ভূমিকা ও অনুবাদ: সুরেশ রঞ্জন বসাক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৩:৩৮ পিএম
অ্যান কারসন।
২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ক্লাসিক্যাল পণ্ডিত অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যে এক অনন্য ও প্রভাবশালী নাম। কানাডার সাহিত্য-ঐতিহ্য মূলত ভৌগোলিক নিঃসঙ্গতা, প্রকৃতির রুক্ষ রূপ ও আত্মপরিচয়ের সন্ধানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মার্গারেট অ্যাটউড বা অ্যালিস মুনরোর মতো কানাডীয় সাহিত্যিকরা যেখানে দেশটির ভূপ্রকৃতি ও সমাজের মানসিক গড়নকে প্রাধান্য দিয়েছেন, অ্যান কারসন সেই সীমানা অতিক্রম করে গ্রিক পৌরাণিক ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক কবিতার ধারাকে এক নতুন কাঠামোর মুখোমুখি দাঁড় করিয়েছেন।
ধ্রুপদী ও আধুনিকতার মেলবন্ধন, ভার্স নভেলের মতো ফর্মের নতুনত্ব, ভাষার সীমাবদ্ধতার ওপর নিরীক্ষা এবং শোক ও আনন্দের মতো প্রাত্যহিক উপাদানকে মনস্তাত্ত্বিক আয়নায় বিশ্লেষণ তাঁর লেখালেখির অন্যতম বৈশিষ্ট্য। কানাডীয় সাহিত্যের ঐতিহ্যগত ধারাকে আধুনিক পরীক্ষামূলক রূপ দিয়ে তিনি বিশ্বসাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
টরন্টোতে জন্ম। ১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তাঁর আগ্রহের ক্ষেত্র তুলনামূলক সাহিত্য, ইতিহাস, নৃতত্ত্ব, শিল্পকলা ইত্যাদি। এসবের ছাপ পড়েছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ Canucula di Anna (১৯৮৪) পুরস্কার জেতে। তিনি দু-দুবার গ্রিফিন পোয়েট্রি প্রাইজ জিতেন। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটি থেকে। বৈশ্বিক ভাষা ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি ইন্টারন্যাশনাল ভিগডিস প্রাইজ পেয়েছিলেন ২০২৩ সালে। অনূদিত কবিতা দুটো অ্যান কারসনের পরীক্ষাধর্মী কবিতা সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেবে।
আমাদের মধ্যে এবং
আমাদের ও প্রাণীদের মধ্যে এক ধরনের নামহীনতা কাজ করে। আমরা নামহীন বিশৃঙ্খলায় হাত-পা ছোড়াছুড়ি করিÑ জেনেরিকভাবে যা ক্যামেলোপার্ডালিস বলে রোমানরা চিহ্নিত করেছিল বা ‘জিরাফ’ নামে (ওটাকে রোমানদের মনে হয়েছিল উট ও চিতাবাঘের সংকর প্রজাতি), অথবা ধরা যাক, কস্তুরী ষাঁড় আদৌ ষাঁড় নয়, বরং ছাগল গোত্রের সঙ্গে বেশি জুতসইÑ এবং আমরা যখন প্রাণিবিশেষের নাম বেছে নিই, ভণিতা করি, তারা বস্তুমাত্র (দাগ), অথবা গুণমাত্র (সৌন্দর্য), অথবা ঠিক অন্য সত্তার মতো (যেমন ধরুন, বব)।
চিন্তাসূত্রসমূহ
গেরিয়ন শেষতক রপ্ত করল কীভাবে লিখতে হয়।
ওর মায়ের এক বান্ধবী মারিয়া তাকে জাপান থেকে আনা কুসুমিত মলাটের একটি চমৎকার নোটবুক উপহার দিয়েছিল।
এর মলাটের ওপর লিখল আত্মজীবনী।
আর মলাটের ভেতর লিখে রাখল তথ্যপঞ্জি।
গেরিয়ন সম্পর্কে জ্ঞাত তথ্যসমুদয় ।
গেরিয়ন ছিল এক দৈত্য যার সবকিছু লাল।
আটলান্টিকের রেড প্লেস নামক দ্বীপে সে বাস করত। গেরিয়নের মা ছিল এক নদী, যে সমুদ্রে মিশে গিয়েছিল, যার নাম ছিল রেড জয় রিভার। তার পিতা ছিল স্বর্ণখনি। কেউ কেউ বলে থাকে গেরিয়নের ছয় হাত ছয় পা, কেউ কেউ বলে তার ডানা ছিল। গেরিয়নের রঙ ছিল লাল, তাই তার আজব গবাদি পশুরাও ছিল লাল।
সে প্রশ্ন-উত্তরের আকারে সত্য প্রকাশ করেছিল।
প্রশ্ন : হেরাক্লিস কেন গেরিয়নকে হত্যা করেছিল? ১
উত্তর : ১. স্রেফ সহিংসতা।
২. তাকে তা করতে হয়েছিল; সেটা ছিল তার
দ্বাদশ বীরোচিত শ্রমের একটি (১০নং)।
৩. হেরাক্লিসের মাথায় ঢুকেছিল, গেরিয়ন
সাক্ষাৎ যম, তাই বাঁচতে হলে তাকে মারা
চাই।
পরিশেষে
গেরিয়নের একটি ছোট লাল কুকুর ছিল। হেরাক্লিস সেটাকেও মেরে ফেলেছিল।
চিন্তাসূত্রগুলো ওর মাথায় কীভাবে আসে, শিক্ষক বললেন। সেটা ছিল স্কুলে অভিভাবক ও শিক্ষক দিবস। তারা ছোট ছোট ডেস্কের ওপর পাশাপাশি বসেছিল। গেরিয়ন দেখল, তার মা কথা বলার আগে মুখ থেকে এক দলা তামাকপাতা বের করে নিয়েছে। তারপর বলল,
সে কী কখনও মনের আনন্দে কিছু লিখে?
গেরিয়ন একটু থামল।
অতঃপর সামান্য এগিয়ে অতিশয় সতর্কভাবে
শিক্ষকের হাত থেকে রচনার পাতাটি টেনে নিল।
এবং ক্লাসের পেছনের দিকে তার নির্ধারিত ডেস্কে বসে পেনসিল বের করে লিখল।
নতুন উপসংহার।
গোটা বিশ্বচরাচর জুড়ে চমৎকার লালাভ মৃদুমন্দ হাওয়া হাত ধরাধরি করে সেই যে বইতে শুরু করেছিল আজ অবধি তার থামাথামি নেই।
১ অমর দেবতা জিউস ও মরণশীল নারী আলকমেনার অবৈধ পুত্র গ্রিক বীর হেরাক্লিস জন্ম থেকে জিউস-পত্নী হেরার চক্ষুশূল ছিলেন। ফলে তাকে বারোটি বীরোচিত পরীক্ষা (twelve labors) দিতে হয়েছিল এবং প্রত্যেকটিতে উত্তীর্ণ হয়ে তিনি অবশেষে দেবতা হিসেবে অমরত্ব লাভ করেন।