আহমেদ মাওলা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১২:৫৫ পিএম
শামসুদ্দীন আবুল কালাম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জীবন ফুরিয়ে যায় কিন্তু জীবনের গল্প শেষ হয় না। মানুষের গল্প কি কখনও পুরনো হয়? জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়কে আমরা ভালোবেসে নাম দিয়েছি ‘জীবন’। হায়রে জীবন! ‘কবি’ উপন্যাসের নিতাই চরণ আক্ষেপ করে বলেÑ ‘জীবন এত ছোট ক্যানে?’ জীবন আসলে বড় কিংবা ছোট হয় না, পদার্থবিদ্যার বারো ইঞ্চির স্কেলে সময়ের দৈর্ঘ্য দিয়ে মাপার বিষয় নয় জীবন। জীবন ফুরিয়ে যাওয়ারই জিনিস, নশ্বরতাই তার অমোঘ নিয়তি। বরিশালের কামদেবপুর নামে এক নিভৃত গ্রামে ১ এপ্রিল ১৯২৬ সালে জন্মগ্রহণ করেছিলেন কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম। শৈশবে প্রথমে লেখাপড়ার জন্য ছাড়তে হয়েছিল প্রিয় গ্রাম। বরিশাল জিলা স্কুল থেকে ১৯৪১ সালে ম্যাট্রিক পাস করার পর ভর্তি হন বিএম কলেজে, সেখানে শিক্ষক হিসেবে পেয়েছিলেন কবি জীবনানন্দ দাশকে, পটুয়াখালীর তৎকালীন মুন্সেফ ম্যাজিস্ট্রেট অচিন্ত্যকুমার সেনগুপ্তকে, পেয়েছেন ‘দক্ষিণের বিল’, ‘চর কাশেম’ উপন্যাসের লেখক অমরেন্দ্রনাথ ঘোষকে। উচ্চশিক্ষার জন্য ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএতে ভর্তি হন। ছাত্রজীবনেই প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ শাহের বানু (১৯৪৫)। শামসুদ্দীন আবুল কালামের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ অনেক দিনের আশা (১৯৫২), পথ জানা নাই (১৯৫৩), প্রথম উপন্যাস কাশবনের কন্যা (১৯৫৪), আলমনগরের উপকথা (১৯৫৪), আশিয়ানা (১৯৫৫), কাঞ্চনমালা (১৯৬২), জায়জঙ্গল (১৯৮৭), মনের মতো ঠাঁই (১৯৮৫), সমুদ্র বাসর (১৯৮৬), যার সাথে যার (১৯৮৬), নবান্ন (১৯৮৬), কাঞ্চনগ্রাম (১৯৯৮) প্রভৃতি। তার গল্প-উপন্যাসে জোয়ার-ভাটার জলসিক্ত পলিমাটি, জলমগ্ন জীবনের সংগ্রাম, দুরন্ত প্রকৃতি সর্বদা সজীব সোঁদা গন্ধে ভরপুর ছিল। ‘কাশবনের কন্যা’ উপন্যাসই তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। ১৯৬৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। সাতচল্লিশে দেশবিভাগের পরও তিনি কলকাতাতেই ছিলেন। ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের ঢাকা তথ্য দপ্তর, রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট, পরে সহপরিচালক হন। এখানেই বন্ধু হিসেবে পান কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ, কবি ফররুখ আহমদ, কবি সৈয়দ আলী আহসানকে। থাকতেন আজিমপুর কলোনিতে, এখানে প্রতিবেশী হিসেবে পান শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবি গোলাম মোস্তফা, আবু হেনা মোস্তাফা কামালকে। ১৯৫৬ সালে তিনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি শাখা ইউনেস্কোর ফেলোশিপে ইউরোপে কয়েকটি দেশ সফর করেন। ১৯৫৯ সালে ইতালির রোমে যান ফটোগ্রাফি, সেট ডিজাইন, পাশ্চাত্য সংগীত নিয়ে পড়তে। ১৯৬১ সালে রোম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার চাকরি করতেন, ১৯৮৭ সালে চাকরি চলে যাওয়ার পর তিনি চরম অর্থকষ্টে ভোগেন। সুযোগ থাকার পরও অন্য কোনো দেশে যাননি। নাগরিকত্ব ছাড়াই অনুমতি নিয়ে রোমেই থাকতেন। ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রোমের এক অ্যাপার্টমেন্টে নিভৃতেই শামসুদ্দীন আবুল কালামের জীবনাবসান হয়।
পেছন ফিরে তাকালে দেখা যায়, ক্রমবিচ্ছিন্নতা আর বিচ্ছেদই শামসুদ্দীন আবুল কালামকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে পরিচয় ঘটে হোসনে আরা বিজুর সাথে। দেশভাগের পর ১৯৫০ সালে বাবা-মা, বড় দুলাভাই অধ্যাপক মকসুদ আলীর অমতে হোসনে আরা বিজুকেই বিয়ে করেন। থাকতেন হোসনে আরার এক ছোট ভাইকে নিয়ে আজিমপুর কলোনিতে। সরকারি কাজে করাচিতে থাকাকালীন তার মা ফুলমেহের মারা যান। শামসুদ্দীন আবুল কালাম ঢাকায় ফিরে আসেন। তখন তিনি মায়ের শোকে কাতর, বাবা অসুস্থ। বরিশাল থেকে ছোট দুই বোনকে তিনি ঢাকায় নিয়ে আসেন। কিন্তু স্ত্রী হোসনে আরার সম্মতি না থাকায় বোনদেরকে নিজ বাসায় রাখতে পারলেন না। এসব থেকেই স্ত্রীর সাথে তার সম্পর্কে চিড় ধরে। একপর্যায়ে হোসনে আরা শামসুদ্দীন আবুল কালামকে ছেড়ে অভিনেতা গোলাম মুস্তাফাকে বিয়ে করেন। সাথে নিয়ে যান তার একমাত্র কন্যা ক্যামেলিয়াকে। যদিও এই বিচ্ছেদ এবং বিয়ে কখন কীভাবে হয়েছে, তার কোনো সঠিক সন-তারিখ খুঁজে পাওয়া যায় না। তবু বিচ্ছেদ-বিচ্ছিন্নতাকে মেনে নিয়েই শামসুদ্দীন আবুল কালাম হয়ে ওঠেন বিবাগী, পরবাসী, স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটিয়েছেন আমৃত্যু। মৃত্যুর সময় কোনো স্বজন- প্রিয়জনের মুখ দেখে চোখ বন্ধ করতে পারেননি, কোনো আত্মীয়ের উষ্ণ হাতের স্পর্শ ছিল না। এমনকি কবরটাও রোম শহরের কোথায়, কেউ জানে না। বুকভরা অভিমান, আত্মগ্লানি তাকে জীবন-পলাতক করেছে কি? কিন্তু রোমে আত্মীয়-স্বজনহীন নিঃসঙ্গ জীবন কাটালেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ, দক্ষিণ অঞ্চলের সাগরবিধৌত ভেজা পলিমাটি, জায়জঙ্গল, বিরূপ প্রকৃতির বৈরিতার সঙ্গে নিত্য লড়াই করে বেঁচে থাকা নর-নারীর জীবন। বাংলাদেশের কথাসাহিত্যে এই শিকড়সন্ধানী লেখকের এবছর জন্মশতবর্ষ (জন্ম ১৯২৬)। অথচ কোথাও কোনো স্মরণ-উচ্চারণ ছাড়াই, তার মৃত্যুর মতোই খুব নীরবে-নিভৃতে কেটে যাচ্ছে।
শামসুদ্দীন আবুল কালামের প্রথম গল্পগ্রন্থ শাহেরবানু ১৯৪৫ সালে কলকাতার নবযুগ থেকে প্রকাশিত হয়। মোট দশটি গল্পÑ শাহেরবানু, ইতিকথা, জাহাজঘাটের কুলি, কেরায়া নৌকার মাঝি, পৌষ, শেষ প্রহর, মুক্তি, জোর যার এবং ভাঙন। গল্পের নাম থেকেই বোঝাই যায়, লেখকের জন্মস্থান, আশপাশের গ্রাম-জনপদ, জেলে, মাঝি, কুলি, চাষি, গ্রামীণ নারী-পুরুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের নিত্য আলেখ্য নিয়ে গল্পগুলো রচিত। সেই সময় পূর্ববঙ্গের সমাজ-সংস্কৃতি কলকাতার আধুনিক আরবান সাহিত্যে ছিল অনুপস্থিত। সেই অর্থে শামসুদ্দীন আবুল কালামের গল্পগুলো ‘কল্লোলী’ ধারা থেকে স্বতন্ত্র মর্যাদায় অভিসিক্ত হয়েছিল। তার অন্যান্য গল্পগ্রন্থÑ অনেক দিনের আশা, পথ জানা নাই-এর গল্পগুলোয় প্রায় একই বিষয় ও ভাষায় আঞ্চলিক ডায়লগে ক্ষুধা, দারিদ্র্য, প্রেম-প্রবঞ্চনার মর্মন্তুদ ঘটনা বর্ণিত হয়েছে। তার উপন্যাস ‘কাশবনের কন্যা’, আলমনগরের উপকথা, আশিয়ানা, কাঞ্চনমালা, জায়জঙ্গল, মনের মতো ঠাঁই, সমুদ্র বাসর, যার সাথে যার, নবান্ন, কাঞ্চনগ্রাম প্রভৃতিও আবহমান সাগর, নদীবিধৌত জলমগ্ন ভূমির জীবিকানির্ভর লোকসংস্কৃতির পটভূমিতে রচিত।
‘কাশবনের কন্যা’ উপন্যাসের প্রতিটি অধ্যায়ের পূর্বে লোকসংগীত, কবিতা এবং জয়নুলের স্কেচ জুড়ে দেওয়ার মধ্যে পল্লীবাংলার নিম্নবিত্ত গায়ক কবির জীবনধারা, বিশ্বাস-সংস্কারের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। উৎসর্গপত্রে লিখেছেনÑ ‘সকল কবিকুলের প্রতি’। উপন্যাস লেখা হয় গদ্যে, তাহলে কবি এবং কবিতার প্রতি এত পক্ষপাত কেন? আসলে উপন্যাসের বঙ্কিমী মডেল প্রত্যাখ্যান করে দেশজ রীতিতে তিনি উপন্যাস লিখতে চেয়েছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী-নৌকা, উজান-ভাটি, ঢেউ দোলানো তরঙ্গের সঙ্গে সুরের আশ্চর্য জাদুমাখা টানের মায়া আছে। উদার আকাশ এখানকার মানুষকে আউল-বাউল-উদাস করে। উপন্যাসের ঔপনিবেশিক মডেল থেকে মুক্ত হয়ে তিনি বাংলার শিকড়ের প্রাণশক্তিকে উপন্যাসের শৈলীতে বিন্যস্ত করেছেন। দুটি পঙ্ক্তিতে তার উদাহরণ পাওয়া যায়Ñ
সুখ-দুঃখ নৃত্য করে ভুবন জুড়িয়া
ঋতু দেয় ফুল-ফল বৎসর ধরিয়া
ভাটায় উজানে গড়ায় বহতা নদী
তারই মধ্যে ভিত বাঁধি জনম অবধি
ফুলের কেশর হইয়া সাধ উড়িয়া বেড়ায়
অন্তরও আকাশ হইয়া কেবলই উথলায়।
উপন্যাসের শুরু হয় হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েÑ ‘বধূ আমি ভুবন ভ্রমিয়া অবশেষে জানিয়াছি জননী জন্মভূমি বাস্তবিকই স্বর্গাদপি গরিয়সী।... ভালোবাসা ব্যাপ্ত হয়, কখনও কখনও কন্যার জন্য, কখনও রূপাতীত আরও ব্যাপকতর কাহার জন্য। তখন কেবল আর মন বাঁধা পড়িয়া থাকিতে চাহে না আত্মসুখে, আসে নিজেকে বিলাইয়া বিশ্বপ্রেমে পাগল হইবার উন্মাদনা।... এই দেশ, এই মানুষ, এই প্রকৃতি জীবনের এক তুলনাহীন রূপ, এই প্রেম জীবনের প্রতি প্রেমেরই কঠোর কোমল অধ্যায় (পৃ. ৮-১৯)। মূল চরিত্র শিকদারের সুরেলা কণ্ঠেÑ ‘ভুবনবরণী কন্যা আইলো আমার পরে রে’ নদীর ঢেউয়ের সঙ্গে মিশে গেছে। শিকদার এবং হোসেন দুজনই যেন আত্মভোলা, উদাসী ও জীবন পলাতক স্বভাবের মানুষ। মাছ শিকারের মৌসুমে মাছ শিকারে মেতে ওঠে। মাছ শিকারের ফাঁকে দুজনের সংলাপÑ
: তুমি কও একটা বিয়া করলে কেমন হয়?
: করবে না।
ঐ যে কথায় বলে নিজের শোওয়ার নাই জাগা, হাউস করছে কবিলারে সাধা। মোরগো মতো মানুষ হাওলাদার, যাগো চাল নাই, চুলা নাই, বোঝলা হাওলাদার, তাগো কেউ মাইয়া দেয় না। মাইয়ার বাপেও না, মাইয়ারাও আংডি-চুংডি হেন-তেন না পাইলে বিয়া বইবে না।’ (পৃ. ২০)
কাশবনের অবস্থান নদীর কূলে। দূর থেকে দেখলে কাশবনকে যতই নির্মল, মোহময় সুন্দর মনে হোক না কেন, নদীর খরস্রোতা ঢেউয়ের ছোবলে কাশগাছের শেকড় ছিন্নভিন্ন, ভেঙে পড়া মাটিতে কাশগাছের মুড়াশিকড় ঢেউয়ের আঘাতে নড়বড়ে, নাজুক থাকে। কাশবন কন্যাÑ জোবেদা, মেহেরজান, সখিনা কমনীয় হলেও পারিবারিক-সামাজিক-ব্যক্তিক নানা অভিঘাতে তাদের স্বপ্ন-আকাঙ্ক্ষা ভেঙে পড়া শিকড়ের মতোই রূপকায়িত হয়েছে। কোনো বানিয়ে তোলা বাস্তবতা নয়, বাস্তবিক নদীবিধৌত উপকূলের নারীদের জীবন ‘কাশবনের’ রূপকাশ্রয়ে তুলে ধরা হয়েছে।
সখিনা ছিল হোসেনের বাল্যকালের খেলার সাথি। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তার বাপ মুজাফফর অন্য গ্রামে গিয়ে অন্যের ভূমিতে বসবাস শুরু করে। হোসেন সখিনার প্রতি প্রবল অনুরাগী বলেই একদিন ইলিশ মাছ নিয়ে তাদের বাড়িতে যায়। সখিনার মায়ের এবং সখিনার আগ্রহ দেখে হোসেনের মনে নতুন আশা জাগে। এই সম্পর্কের পরিণতির জন্য কানু শিকদারকে সখিনার বাড়িতে পাঠায় কিন্তু ফিরে এসে শিকদার জানায়, হোসেনের সঙ্গে সখিনার পরিণয়ের কোনো সম্ভাবনা নেই। গঞ্জে আলীর সাথে সখিনার বিয়ের কথা ঠিক হয়ে আছে। ‘রাজি না হইয়া উপায় বা কী ছিল? যারা তারে ঠাঁই দিছে, কাজ দিছে রিজিকের, তারাই স্বয়ং সম্বন্ধ দিছে। এই রকম প্রতিপক্ষের সঙ্গে বাদ-বিসস্বাদের সাধ্য কেউর হইবে না।’ (পৃ. ৪৮) দেখা যায়, ভূমি আর নারী এখানে সমান্তরাল। কারণ, সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থায় ভূমির মালিকানা সামাজিক সম্পর্ক ও ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে ভূমিচ্যুত হয়ে গ্রাম ত্যাগ করতে বাধ্য হওয়া ভূমির মালিকের ক্ষমতার কাছে বন্দি। মানুষের মানবিক অনুভূতির তুলনায় ভূমির প্রভাব অধিক কার্যকর হয়ে ওঠে। ভূমি মানুষের জীবনে নিয়তির মতো অবির্ভূত হয়ে ভাগ্য ও পরিণতি নিয়ন্ত্রণ করেছে। শিকদারের ভালোবাসার নারীর নাম জোবেদা। কিন্তু জোবেদার বিয়ে হয় দূরগ্রামের ভূস্বামী আসগরউল্লাহর সাথে। সেখানে শাশুড়ি ও স্বামীর অত্যাচারে কষ্ট পায়। মহামারিতে পরিবারের সবাইকে হারিয়ে শিকদার একা, অন্যদিকে জমিজমাও হাতছাড়া হয়ে যায় ‘রাজা-রাজ্য বদলাইবার গণ্ডগোলে’। জোবেদাকে না পেয়ে শিকদার কবিয়াল জীবনেই মুক্তির পথ খুঁজে নেয়। মনসব সর্দারের বাড়িতে গান গাওয়ার সুবাদে শিকদারের খ্যাতি ছড়িয়ে পড়ে। জোবেদাও একসময় স্বামী-সংসার ছেড়ে শিকদারের কাছে আশ্রয় নেয়। অধিকাংশ চরিত্রেরই কোনো জমি নাই, জীবিকার কোনো বৃত্তি নাই, কৃষিকাজ, মাঝি, মাছধরাÑ এসব অনিশ্চিত জীবিকার ওপর নির্ভরশীল। বোঝা যায়, সামন্ততান্ত্রিক আর্থ-সামাজিক কাঠামোর নিগড়ে বাঁধা ব্যক্তি-মানুষ, পুঁজিবাদী অর্থনীতি তখনও উপকূলবর্তী গ্রামীণ সমাজগুলোতে প্রবেশ করেনি। তবে সামান্তবাদী সমাজের শোষণ অনড় হয়ে চেপে বসে আছে।
আলমনগরের উপকথা, আশিয়ানা, কাঞ্চনমালা, জায়জঙ্গল, মনের মতো ঠাঁই, সমুদ্র বাসর, যার সাথে যার, নবান্ন, কাঞ্চনগ্রাম প্রভৃতিতেও বাংলাদেশের গ্রামীণ সমাজ-সংস্কৃতিতে মানুষের ভূমিনির্ভরতা, ভূমিবিরোধ, ভূমিনিয়ন্ত্রিত নিয়তিতে নিষ্পেষিত হতে দেখা যায়। ‘কাঞ্চনগ্রাম’ উপন্যাসের ঘটনাক্রম চরিত্র-সংলাপের মধ্যে বাংলাদেশের রাজনীতি, দেশভাগ, দাঙ্গা উঠে এসেছে। জালাল মিঞা, আবদুল মাস্টার, জনার্দন কর্মকার, হেদায়েতউল্লাহ, জয়নাল শেখ প্রমুখের কথোপকথনে প্রতিফলিত হয়েছে লেখকের জীবনদর্শন।