ফারুক সুমন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৩:০০ পিএম
বাংলা কথাসাহিত্যের দীর্ঘ পরিসরে নদী ও মানুষ একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। এই ঐতিহ্যের ভেতরেই শামসুদ্দীন আবুল কালামের (১৯২৬-১৯৯৭) ‘কাশবনের কন্যা’কে পড়তে হয়। ১৯৫৪ সালে প্রকাশিত এই উপন্যাসটি তার প্রথম উপন্যাস এবং প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠকমহলে সাড়া জাগায়। পবিত্র সরকারও পরবর্তী এক সংস্করণের ভূমিকায় লালসালু (১৯৪৮)-এর পর পূর্ববাংলার কথাসাহিত্যের নিজস্বতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ‘কাশবনের কন্যা’কে চিহ্নিত করেছেন।
বাংলা উপন্যাসে নদীপ্রসঙ্গ নানাভাবে এসেছে। নদী হয়ে উঠেছে মানুষের জীবন, জীবিকা, নিয়তি ও স্বপ্নের রূপক। পদ্মার তীরে কুবেরের জীবন, তিতাসের তীরে মালো সম্প্রদায়ের অস্তিত্ব, কিংবা নদীঘেরা পূর্ববাংলার জনপদ। তবে ‘কাশবনের কন্যা’কে শুধু ‘গ্রামীণ উপন্যাস’ কিংবা ‘জেলেজীবনের উপন্যাস’ বললে তার শিল্পসত্তার একটি বড় অংশ অদৃশ্য থেকে যায়। কারণ এর আগে ও পরে বাংলা সাহিত্যে গ্রামীণ, নদীকেন্দ্রিক ও প্রান্তিক জীবন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ উপন্যাস রচিত হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি (১৯৩৬), সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু (১৯৪৮), আবু ইসহাকের সূর্য-দীঘল বাড়ী (১৯৫৫) এবং অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম (১৯৫৬)Ñ প্রতিটি রচনাই নিজস্ব জীবনভূমি ও শিল্পদৃষ্টিতে বাংলা উপন্যাসকে সমৃদ্ধ করেছে। কিন্তু তাদের পাশে ‘কাশবনের কন্যা’কে রাখলে শামসুদ্দীন আবুল কালামের নিজস্ব সাহিত্যিক স্বর আরও স্পষ্ট হয়ে ওঠে।
‘কাশবনের কন্যা’র সঙ্গে প্রথমেই তুলনা আসে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা-নদীর মাঝির (১৯৩৬)। প্রকাশের দিক থেকে দুই উপন্যাসের মধ্যে প্রায় দুই দশকের ব্যবধান। কিন্তু উভয়েরই জীবনভূমিতে রয়েছে নদী ও জেলেসমাজ। পদ্মানদীর মাঝি প্রধানত পদ্মাতীরের অন্ত্যজ মানুষের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতাকে সামনে আনে। কুবেরের জীবন, দারিদ্র্য, শ্রম, ক্ষুধা, আকাঙ্ক্ষা ও অনিশ্চয়তাÑ সবকিছুই নদীর সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকায় প্রকাশিত গবেষণাতেও পদ্মানদীর মাঝিকে অন্ত্যজ শ্রেণির কাহিনী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘কাশবনের কন্যা’তেও নদীঘেঁষা জেলেজীবন আছে। আছে জীবিকার অনিশ্চয়তা, দারিদ্র্য ও সামাজিক সীমাবদ্ধতা। কিন্তু দুই লেখকের দৃষ্টির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য লক্ষ করা যায়। মানিকের দৃষ্টি অনেক বেশি তীক্ষ্ণভাবে নিবদ্ধ মানুষের অর্থনৈতিক অস্তিত্বের ওপর। তার জেলেপল্লীর মানুষ কীভাবে বেঁচে থাকে, কীভাবে শ্রম দেয়, কীভাবে দারিদ্র্য তাদের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করেÑ এসব প্রশ্ন সামনে আসে প্রবলভাবে।
শামসুদ্দীন আবুল কালামও জীবিকার সংকট দেখেন; কিন্তু তার দৃষ্টি আরও নিবিড়ভাবে মানুষের সম্পর্ক, প্রেম, লোকবিশ্বাস, জীবনরীতি ও সাংস্কৃতিক অস্তিত্বের দিকে প্রসারিত। ফলে মানিকের জেলেজীবনের কঠিন বস্তুবাদী বাস্তবতার পাশে শামসুদ্দীনের জেলেজীবন হয়ে ওঠে অধিকতর লোকজ ও আবেগনির্ভর।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ (১৯৪৮) এবং শামসুদ্দীন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ (১৯৫৪)Ñ দুটি উপন্যাসই পূর্ববাংলার গ্রামীণ মুসলিম সমাজকে সাহিত্যের কেন্দ্রে এনেছে। কিন্তু তাদের শিল্পদৃষ্টি একেবারেই এক নয়। ‘লালসালু’র মূল আগ্রহ ধর্মীয় বিশ্বাস, সংস্কার, ক্ষমতা ও মানুষের মনস্তত্ত্বে। মজিদ ধর্মীয় আবহকে ব্যবহার করে গ্রামীণ সমাজে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ফলে ওয়ালীউল্লাহর গ্রাম হয়ে ওঠে বিশ্বাস ও ক্ষমতার এক জটিল মনস্তাত্ত্বিক ক্ষেত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেও ‘লালসালু’র উপজীব্য হিসেবে গ্রামীণ মানুষের সমাজ-জীবন, বিশ্বাস ও সংস্কারের কথা বলা হয়েছে।
শামসুদ্দীনের গ্রামেও বিশ্বাস ও সংস্কার আছে; কিন্তু তার প্রধান অনুসন্ধান ক্ষমতার কৌশল নয়। তিনি দেখতে চান মানুষ কীভাবে সেই বিশ্বাস, সংস্কার ও সামাজিক রীতির ভেতর জীবনযাপন করে। তার চরিত্রদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং লোকজ সংস্কৃতি আখ্যানকে এগিয়ে নেয়। অর্থাৎ ওয়ালীউল্লাহ গ্রামীণ সমাজের বিশ্বাসের অন্ধকার ও ক্ষমতার মনস্তত্ত্ব অনুসন্ধান করেন; শামসুদ্দীন সেই সমাজের জীবন্ত মানবিক মুখ অনুসরণ করেন। এই দুই ভিন্ন দৃষ্টিই বাংলা কথাসাহিত্যে একই ভূগোলকে কত বিচিত্রভাবে দেখা সম্ভব, তার দৃষ্টান্ত।
পঞ্চাশের দশকের পূর্ববাংলার কথাসাহিত্যের আরেক গুরুত্বপূর্ণ উপন্যাস আবু ইসহাকের ‘সূর্য-দীঘল বাড়ী’ (১৯৫৫)। ‘কাশবনের কন্যা’র ঠিক এক বছর পর প্রকাশিত এই উপন্যাসের পটভূমিতে রয়েছে ১৯৪৩-এর দুর্ভিক্ষ-পরবর্তী গ্রামীণ জীবনসংগ্রাম। দুটি উপন্যাস পাশাপাশি রাখলে পঞ্চাশের দশকের বাংলা কথাসাহিত্যের দুটি গুরুত্বপূর্ণ প্রবণতা চোখে পড়ে। ‘সূর্য-দীঘল বাড়ী’তে জয়গুনের জীবনক্ষুধা, দারিদ্র্য, সামাজিক কুসংস্কার ও অনিশ্চয়তার বিরুদ্ধে এক অবিরাম সংগ্রাম। সেখানে জীবনধারণই প্রধান প্রশ্ন। দুর্ভিক্ষের অভিঘাত মানুষের শরীর ও মন থেকে সহজে মুছে যায় না।
‘কাশবনের কন্যা’তেও দারিদ্র্য আছে, অনিশ্চয়তা আছে; কিন্তু লেখকের ক্যানভাসে শুধু বেঁচে থাকার সংগ্রাম নেই। আছে জীবনযাপনের সংস্কৃতি। মানুষ কীভাবে কাজ করে, কীভাবে কথা বলে, কীভাবে প্রেমে পড়ে, কী গান গায়, কী বিশ্বাস করেÑ এসবও তার কাছে গুরুত্বপূর্ণ। ফলে ‘সূর্য-দীঘল বাড়ী’ যেখানে মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রামকে তীব্র করে তোলে, ‘কাশবনের কন্যা’ সেখানে অস্তিত্বের ভেতরে জীবনকে অনুভব করার আকাঙ্ক্ষাকে সামনে আনে।
অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬) প্রকাশিত হয় ‘কাশবনের কন্যা’র দুই বছর পরে। তিতাস নদীর তীরে বসবাসকারী মালো সম্প্রদায়ের জীবন, সংস্কৃতি ও অস্তিত্বসংকট এই উপন্যাসের মূল বিষয়। এখানে ‘কাশবনের কন্যা’র সঙ্গে একটি গভীর আত্মীয়তা আছে। দুই উপন্যাসেই নদী ও প্রান্তিক জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ। কিন্তু নদী ব্যবহারের শিল্পপদ্ধতি এক নয়। ‘তিতাস’Ñ এই নদী যেন প্রায় একটি স্বতন্ত্র চরিত্র। নদীর