রাশেদ রউফ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:৩১ পিএম
দূরের পাহাড়ে ছোটে বন্ধুরা কেউ
কাউকে পাগল করে সাগরের ঢেউ
কেউ কেউ ছুটে চলে বন-বনানীতে
হাতছানি দিয়ে ডাকে মন-মিতালিতে।
আমি শুনি সেই ডাকÑ মিহি মায়াময়
যেই ডাক জীবনের সেরা সঞ্চয়
সেই ডাকে চাঁদ নামে, বৃষ্টিও নামে
আমি ছুটি ওইখানেÑ আমাদের গ্রামে।
বন্ধুরা ছুটে চলে বান্দরবন
আমলকী বন জুড়ে খেলা করে মন
কক্সবাজারে কেউ ছুঁতে যায় জল
সমুদ্রে স্নান করে হয় নির্মল।
আমি ছুটি স্বপ্নিল মোহন গ্রামে
যেখানে সূর্য ওঠে আমার নামে
ঘুম ভাঙে ভেসে আসা আজানের সুরে
কাঁসর ঘণ্টা বাজে মন্দিরে দূরে।
পাহাড়-সাগর নয়, ডাকে গ্রাম-পাড়া
যেখানে স্বপ্ন হাঁটে, জাগে ভাবনারা।