× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

মোহন রায়হান, সরকার ‌মাসুদ, সেলিনা আখতার, মোতাহার হোসেন ও নিজাম বিশ্বাস

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৩:২৫ পিএম

ধানসিড়ি কবিতা

আমি খুঁজি 

মোহন রায়হান


সকলেই লাভ খোঁজে—

অর্থ, পদ, পুরস্কার, প্রাপ্তির দীপ্ত লোভে

নিজেকেই ভালোবেসে রচনা করে নিরাপদ দুর্গ

আর আমি— মানুষকে ভালোবেসে

নিজেরই হৃদয়কে করি ক্ষতবিক্ষত

রক্তাক্ত করি নিরাভরণ আত্মা।


সকলেই চায় বিখ্যাত নাম, ঝলমলে পদবি

জীবনের প্রতিটি মোড়ে আরও কিছু পাওয়ার উৎসব—

আর আমি নিঃস্বের মতো ব্যয় করি

আমার শ্রম, ঘাম, মেধা, শেষ ক’ফোঁটা সময় পর্যন্ত

তাদের চাওয়া-পাওয়ার পেছনে হারাই

আমার সমস্ত অর্জনের অধিকার।


সকলেই খেতে চায়

হালুয়া, রুটি, ঘি, মাখনের আরাম—

আর আমি ঋণ করে, হাসিমুখে

তাদেরই পরিতৃপ্তি সাজিয়ে দিই প্লেটে।


সকলেরই আছে স্বজন, সন্তান, সংসার—

যার হাতে হাত রেখে চলার দীর্ঘ পথ।

আর আমি— একা, শূন্য, স্বদেশ নামের এক বিশাল

নিঃসঙ্গ সঙ্গী ছাড়া আমার আর কেউ নেই

কোথাও নেই কোনো অপেক্ষা, কোনো ফিরে-আসা।


সকলেই লাভ খোঁজে—

আর আমি খুঁজি ক্ষতি, কারণ জানি ক্ষতির

ভিতরেই জন্ম নেয় মানুষের সর্বশ্রেষ্ঠ আলোক

নিঃস্বতার মধ্যেই জেগে ওঠে এক অনির্বাণ মহিমা

ক্ষতি থেকেই জন্ম নেয় এক নিঃশব্দ, অনিবার্য মহত্ত্ব।



টেলিভিশন

সরকার ‌মাসুদ


প্রথমদিকে নিজের প্রেমে পড়েছিল সে

এখন সে নিজেরই ওপর মহাবিরক্ত,

তবু উৎসবে-পার্বণে নিজের অজান্তে 

উৎসাহ দেয় ক্রেতাদেরÑ

তারা কিনে আনে আরও আরও ছোট বাক্স 

আর তাদের ভেতর থেকে বেরিয়ে আসা

শিংঅলা সবুজ দৈত্য আমাকে ভোগায়।

সন্ধ্যাবেলা বসে থাকি ভালো কিছু 

দেখার আশায়; কিন্তু সে আমার চোখের 

ওপর ঢেলে দেয় বাণিজ্যের বদমায়েশি,

তা সহজে শেষ হয় না; অনন্তকাল ধরে 

চলতে থাকে ওই উজ্জ্বল নোংরা তামাশা!

ছোট বাক্স গোড়ার দিকে নির্মল ছিল 

তাকে ফিরে পাওয়ার আশা করো না খামাখা।



সম্পর্ক

সেলিনা আখতার 


কী সম্পর্ক?

প্রেমিক প্রেমিকা না বন্ধু? 

কোনোটাই না,

তা’হলে?

কিছু সম্পর্কের নাম ঠিকানা থাকে না, 

দৃষ্টি ছুঁয়ে নিঃশব্দে আগমন। 

পূর্ণিমাস্নাত রাতে, 

অজান্তেই অপেক্ষা। 

পাখির পালকের ওম,

বুকের মোহনায় খোঁজা।

নির্জন নিশিতে,

অগণিত কথার ইচ্ছে। 

তারপর, 

কোনো এক বিষণ্ন বরষায়,

পিছুটান রেখে হারিয়ে যাওয়া। 

এইটুকু সম্পর্ক।




মোহ ও স্পর্শ

মোতাহার হোসেন


পার্থিব মোহে বেঁচে থাকার শক্তি

স্পর্শের উষ্ণতা জীবনের গতি।

আমিত্বের চলন মোহ, স্পর্শে

ঘোরপাঁকে বাঁধা অতৃপ্ত মরীচিকা।


আমিত্ব জীবন মধু মাগে

ওই মোহ, স্পর্শে।




নৈশভোজ

নিজাম বিশ্বাস


এক লোক নিয়েছে স্বেচ্ছায় নদীবাস

নদী ঘেঁষে থাকে,

জল-ডাকাতপ্রবণ নদী,

চাঁদশূন্য রাতে দূর থেকে ভেসে আসে

সর্বহারা কান্না,

ইঞ্জিন নৌকা ভয়জাগা।


একরাতে সেই লোকের ঘরে দস্যুদল,

খাটে জীর্ণ দেহ

একটা লগির মতো ক্ষীণ, 

প্রায় নগ্নকায় বসে আছে খাটিকায়,

কিছু চাল আছে,

আছে নুনে পোড়া মাছ দুটো।


দস্যুদল বাজুবদ্ধ ছুরি খুলে রেখে

তার পাশে এসে

জানালো ক্ষুধার কথা মুখে,

লোকটি উনুনে দিল হাঁড়ি, ভাত হলোÑ

চাঁদহীন সেই রাতে

তেলের কুপির পাশে হলো নৈশভোজ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা