× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাল দ্বীপে বর্জ্যের ফাঁস

তাহজীবুল আনাম, কক্সবাজার

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৩:৪৭ পিএম

প্রবাল দ্বীপে বর্জ্যের ফাঁস

প্রবাল দ্বীপে বর্জ্যের ফাঁস

পর্যটন মৌসুম শুরুর আগেই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উপকূলে দেখা মিলছে বিপুল পরিমাণ পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্যের। এসব বর্জ্যের অনেকগুলোর গায়ে থাকা লেবেল, লেখা ও লোগো দেখে ধারণা করা হচ্ছে, সেগুলো মিয়ানমার ও থাইল্যান্ড থেকে সমুদ্রপথে ভেসে এসেছে। এতে সেন্টমার্টিনের উপকূল ও সামুদ্রিক পরিবেশে আন্তঃসীমান্ত দূষণের নতুন ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।

সৈকতে পড়ে থাকা বোতল ও প্যাকেটগুলো পরীক্ষা করে দেখা যায়, অনেকগুলোর গায়ে বাংলাদেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, লোগো ও বিদেশি ভাষায় লেখা রয়েছে। কয়েকটি বোতলের লেবেলে মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিষ্ঠানের পরিচয়ও দেখা গেছে।

স্থানীয়দের ধারণা, বর্ষাকালে প্রবল সামুদ্রিক স্রোত ও দক্ষিণা বাতাসের কারণে এসব বর্জ্য মিয়ানমার বা থাইল্যান্ডের উপকূল থেকে ভেসে সেন্টমার্টিনে এসে জমা হতে পারে। দ্বীপটির মারমেইড রিসোর্টের মালিক তায়েব উল্লাহ সম্প্রতি ছেঁড়া দ্বীপ এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, পর্যটক না থাকার সময়েও সৈকতে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য দেখে তারা বিস্মিত হয়েছেন। এসব বর্জ্যের অনেকগুলোর গায়ে বিদেশি প্রতিষ্ঠানের লেবেল ও লেখা রয়েছে।

তায়েব উল্লাহ বলেন, বর্ষার প্রবল স্রোত ও দক্ষিণা বাতাসের কারণে এসব বর্জ্য সমুদ্রপথে সেন্টমার্টিনে ভেসে আসতে পারে। স্থানীয়ভাবে দূষণ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেশী দেশ থেকে ভেসে আসা বর্জ্য এখন দ্বীপটির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

দ্বীপের উপকূলীয় কেয়াবন এলাকায়ও একই ধরনের বর্জ্য দেখা গেছে বলে জানান তিনি। ছেঁড়া দ্বীপের সৈকতে বর্জ্যের স্তূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, সৈকতে বিদেশি বোতল ও বর্জ্য, পর্যটক না থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা আছে। 

আরেক স্থানীয় বাসিন্দা ফয়েজ উল্লাহ বলেন, সেন্টমার্টিন ভ্রমণ বন্ধ রেখে কী লাভ হলো? পর্যটন বন্ধের সময়ও টনের পর টন প্লাস্টিক বর্জ্য আসছে। এটা নিয়ে সরকারের কাজ করা উচিত। সেন্টমার্টিনে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে ব্র্যাক। প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির সমন্বয়ক মোহাম্মদ রফিক জানান, তাদের স্বেচ্ছাসেবকরা দ্বীপের আবাসিক এলাকা থেকে প্রতিদিন প্রায় এক টন বর্জ্য সংগ্রহ করেন। পরে এসব বর্জ্য বিভিন্ন শ্রেণিতে আলাদা করে সেগুলো অনুযায়ী ব্যবস্থাপনা করা হয়।

রফিক বলেন, দ্বীপের জনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে তারা অন্য দেশ থেকে আসা বর্জ্য পাননি। তবে ছেঁড়া দ্বীপের কাছে সৈকত পরিষ্কার করার সময় বিদেশি লেবেলযুক্ত বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পেয়েছেন। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কক্সবাজারের সদস্য সচিব এইচএম ফরিদুল আলম শাহীন বলেন, সেন্টমার্টিনে এখন পর্যটক নেই। এর পরও সেখানে বস্তা বস্তা প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য ভেসে আসছে। এটি দ্বীপটির পরিবেশের জন্য বড় ধরনের হুমকি।

থাইল্যান্ডের বোতল, মিয়ানমারের প্যাকেট 

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, সৈকতে পাওয়া প্লাস্টিকের বোতলের গায়ে থাকা কয়েকটি লোগো অনলাইনে যাচাই করে দেখা হয়েছে। এতে কয়েকটি লোগো থাইল্যান্ডের কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের বলে শনাক্ত হয়েছে। এ ছাড়া কিছু প্যাকেটের গায়ে বিদেশি ভাষায় লেখা রয়েছে, যেগুলো মিয়ানমারের বলে মনে হচ্ছে।  তিনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা সেন্টমার্টিনের দূষণ কমাতে পর্যটন সীমিত করছি, সৈকত পরিষ্কারে অভিযান চালাচ্ছি এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করছি। অথচ অন্য দেশ থেকে আসা বর্জ্যও আমাদের একমাত্র প্রবাল দ্বীপটিকে দূষিত করছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা