× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাল্যবিবাহের ছোবল

কীভাবে বাঁচবে মেয়ে শিশুরা

লাবণী মণ্ডল

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৩:৫২ পিএম

বাল্যবিবাহের ছোবল - কীভাবে বাঁচবে মেয়ে শিশুরা?

বাল্যবিবাহের ছোবল - কীভাবে বাঁচবে মেয়ে শিশুরা?

একের পর এক সভা- সেমিনার করেও কি মেয়েদের বাল্যবিবাহ আটকে রাখা যাচ্ছে? যেখানে রাষ্ট্রপ্রধানরা চাচ্ছেন মেয়েদের শিক্ষার হার বাড়াতে, সেখানে দারিদ্র্যের কশাঘাতে মা-বাবা যত দ্রুত পারছেন অল্প বয়সে মেয়েদের পরের ঘরে পার করে দিতে পারলে বাঁচেন। সমাজের এই নিষ্ঠুরতা কেন কমছে না? এখানে আসলে কোন পক্ষের দায় বেশি?

এগারো বছরে ভাঙা কপাল

ঢাকার কড়াইল বস্তি। এগারো বছরের সুমি (ছদ্মনাম) পড়ত বস্তির ভেতরের একটি স্কুলে। সম্প্রতি আগুনে স্কুলটি পুড়ে যায়। স্কুল গেল, তার কিছুদিন পরই বিয়ে। বর পাশের ঘরের এক ছেলে, ভাঙ্গারি বিক্রি করে। তার বয়স আনুমানিক ষোলো। মানে সে-ও শিশু। সুমি পড়তে চেয়েছিল। খুব করে চেয়েছিল। কিন্তু মায়ের চার সন্তান, চারজনই মেয়ে। বাবা দুই বছর ধরে খোঁজ রাখেন না। শরীয়তপুরে নদী একদিন তাদের ভিটা গিলে খেয়েছিল। সেই ভাঙন মাকে এনে ফেলেছে কড়াইলের একচিলতে ঘরে।

সুমি বলে, মায়ের মতো দুঃখের জীবন সে চায়নি। নদী মায়ের কপাল ভেঙেছিল, তার কপাল ভাঙল মাত্র এগারো বছরে। কথাগুলো বলার সময় তার গলায় কান্না ছিল না। ছিল রাগ। সেই রাগ নিয়েই ফিরেছি।

সুমির জীবনে কোনো একটা কারণ কাজ করেনি। নদীভাঙন, বাস্তুচ্যুতি, বাবার চলে যাওয়া, আগুন, স্কুল হারানো। একটার পর একটা ধাক্কা। প্রতিটি ধাক্কায় রাষ্ট্রের একটি করে দায় ছিল। কোনোটিই তার কাছে পৌঁছায়নি। একা মা চার মেয়েকে নিয়ে দিন টানেন। তার চোখে মেয়ের বিয়েই বোঝা কমানোর আর ‘নিরাপত্তা’র একমাত্র পথ। এখানে দারিদ্র্য কেবল অভাব নয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই সে কেড়ে নেয়।

প্রশ্ন তাই একটাই। আইনে বাংলাদেশের প্রতিটি কন্যাশিশু সমান নাগরিক। তাহলে দরিদ্র পরিবারের মেয়ের স্কুল, নিরাপত্তা, বিচার আর বিয়ের বয়স কেন আজও পরিবারের পকেট দেখে ঠিক হয়?

সংখ্যা যা বলছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের বহু সূচক গুচ্ছ জরিপ (মিকস) ২০২৫ বলছে, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশের বিয়ে হয়েছে আঠারোর আগে। ২০১৯ সালে হারটি ছিল ৫১.৪ শতাংশ। পনেরোর আগেই বিয়ে হয়েছে ১৩.৪ শতাংশের। উল্টো চিত্রও আছে। ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে বিবাহিতের হার ৩২.৯ থেকে বেড়ে ৩৮.৯ শতাংশ হয়েছে। আর সামাজিক সুরক্ষা সহায়তা পাওয়া পরিবারের সদস্যের হার ৫৮.১ থেকে নেমে এসেছে ৩৪.৪ শতাংশে। যে জাল দরিদ্র মেয়েকে আটকে রাখার কথা, সেটিই ছোট হয়ে গেছে।

গ্রামে হার ৪৯.৪ শতাংশ, শহরেও ৪২.৫। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসাবে, বাল্যবিবাহ কমছে বছরে মাত্র ২.১ শতাংশ হারে। এই গতিতে এটি দূর হতে দুই শতাব্দীর বেশি লাগবে।

