× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনি ও তার বাবুরা

আরফাতুন নাবিলা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৩:১৯ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

তখন সন্ধ্যা। পেটে ক্ষুধা নিয়ে মিনি গলির এক কোনায় গাছের আড়ালে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে শুনতে পেল গাছের অপর পাশে দুটো বিড়াল কথা বলছে। ওরা এই এলাকায় একটা বাড়ির সন্ধান পেয়েছে। সেখানে কিনা মালিক দরজার সামনে বিড়ালদের জন্য খাবার রেখে দেন। রাস্তা থেকে বিড়ালরা যখন খুশি গিয়ে খেয়ে যায়। এমনকি পানিও রাখা থাকে আলাদা বাসনে। মিনি এই কথা শুনে খুবই অবাক হলো। কেউ বুঝি এভাবে খাবার রেখে দেয়? তাহলে সে নিজে কেন রাস্তা থেকে খাবার কুড়িয়ে খায়? তাই মিনি ঠিক করল এই বিড়ালদের সঙ্গে সেই বাড়িতে যাবে। প্রায় দুই দিনের অভুক্ত মিনি অন্য বিড়ালদের পিছু নিলো। দৌড়াতে দৌড়াতে চারতলায় উঠেই খাবারের সন্ধান পেল মিনি। খুব বেশি খাবার নেই। আগের দুজন খেয়ে গিয়েছে অনেকখানি। তবু যা আছে তাতেই মিনি বেশ খুশি হলো। সে খাবারটুকু খেয়ে পানি খেল। এতক্ষণে তার বেশ সুস্থ বোধ হচ্ছে। প্রায় দুই দিন না খেয়ে থাকা শরীরে একটু যেন বল ফিরে এলো। এভাবে বেশ কিছুদিন মিনি সেই বাড়িতেই খাবার খেতে যাচ্ছিল। 

আর কিছুদিন পরই মা হবে মিনি। এখন তার বেশি বেশি খাবার দরকার। একদিন খাবার খাওয়ার সময় বাড়িটির দরজা খুলে একটি মিষ্টি মেয়ে বেরিয়ে এলো। ওমা মেয়েটি মিনিকে আদরও করতে চাইল! কিন্তু মিনি এই প্রথম কিছুটা শঙ্কিত হয়। একে তো কেউ জানে না সে এখানে খেতে আসে, আবার যদি তাকে আটকে রাখতে চায়? মিনি ভয়ে দৌড়ে পালাল। পরদিন গিয়ে দেখে অবাক কাণ্ড! আজকে খাবার অনেক বেশি করে দেওয়া! একটা মাছের পিস পুরোটাই! মিনির চোখে তখন পানি। সে পেট ভরে খেয়ে দরজা খোলার অপেক্ষা করতে লাগল। কিন্তু সে-রাতে আর কেউ দরজা খুলে বেরিয়ে এলো না।

এদিকে মিনির মা হওয়ার সময় ঘনিয়ে এলো। চারতলায় উঠতে ওর একটু কষ্টই হয়। তবু পেটের বাবুদের জন্য কষ্ট করে সে ওঠে। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এমন একদিন দরজা খুলে সেই মেয়েটা বেরিয়ে এলো। আজ আর মিনি দৌড়ে পালাল না। 

কিছুদিন পর মিনির ফুটফুটে চারটি বাবু হয়েছে। একটু বড় হতেই এদিক-সেদিক চলে যায় খেলতে খেলতে। একদিন ভীষণ বৃষ্টিতে বাচ্চারা ভিজে চুপসে যাচ্ছিল। মিনি দিশেহারা হয়ে সেই পাঁচতলা বাড়িটার ছাদে মুখে করে একটা বাবুকে নিয়ে বস্তার আড়ালে রেখে এলো। দৌড়ে বাকিদের আনতে গিয়ে দেখে একটা বাচ্চাও আর সেখানে নেই! প্রচণ্ড বৃষ্টিতে তিন জন আলাদা হয়ে গিয়েছে! চারপাশে খুঁজতে খুঁজতে একটা বাবুকে রাস্তায় পড়ে থাকতে দেখল। কিন্তু ও নড়ছে না কেন? এত রক্ত কেন? মিনি বুঝতে পারল গলি থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছিল তার বাবু। কোনো গাড়ির চাপায় পড়ে না-ফেরার দেশে চলে গেছে। কিন্তু বাকি দুজন কোথায়? মিউ মিউ ডাকে পুরো এলাকা খুঁজে বাকি বাচ্চাগুলোকেও পেল না মিনি।

এবার মিনি আবারও ফিরে এলো সেই ছাদে। ছাদে এসে বাচ্চার ডাক শুনেও সে আড়াল হয়ে রইল। অনেক কষ্ট হলেও মিনি সারা রাত ওর থেকে কিছুটা দূরে বসে রইল। ভোরের আলো ফুটতেই দেখল সেই মিষ্টি মেয়েটা! মিনির ভিজে চিপসে যাওয়া বাবুকে কোলে নিয়ে আদর করছে। বাবুটাও ডেকে ডেকে কাঁদছে। মিনির চোখে আবারও পানি চলে এলো। সারা রাত অনেক কষ্ট হলেও মিনি জানে ওর সন্তান এখন নিরাপদে থাকবে। যখন খুশি খেতে পারবে, খেলতে পারবে। ওর চোখের সামনেই ওর শেষ সন্তানটিও চলে গেল। তবে পার্থক্য এটাই, বাকিদের খোঁজ সে না জানলেও এই সন্তান কোথায় আছে সেটা সে জানে। মিনি সেদিন সন্তান চলে যাওয়ার দুঃখে কাঁদেনি, কেঁদেছিল মানুষের ওপর আরও একবার ভরসা করা যায় এই ভেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা