মানুষ আসবে। বুড়ো মাঝি নিজে গিয়ে সবাইকে ডেকেছেন। কাল সকালে আমরা একা দাঁড়াব না সিধু। আমরা সবাই মিলে দাঁড়াব। এই গাছের চারপাশে, হাতে হাত রেখে।’
এই কথাটা শুনে সিধুর বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে, ঠিক যেমন বসন্তের প্রথম বাতাসে শুকনো পাতাও কেঁপে ওঠে নতুন প্রাণের আভাসে। সে রূপির হাত শক্ত করে ধরে। ‘তাহলে আমরা একটা শিকল তৈরি করব। মানুষের শিকল। যন্ত্র যদি আসে, তাকে আগে এই শিকল ভাঙতে হবে।’
সেই রাতে গ্রামে কেউ ঘুমোয় না। উঠোনে উঠোনে আগুন জ্বলে, মানুষ জড়ো হয় দলে দলে। বুড়ো মাঝি দাঁড়িয়ে বলেন পুরনো সব কথা। কীভাবে তাদের পূর্বপুরুষরা একসময় হাজার হাজার মাইল হেঁটে এসেছিল চম্পা রাজ্য থেকে। খুঁজে বের করেছিল এই পবিত্র বনভূমি, যেখানে মাটি নরম, জল মিষ্টি, আর গাছেরা আশ্রয় দেয় সবাইকে বিনা শর্তে। বুড়ো মাঝি হঠাৎ সজোরে বলে ওঠেন, ‘আমরা এই মাটির মালিক নই, আমরা এই মাটির সন্তান। সন্তান কখনও মাকে বিক্রি করে না।’ মাঝির কণ্ঠস্বর কাঁপে বয়সের ভারে কিন্তু কথাগুলো ইস্পাতের মতো কঠিন আর দৃঢ় শোনায়।
মেয়েরা রাতভর ধামসা-মাদলে গান বাঁধে, প্রতিরোধের গান, যে গানের সুর পুরনো কিন্তু কথা নতুন। শিশুরাও জেগে থাকে। তাদের চোখে ভয় নেই, বরং এক ধরনের গম্ভীর কৌতূহল। তারা বুঝতে পারছে আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়।
সিধু আর রূপি বসে থাকে একটু দূরে নদীর ধারে, যেখানে জল এখনও পাথরে বাধা পেয়ে গান গায়, অন্ধকারেও থামে না তার সুর। ‘ভয় করছে রূপি?’ সিধু জিজ্ঞেস করে।
‘করছে’, রূপি স্বীকার করে। ‘কিন্তু ভয়ের চেয়েও বড় কিছু একটা আছে আমার ভেতর। জানো, আমার ঠাকুমা বলতেন, প্রতিটা নারীর ভেতর সেই প্রথম মানবী পিলচু বুড়ির কিছুটা বেঁচে থাকে। যে সাহস নিয়ে সে প্রথম এই পৃথিবীতে পা রেখেছিল, অজানা মাটিতে, অজানা ভবিষ্যতের দিকে। আজ রাতে আমি সেই সাহসটা অনুভব করছি।’
সিধু তার দিকে তাকায় অন্ধকারে, তারার আলোয় তার মুখ আধা দেখা যায়। ‘আমাদের প্রেমও তো এমনই এক সাহসের গল্প। মনে আছে বাহা পরবের রাতে, যখন তুমি শালফুল তুলে দিয়েছিলে? কোনো কথা বলোনি, কিন্তু আমি বুঝেছিলাম। এই বনই তো আমাদের প্রথম সাক্ষী।’
‘আর কাল’, রূপি বলে, তার কণ্ঠে এক ধরনের স্থির প্রত্যয়, ‘এই বনই হবে আমাদের শেষ সাক্ষী, অথবা নতুন শুরুর সাক্ষী। যা-ই হোক না কেন, আমরা তার সামনে দাঁড়াব একসাথে।’