যার কথা কেউ শোনে না

টাঙ্গাইলের এক গ্রামের মেয়ে শিউলি (ছদ্মনাম)। বুদ্ধিপ্রতিবন্ধী। কথা বলতে পারে, তবে বুঝতে সময় লাগে। ১০ বছর বয়সে গ্রামের পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ তাকে ধর্ষণ করে।

বাবা বিচারের আশায় দৌড়ঝাঁপ করেন। গ্রামে সালিশ বসে। বিচার মেলেনি। শেষে পরিবারটিকেই গ্রাম ছাড়তে হয়, তারা ওঠে মধুপুরের গড় এলাকায়। অপরাধী রইল গ্রামে, ঘর ছাড়ল ভুক্তভোগী।

চার বছর পর, ২০২৫ সালের ডিসেম্বরে, শিউলির বিয়ে হয় ৩৫ বছর বয়সী এক ভ্যানচালকের সঙ্গে। লোকটির আগে থেকেই স্ত্রী-সন্তান আছে। প্রতিবন্ধিতা আর ধর্ষণের ‘কলঙ্ক’ মিলে পরিবার বিয়েকেই সমাধান ভেবেছে।

এই শিশুটিকে একসময় কোলে দেখেছি। আবার যেদিন তাদের বাড়ি গেলাম, শুনলাম এত কিছু ঘটে গেছে। শিউলি শুধু হাসে আর কাঁদে। হয়তো ভেতরের ব্যথাটা বলতে চায়। কিন্তু কে শুনবে?

জাতীয় প্রতিবন্ধিতা জরিপ-২০২১ বলছে, ৫ থেকে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী শিশুর ৬০ শতাংশই কোনো শিক্ষায় নেই। দরিদ্র, মেয়ে আর প্রতিবন্ধী, তিন পরিচয় একসঙ্গে মিললে অধিকার কাগজেই থেকে যায়।

অপরাধ, তবু দরজা খোলা

আইনের চোখে বাল্যবিবাহ কোনো পারিবারিক সিদ্ধান্ত নয়। এটি শিশুর বিরুদ্ধে অপরাধ, আর সেই অপরাধে কয়েকজন অংশ নেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী প্রাপ্তবয়স্ক বরের দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যে মা-বাবা বা অভিভাবক বিয়ে দেন, তাদের সাজা ছয় মাস থেকে দুই বছর, সঙ্গে জরিমানা। বিয়ে পড়ানো বা নিবন্ধন করা কাজির সাজার পাশাপাশি লাইসেন্স বাতিলের বিধানও আছে।

কিন্তু আইনজীবীরা দুটি জায়গায় বড় ফাঁক দেখেন। প্রথমটি আইনেরই ১৯ ধারা। ‘বিশেষ প্রেক্ষাপটে’ অপ্রাপ্তবয়স্কের ‘সর্বোত্তম স্বার্থে’ আদালতের নির্দেশ আর মা-বাবার সম্মতিতে বিয়ে হলে তা আর অপরাধ থাকে না। কোনো ন্যূনতম বয়সও বাঁধা নেই। ২০১৭ সালেই বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও নারীপক্ষ এ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে, আদালত রুলও দেন। রিটের আবেদনকারী, সমিতির সভাপতি ও আইনজীবী সালমা আলী বলেন, ‘এ বিশেষ ধারা বাল্যবিবাহ নিরোধ আইনের বড় একটি ক্ষত। বলতে গেলে এ ধারা পুরো আইনের চেতনাই নষ্ট করে দিয়েছে।’

জাতীয় মানবাধিকার কমিশনও ধারাটি সংশোধনের সুপারিশ করেছিল। কমিশনের তৎকালীন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমদ বলেন, ‘১৯ ধারায় যে বিশেষ বিধান রাখা হয়েছে, তা সুনির্দিষ্ট না হয়ে পরিধির ব্যাপকতার কারণে বাল্যবিবাহকে উৎসাহিত করতে পারে।’ অর্থাৎ যে আইন বাল্যবিবাহ ঠেকানোর জন্য, তার ভেতরেই রাখা আছে বাল্যবিবাহের দরজা।

দ্বিতীয় ফাঁকটি আরও ভয়ের। দণ্ডবিধির ৩৭৫ ধারার ব্যতিক্রম অনুযায়ী স্ত্রীর বয়স তেরোর কম না হলে স্বামীর জোরপূর্বক যৌনসম্পর্ক ধর্ষণ বলে গণ্য হয় না। ২০২০ সালে চারটি সংগঠনের রিটে আইনজীবী শারমিন আকতার বিধানটি আদালতের নজরে আনেন। ফলটা দাঁড়ায় এমন : বিয়ের আগে যে কাজ শিশু ধর্ষণ, বিয়ের কাগজ পেলে তেরো পেরোনো মেয়ের বেলায় সেটি আর ধর্ষণ থাকে না। তাই বাল্যবিবাহ কেবল একটি অপরাধ নয়, আরেকটি অপরাধ ঢাকার পর্দাও।

