প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৮:২৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ২০:৫৯ পিএম
পরীক্ষার চাপ, ক্যারিয়ারের চাপ—এরপর আসে বিয়ের চাপ। জীবনের এই তৃতীয় চাপটি নিয়েই আলোচনা হয় সবচেয়ে কম। অথচ দীর্ঘদিনের এই চাপ মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলতে পারে।
বিয়ের বয়স হয়ে গেছে—পরিবারের পক্ষ থেকে প্রতিদিনই মনে করিয়ে দেওয়া হচ্ছে। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হলেই আসছে একই প্রশ্ন। অথচ পছন্দের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রস্তাবও আসছে না; আবার প্রস্তাব এলেও অনেক সময় মনের সঙ্গে মিলছে না। এমন পরিস্থিতিতে দিনের পর দিন কাটানো মানুষটির ভেতরে কী ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে, তা নিয়ে খুব একটা জানতে চাওয়া হয় না।
ম্যাচমেকিং প্রতিষ্ঠান সাইয়োনির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিয়ের প্রক্রিয়ার মধ্যে থাকা প্রতি তিনজন তরুণের একজন তীব্র মানসিক চাপ অনুভব করেন। পরিবার থেকে চাপ আসছে, কিন্তু সমাধান কেউ দিতে পারছে না। এই দুইয়ের মাঝখানে আটকে থাকার যন্ত্রণাটা নীরব, কিন্তু গভীর।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা ধীরে ধীরে বাড়ছে। পরীক্ষার চাপ, কর্মক্ষেত্রের উদ্বেগ কিংবা পারিবারিক সংঘাতের মতো বিষয় নিয়ে এখন আগের তুলনায় বেশি কথা হচ্ছে। কিন্তু বিয়ের চাপ এখনও অনেকটাই আলোচনার বাইরে। সমাজ মনে করে এটা স্বাভাবিক উদ্বেগ, কাজেই এটা নিয়ে কষ্ট পাওয়া মানেই দুর্বলতা। কিন্তু মনোবিজ্ঞান বলছে অন্য কথা।
কারও আত্মসম্মান যখন অন্যের স্বীকৃতি ও মূল্যায়নের ওপর নির্ভর করতে শুরু করে, মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘কনটিনজেন্ট সেলফ-ওয়ার্থ’, তখন বিয়ে না হওয়া আর শুধু ব্যক্তিগত বিষয় থাকে না; তা ধীরে ধীরে আত্মপরিচয় ও আত্মমূল্যবোধের সংকটে পরিণত হতে পারে। একটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে অনেকেই সেটিকে শুধু একটি সম্পর্ক না হওয়ার ঘটনা হিসেবে দেখেন না, বরং নিজের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন। বিশেষ করে আগের কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর যারা এখনও মানসিকভাবে পুরোপুরি সামলে উঠতে পারেননি, তাদের জন্য বিয়েকে ঘিরে এই চাপ আরও কঠিন হয়ে উঠতে পারে।
এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশি একটি ম্যাচমেকিং প্রতিষ্ঠান বিয়ের পুরো প্রক্রিয়ায় মানসিক সুস্থতার বিষয়টি সামনে এনেছে। প্রযুক্তিনির্ভর ম্যাচমেকিং কনসালটেন্সি সাইয়োনি এখন শুধু পাত্র-পাত্রী খোঁজার মধ্যেই সীমাবদ্ধ নেই; বিয়ের প্রক্রিয়ায় তাঁদের মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম রিল্যাক্সির সঙ্গে কাজ শুরু করেছে।
সাইয়োনির প্রতিষ্ঠাতা ও সিইও তানভীর রহমান বলেন, ‘বিয়ের আগের মানসিক চাপ আমরা দেখেছি, যা বিয়ের পরও অনেক প্রভাব রাখে। সংসার গোছাতেও এর প্রভাব পড়ে।’
রিল্যাক্সি বাংলাদেশের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম। বাংলায় ২৪ ঘণ্টা সহায়তা, লাইসেন্সপ্রাপ্ত থেরাপিস্টের সঙ্গে সেশন এবং মাইন্ডফুলনেস টুলস নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত এক লাখ ২০ হাজারের বেশি ব্যবহারকারীর কাছে তারা পৌঁছেছে।
রিল্যাক্সির মনোবিজ্ঞানী সাইমা ইসলাম বলেন, ‘বিয়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হ্যাঁ বলার আগে নিজেকে সৎভাবে প্রশ্ন করা দরকার—এই সিদ্ধান্ত কি চাপ থেকে আসছে, নাকি সত্যিই এই মুহূর্তে আমি এটাই চাই?’
বিয়েকে ঘিরে মানসিক চাপ বাস্তব। বিয়ের প্রক্রিয়ায় মানসিক কষ্ট অনুভব করা স্বাভাবিক। তাই এ কষ্টকে পেশাদারভাবে সামলানোর জায়গা থাকা প্রয়োজন। বাংলাদেশে এই কথাটা পরিবার থেকেই প্রথম আসা উচিত।