ভোর হওয়ার আগেই মানুষ জড়ো হতে শুরু করে শিমুলগাছের চারপাশে। প্রথমে গুটিকয় লোক, তারপর দল বেঁধে আরও, পাশের গ্রাম থেকে, তেলডাঙা থেকে, দূরের ওঁরাও পাড়া থেকে। কেউ কেউ সারা রাত হেঁটে এসেছে। বুড়োরা লাঠি হাতে দাঁড়ায়, মেয়েরা কোলে শিশু নিয়ে দাঁড়ায়, যুবকেরা দাঁড়ায় সামনের সারিতে। সবার হাতে হাত ধরা, একটা বিশাল মানববৃত্ত তৈরি হয় গাছটার চারপাশে, যেন গাছটা নিজেই একটা হৃৎপিণ্ড, আর মানুষগুলো তার রক্তনালি।
সূর্য যখন শালবনের মাথায় উঁকি দেয়, তখন কুয়াশা ধীরে ধীরে সরে যেতে শুরু করে, আর আলো এসে পড়ে সেই মানববৃত্তের ওপর, প্রতিটা মুখে, প্রতিটা জড়ানো হাতে। দূর থেকে ইঞ্জিনের শব্দ শোনা যায়, ক্রমশ কাছে আসছে। কিন্তু কেউ নড়ে না। মাদলের শব্দ শুরু হয় ধীরে, তারপর ক্রমশ জোরালো হয়ে ওঠে, যেন বনের নিজের হৃদস্পন্দন। সিধু রূপির হাত ধরে দাঁড়িয়ে থাকে সেই বৃত্তের মধ্যে, তাদের দুজনের সংযুক্ত হাত যেন প্রতীক হয়ে ওঠে সেই বৃহত্তর সংযোগের; মানুষে-মানুষে, মানুষে-প্রকৃতিতে, অতীতে-ভবিষ্যতে। পাখিরা জেগে ওঠে চারদিকে, তাদের ডাকে যেন মিশে যায় মানুষের গানের সুর। বাতাস বয়ে আসে শালফুলের গন্ধ নিয়ে, আর সেই গন্ধেই যেন লেখা থাকে হাজার বছরের ইতিহাস; যুদ্ধ, ভালোবাসা, ক্ষতি, আর আবার নতুন করে গড়ে ওঠার গল্প।
ইঞ্জিনের শব্দ থেমে যায় বনের প্রান্তে। হয়তো তারা দেখেছে এই মানববৃত্ত, হয়তো এখনও এগোচ্ছে ধীরে ধীরে। সিধু জানে না আজকের দিনটা কী নিয়ে আসবে। জয় নাকি পরাজয়, রক্ষা নাকি ধ্বংস। কিন্তু সে জানে, যা-ই হোক না কেন, তারা দাঁড়িয়েছিল একসাথে, হাতে হাত রেখে, গাছের শিকড়ের মতোই জড়িয়ে, মাটির সঙ্গে, একে অপরের সঙ্গে।
দূরে নদী তখনও গান গায়, পাথরে বাধা পেয়ে থামে না কখনও, শুধু পথ বদলায়। আর সেই গানের সুরে মিশে যায় মানুষের কণ্ঠস্বর, প্রতিরোধের গান, ভালোবাসার গান, মাটির ঋণ শোধের গান। যে ঋণ কোনোদিন শেষ হয় না, শুধু বহন করে যেতে হয়, প্রজন্মের পর প্রজন্ম।
সিধু ও রূপি সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে চোখ তুলে তাকায় শিমুলগাছটার দিকে। গাছটা আলোর ভেতর দাঁড়িয়ে, স্থির, নিশ্চুপ, যেন হাজার বছর ধরে অপেক্ষা করে আছে কিছু একটা জানার জন্য। বনের গভীর থেকে একটা পাখি ডেকে ওঠে, দীর্ঘ করুণ সুরে, যেন সেও জানে কী ঘটতে যাচ্ছে। তবুও সে গায়, কারণ গাওয়াটাই তার একমাত্র ভাষা, একমাত্র প্রতিরোধ, একমাত্র সত্য।