শিউলির ঘটনায় এর প্রতিটি স্তর ভেঙেছে। শিশু ধর্ষণের মীমাংসা সালিশে হওয়ার সুযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেই। মামলা হওয়ার কথা ছিল, শিশুটির সহায়তা পাওয়ার কথা ছিল। শেষে বারো বছরের মেয়েটিকে তুলে দেওয়া হলো এমন এক বিয়েতে, যেখানে আইন তাকে আর পুরোপুরি রক্ষা করে না।

এক স্কুলে তেরোটি বিয়ে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গত ৩১ আগস্ট জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির এক সদস্য জানতে পারেন, নবম ও দশম শ্রেণির ১১ ছাত্রীর বিয়ে হয়ে গেছে। পরে মেলে আরও দুজনের খবর। ইউএনও কার্যালয়ে ডাকা হলে অভিভাবকরা স্বীকার করেন, জেলার বাইরে থেকে কাজি বা হুজুর এনে গোপনে বিয়ে পড়ানো হয়েছে। নিবন্ধন হয়নি। প্রশাসন মুচলেকা নেয়, আঠারো পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েরা বাবার বাড়িতে থাকবে, স্কুলে যাবে।

বিয়ে ঠেকানো যায়নি, ধরা পড়েছে হয়ে যাওয়ার পর। শাস্তির বিধান থাকলেও মিলেছে কেবল মুচলেকা। আর তেরো মেয়ের নিজের মতো কেউ জানতে চেয়েছে কি না, সে উত্তর কোথাও নেই।

নিবন্ধনহীন বিয়ের স্বীকারোক্তি এসেছে খোদ কাজিদের মুখ থেকেও। গত ২৯ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে মেয়েদের বিয়ের বয়স ষোলো করার দাবি তোলে। সমিতির সভাপতির যুক্তি, নির্ধারিত বয়সের আগে হলফনামা দিয়ে বহু বিয়ে হচ্ছে, কিন্তু নিবন্ধন হচ্ছে না। অর্থাৎ যাদের আইন পাহারা দেওয়ার কথা, তারাই আইনের বাইরে ঘটে চলা বিয়ের সমাধান খুঁজছেন বয়স কমিয়ে। অথচ ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত বছর স্পষ্ট বলেছিলেন, বাল্যবিবাহ শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা। এর সমাধান বয়স কমানো নয়, আইনের প্রয়োগ।

যে মেয়ে নিজেই গেল থানায়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। মেয়েটির বাবা নেই, জমিজমা নেই। মা অন্যের বাড়িতে কাজ করেন। পরিবার তাকে বিয়ে দিতে চাইছিল। গত ২৪ সেপ্টেম্বর সে নিজেই প্রথমে থানায়, পরে ইউএনও কার্যালয়ে যায়। জানায়, পড়া শেষ করে পুলিশ কর্মকর্তা হতে চায়। ইউএনওর ডাকে বসেন পরিবার, ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক। পরিবার রাজি হয় বিয়ে না দিতে। মেয়েটি পায় বই, ব্যাগ, পোশাক, কিছু নগদ টাকা আর পড়া শেষ পর্যন্ত সহায়তার আশ্বাস।

গল্পটি আশার। কিন্তু তার অধিকার রক্ষা হয়েছে নিজের সাহস আর একজন কর্মকর্তার সদিচ্ছায়, ব্যবস্থার জোরে নয়। সুমি বা শিউলি সেই সাহস দেখাতে পারেনি।

কেন কমছে না বাল্যবিবাহ 

মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবিরের সঙ্গে কথা বলে এর উত্তর পাওয়া যায়। তিনি বলেন, আইন, নীতি আর প্রশাসনিক উদ্যোগ থাকার পরও তৃণমূলে বাল্যবিবাহ আশানুরূপ কমছে না। তার ভাষায়, ‘এর কারণ শুধু দারিদ্র্য নয়; কন্যাশিশুকে পরিবারের বোঝা হিসেবে দেখার মানসিকতা, নিরাপত্তাহীনতা, শিক্ষার অনিশ্চয়তা এবং সামাজিক চাপও এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সঙ্গে যোগ করে জলবায়ুজনিত দুর্যোগ আর অস্পষ্ট আইনি কাঠামো। সুমির জীবনে এর প্রায় সবগুলো একসঙ্গে হাজির। অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির মনে করিয়ে দেন, এত কম বয়সে যে দায়িত্ব মেয়েটির কাঁধে চাপে, তার জন্য সে শরীরে বা মনে কোনোভাবেই প্রস্তুত নয়।