সঙ্গে একটি সম্প্রদায়ের জন্ম, বিকাশ, পেশা, সংস্কৃতি এবং শেষ পর্যন্ত বিপর্যয় জড়িয়ে আছে। একটি নদীকে কেন্দ্র করে একটি জনগোষ্ঠীর সামগ্রিক অস্তিত্বের দীর্ঘ কাহিনী নির্মিত হয়েছে। অন্যদিকে ‘কাশবনের কন্যা’য় নদী মানুষের জীবন-পরিসরের গভীরে মিশে থাকা এক নিয়ামক শক্তি। নদী তাদের জীবিকা নির্ধারণ করে, তাদের চলাচল নিয়ন্ত্রণ করে, তাদের সম্পর্কের ওপরও প্রভাব ফেলে; কিন্তু নদী নিজে আখ্যানের একমাত্র কেন্দ্র হয়ে ওঠে না। তাই তিতাসকে বলা যায় একটি সম্প্রদায়ের সমষ্টিগত অস্তিত্বের মহাকাব্যিক বয়ান, আর কাশবনের কন্যাকে বলা যায় নদীঘেঁষা মানুষের অন্তরঙ্গ মানবিক জীবনপাঠ।
এই তুলনাগুলোর পর ‘কাশবনের কন্যা’র নিজস্ব পরিচয় আরও স্পষ্ট হয়ে ওঠে। শামসুদ্দীন আবুল কালামের সবচেয়ে বড় শক্তি হলো ভূগোলকে মানুষের চরিত্রের অংশ করে তোলা। তার কাছে বরিশাল অঞ্চলের প্রকৃতি শুধু দৃশ্যপট নয়; তার সঙ্গে যুক্ত মানুষের ভাষা, পেশা, লোকবিশ্বাস, সম্পর্ক ও জীবনযাপন। ফলে উপন্যাসটিতে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, আঞ্চলিক কথা, লোকসংগীত ও লোকবচনের ব্যবহার চমৎকারভাবে রূপায়িত হয়েছে। এখানেই তার সাহিত্যিক স্বাতন্ত্র্য। মানিকের নদী যেমন অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত, অদ্বৈতের নদী যেমন একটি সম্প্রদায়ের অস্তিত্বের কেন্দ্র, শামসুদ্দীনের নদী তেমনি একটি জীবনসংস্কৃতির পরিবেশ।
বর্তমান পাঠকের কাছে ‘কাশবনের কন্যা’ কেন গুরুত্বপূর্ণ? সম্ভবত তার উত্তর নিহিত আছে আমাদের দ্রুত বদলে যাওয়া ভূগোলে। নদী বদলাচ্ছে, পেশা বদলাচ্ছে, গ্রাম বদলাচ্ছে, মানুষের ভাষা বদলাচ্ছে। গণমাধ্যমের অভিন্ন ভাষার চাপে আঞ্চলিক কথ্যভাষার বহু শব্দ ও অভিব্যক্তি হারিয়ে যাচ্ছে। এমন সময়ে ‘কাশবনের কন্যা’ যেন এক সাংস্কৃতিক স্মৃতির ভান্ডার। তবে তাকে নিছক ‘পুরনো বাংলার ছবি’ হিসেবে পড়লে ভুল হবে। কারণ উপন্যাসটির কেন্দ্রে যে আকাঙ্ক্ষাগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আজও মানুষের। এইখানেই তার সমকালীনতা।
পরিশেষে, ‘পদ্মানদীর মাঝি’ (১৯৩৬) আমাদের দেখায় নদীর সঙ্গে সংগ্রামরত মানুষের অর্থনৈতিক বাস্তবতা; ‘লালসালু’ (১৯৪৮) উন্মোচন করে গ্রামীণ সমাজের বিশ্বাস ও ক্ষমতার মনস্তত্ত্ব; ‘কাশবনের কন্যা’ (১৯৫৪) আমাদের শোনায় একটি নির্দিষ্ট জনপদের মানুষের অন্তরঙ্গ স্বর; ‘সূর্য-দীঘল বাড়ী’ (১৯৫৫) দেখায় ক্ষুধা, দারিদ্র্য ও সামাজিক সংকটে মানুষের বেঁচে থাকার লড়াই; আর ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬) ধারণ করে একটি নদী ও সম্প্রদায়ের দীর্ঘ অস্তিত্বসংকট। এই ধারার মধ্যে দাঁড়িয়ে শামসুদ্দীন আবুল কালামের স্বাতন্ত্র্যটি এখানেইÑ তিনি প্রান্তিক মানুষের জীবনকে কেবল দারিদ্র্য বা সংকটের পরিসংখ্যান হিসেবে দেখেননি। তিনি তাদের জীবনরস, ভাষা, প্রেম, লোকবিশ্বাস, স্বপ্ন ও সাংস্কৃতিক অস্তিত্বকে গুরুত্ব দিয়েছেন। ‘কাশবনের কন্যা’ আমাদের সেই কাশবনের ভেতরে নিয়ে যায়, যেখানে সৌন্দর্য ও বেদনা পাশাপাশি, আর মানুষের জীবন তার সমস্ত অসম্পূর্ণতা নিয়েই সাহিত্যের সবচেয়ে বড় সত্য হয়ে ওঠে। ফলে বাংলা কথাসাহিত্যে ‘কাশবনের কন্যা’ সাধারণ মানুষের অসাধারণ জীবনের এক স্থায়ী শিল্পরূপ।