মালেক মাহমুদ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:২১ পিএম
অলংকরণ : তানভীর মালেক
স্কুল ছুটির পর হই হই রই রই শব্দ। যা অন্যরকম এক অনুভূতি। এই আনন্দ নিয়ে স্কুল থেকে বাসায় ফিরছে খুকু আর রিফাত। একসঙ্গে হাঁটবে আর গল্প হবে না! তা কি হয়!
খুকুর বরাবরই নতুন কিছু দেখার আগ্রহ । রিফাতও তাই।
খুকু রিফাতকে বললÑ কাল সকালে একটু ঘুরতে যাব। তুই কি যাবি?
রিফাত : কোথায়?
খুকু : সে কথা সকালেই বলব।
কিছু সময় চুপ রইল রিফাত। তারপর বললÑ ঠিক আছে।
খুকু : তা হলে সকালে দেখা হচ্ছে?
রিফাত : হ্যাঁ।
দুজনেই বাড়ি ফিরে গেল।
পরদিন।
খুব ভোরে ঘুম থেকে উঠেছে খুকু। ভোরের সূর্য দেখে খুব আনন্দ লাগছিল। মনের আনন্দে হাঁটতে থাকে। কখন যেন ঝিলপাড়ে চলে গেল বুঝতেই পারেনি খুকু। ঝিলজুড়ে ফুটে আছে শাপলা শালুক কলমি আরও নানা জাতের ফুল। সাদা শাপলার দিকে তাকিয়ে খুকুর মন আনন্দে ভরে উঠল। লাল শাপলাও দেখতে পেল।
হঠাৎ খুকু দেখল, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি নেমে আসছে। অদ্ভুত মনে হতে লাগল।
এমন সময় রিফাত।
এত দেরি কেন?
ঘুম থেকে উঠতে দেরি হয়েছে।
খালাম্মাকে বলে রাখিসনি?
না।
এখানেই ভুল করেছিস।
তুই ঠিকই বলেছিস। মাকে বলে রাখলে আমাকে ডেকে তুলত। আমিও আরও আগে আসতে পারতাম।
রিফাতের দিকে তাকিয়ে খুকু বললÑ মনে হচ্ছে পাখি গোল হয়ে উড়ছে, আবার কখনও সারি বেঁধে ছুটে যাচ্ছে।
রিফাত অবাক হয়ে বললÑ ওড়াউড়ি করছে পাখি। এত পাখি কোথা থেকে এলো!
এই পাখিগুলো আমাদের অতিথি পাখি। এ কথা বলতে থাকে কাছাকাছি যেতে থাকে।
আরও কাছাকাছি । তাকিয়ে খুকু অবাক! এগুলো তো পাখি নয়!
রিফাত প্রশ্ন করে, তাহলে কী?
খুকু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। একটু পরেই সবগুলো ঝিলের পানিতে নেমে পড়ল। পানিতে ঢেউ উঠল, শাপলা ফুল দুলতে লাগল।
খুকু আনন্দে চিৎকার করে বলল, আরে! এগুলো তো হাঁস! হাঁসগুলো আকাশে উড়ে আসে!
সাদা-কালো হাঁসগুলো পানিতে সাঁতার কাটতে লাগল। খুকু হাততালি দিয়ে বলল, আজ তো ঝিলের পানিতে আকাশ থেকে হাঁস নেমে এসেছে!