সমাধানও আবু আহমেদ ফয়জুল কবির দেখেন ব্যবস্থায়। শুধু আইন প্রয়োগে হবে না। মেয়ের জন্য চাই নিরাপদ ও মানসম্মত শিক্ষা, পড়া শেষে মর্যাদার কাজ আর নিজের আয়ে দাঁড়ানোর সুযোগ। সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি। কামাল উদ্দিন আহমদ জোর দেন স্থানীয় ও ধর্মীয় নেতাদের যুক্ত করার ওপর।

রাষ্ট্র কী বলছে

সরকারের হিসাবও আছে। গত ১৫ জুলাই জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, জুলাই ২০২৩ থেকে জুন ২০২৬, এই তিন বছরে সারা দেশে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। মন্ত্রী সরকারের কাঠামোও তুলে ধরেন : ২০১৮ থেকে ২০৩০ মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি ও তাদের নিয়মিত সভা, কাজি ও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক, হেল্পলাইন ১০৯ আর ৯৫টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেল।

কাগজে তালিকাটি পূর্ণ। কিন্তু সংখ্যাটা পাশাপাশি রাখলে ছবি বদলে যায়। তিন বছরে চার হাজার বিয়ে ঠেকানো মানে দিনে গড়ে চারটিরও কম। অথচ দেশের প্রায় অর্ধেক মেয়ের বিয়ে হচ্ছে আঠারোর আগে, প্রতি ১০ কিশোরীর প্রায় চারজন এখন বিবাহিত। যে বিয়ে খাতায় ওঠে না, সেটি এই হিসাবের বাইরেই থাকে।

নিবন্ধনের ফাঁক নিয়ে আদালতও নড়েছে। গত বছরের ১১ ডিসেম্বর আইনজীবী ইশরাত হাসানের রিটে হাইকোর্ট সারা দেশে বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য কেন্দ্রীয়, খোঁজযোগ্য ও কারচুপিমুক্ত ডিজিটাল ব্যবস্থা তিন মাসের মধ্যে চালুর নির্দেশ দেন। সেই সময়সীমা পেরিয়েছে সাড়ে ছয় মাস আগে।

সেভ দ্য চিলড্রেন গত মার্চে আমিনা (ছদ্মনাম) নামের এক কিশোরীর কথা জানায়। ফি দিতে না পারায় তার পড়া বন্ধ হয়েছিল, চাচারা বিয়ের চাপ দিচ্ছিলেন। আয়বর্ধক সহায়তায় সে দুটি ছাগল পায়। একটি বেচে ভর্তি পরীক্ষার ফি দেয়, ফেরে স্কুলে। সংস্থাটির হিসাবে, এই কর্মসূচির ১ হাজার ২০০ কিশোরীর ৮৫ শতাংশ বিয়ে এড়িয়ে পড়া চালিয়ে গেছে। দুটি ছাগলের দামে যদি একটি মেয়ের ভবিষ্যৎ বাঁচে, তবে কমে যাওয়া উপবৃত্তি আর সুরক্ষা ভাতা ফিরিয়ে আনা রাষ্ট্রের জন্য বিলাসিতা নয়, দায়।

রক্ষা নয়, অধিকার

এবারের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘বাল্যবিবাহ বন্ধ করুন, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করুন’। জাতিসংঘ জানিয়েছে, প্রতিপাদ্যটি ঠিক হয়েছে মেয়েদের সঙ্গে কথা বলেই।

আমাদের মেয়েরাও কথা বলছে। সুমি বলছে রাগ নিয়ে। শিবগঞ্জের মেয়েটি গেছে থানায়। আমিনা ফিরেছে স্কুলে। শিউলি বলতে পারে না, হাসে আর কাঁদে। তার নীরবতাও একটা কথা।

আবু আহমেদ ফয়জুল কবির বলেন, ‘কন্যাশিশুকে সুরক্ষার পাত্র নয়, বরং অধিকারসম্পন্ন এবং সিদ্ধান্ত গ্রহণে সমান মর্যাদার নাগরিক হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে।’ দরিদ্র পরিবারের মেয়ের অধিকার তখনই সবার সমান হবে, যখন তার পড়া, নিরাপদে বড় হওয়া, বিচার পাওয়া আর নিজের বিয়ের সিদ্ধান্ত কোনো সাহস বা সৌভাগ্যের ওপর নির্ভর করবে না। নির্ভর করবে রাষ্ট্রের দায়ের ওপর।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা