প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৪৩ পিএম
বাংলাদেশের বাজারে উন্মোচিত হয়েছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত ব্যবহারের নানা প্রয়োজন নির্ভরযোগ্য সঙ্গী হতে ফোনটিতে রয়েছে ৮ হাজার এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে এই ব্যাটারি তৈরি করা হয়েছে।
সকালের কাজ শুরুর পর থেকে দিনের শেষ পর্যন্ত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং কিংবা ব্যবসার হিসাব-নিকাশ, সবকিছুতেই স্মার্টফোন এখন দৈনন্দিন নানা কাজের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য ব্যস্ত দিনের কাজে দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দেয়। এসব দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনায় রেখেই ভিভো ওয়াই৩২ তৈরি করা হয়েছে।
ব্যাটারির সক্ষমতার পাশাপাশি ওয়াই৩২-এ দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ছয় বছরের ব্যাটারি হেলথ ও ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। ফোনটি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম। গরম আবহাওয়ায়ও স্থিতিশীল পারফরম্যান্সের পাশাপাশি ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভিভো ওয়াই৩২-এর নান্দনিক নকশায়ও রয়েছে বাড়তি আকর্ষণ। ফোনটির টোয়াইলাইট রেড রং গোধূলির আকাশের লালচে-বাদামি আভা থেকে অনুপ্রাণিত, যা ঢাকার পরিশীলিত সৌন্দর্যকে তুলে ধরে। অন্যদিকে সানসেট অরেঞ্জ রংয়ে কক্সবাজারের সূর্যাস্তের প্রাণবন্ত আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট ফোনটির সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।
দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, যা ধুলা ও পানি প্রতিরোধে সক্ষমতা নিশ্চিত করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার। এমনকি ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।
ভিভো ওয়াই৩২ বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা। এছাড়া আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।