প্রিতম পল্লব
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৫:২৮ পিএম
পোশাকের ভাঁজে দুর্গাপূজা পোশাক ও ছবি - রঙ বাংলাদেশ
আলমারির ওপরের তাকে তুলে রাখা নতুন জামাটি মাঝেমধ্যেই নামিয়ে দেখতে ইচ্ছা করে। গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ানো, আবার যত্ন করে ভাঁজ করে রাখা। পরার অনুমতি মিলবে ষষ্ঠীতে। পূজা আসার এই অপেক্ষার সঙ্গে অনেকের শৈশব জড়িয়ে আছে। তখন উৎসবের হিসাব হতো পাওয়া জামার সংখ্যায়, কোনটি কবে পরা হবে, তার গোপন পরিকল্পনায়। বড় হয়ে সেই হিসাব বদলায়। তবু নতুন কাপড়ের ভাঁজ খুললে আজও যেন দূর থেকে ঢাকের শব্দ শোনা যায়।
বাঙালি হিন্দুর দুর্গাপূজায় দেবী মহিষাসুরমর্দিনী, আবার ঘরে ফেরা কন্যা উমাও। সন্তানদের নিয়ে তার বাপের বাড়ি আসার কল্পনা উৎসবকে দিয়েছে গভীর পারিবারিক আবেগ। সেই আগমন ঘিরে ঘর সাজে, আপনজনরা ফেরেন, দেখা হয় বহুদিন পর। এই মিলনের প্রস্তুতিতেই পোশাকের বিশেষ জায়গা। প্রিয় মানুষের সামনে পরিপাটি হয়ে দাঁড়ানো, কাউকে নিজের পছন্দের একটি শাড়ি দেওয়া কিংবা ছোট্ট শিশুটিকে প্রথম পাঞ্জাবি পরানোয় উৎসবের আনন্দ দৃশ্যমান হয়ে ওঠে।
আজকের দুর্গোৎসবের এই চেহারা তৈরি হয়েছে দীর্ঘ সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে। আঠারো ও উনিশ শতকের বাংলায় জমিদার ও বিত্তবান পরিবারের পূজায় আড়ম্বর ছিল সামাজিক প্রতিপত্তি প্রকাশের অন্যতম উপায়। পরে বারোয়ারি ও সর্বজনীন আয়োজনের বিস্তারে পাড়ার মানুষ আরও বড় পরিসরে উৎসবের অংশ হন। পারিবারিক উঠান থেকে জনপরিসরে ছড়িয়ে পড়া পূজার সঙ্গে বেড়েছে একসঙ্গে বেরোনো, অতিথি আপ্যায়ন ও নিজেকে সাজিয়ে তোলার উপলক্ষ। এই পরিবর্তনের পাশে পোশাকের বিবর্তনকে রাখলে পূজার সাজকেও বাঙালির সামাজিক ইতিহাসের অংশ হিসেবে দেখা যায়।

উৎসবে নতুন পোশাক
উৎসবের সঙ্গে নতুন বস্ত্রের সম্পর্ক আচারেও দেখা যায়। দেবীপ্রতিমার শাড়ি ও অলংকার তার সাজের পরিচিত অনুষঙ্গ। সপ্তমীতে নবপত্রিকাকে স্নান করিয়ে শাড়ি পরানোর রীতিও রয়েছে; বহুল পরিচিত রূপটি লাল পাড়ের সাদা শাড়ি। তবে পরিবার ও পূজাভেদে এই রীতির ভিন্নতাও আছে। বস্ত্র এখানে দেবীকে বরণ ও সাজিয়ে তোলার অংশ। সেই দৃশ্যের পাশে মানুষের উৎসবসাজকে দেখলে কাপড়ের সঙ্গে পূজার সম্পর্কটি আরও স্পষ্ট হয়ে ওঠে।
মানুষের জীবনে আবার নতুন পোশাকের অর্থ খুব ব্যক্তিগত। কারও কাছে প্রথম উপার্জনে মায়ের জন্য কেনা শাড়ি, কারও কাছে দূরে থাকা দাদার পাঠানো পাঞ্জাবি। একটি শিশুর কাছে হয়তো সেটিই সারা বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত উপহার। কাপড়ের রঙ, দাম বা নকশার বাইরেও তাই থেকে যায় দেওয়ার মানুষটির পরিচয়। পূজার কেনাকাটার তালিকায় নিজের নামের সঙ্গে বাবা, মা, ভাইবোন কিংবা কাছের মানুষের নাম জুড়ে যাওয়ায় এই উৎসবের সামাজিক বন্ধনটিও ধরা পড়ে।
পূজার পোশাকের কথা উঠলে শাড়ি স্বাভাবিকভাবেই সামনে আসে। তবে শাড়ি পরার ভঙ্গি সময়ের সঙ্গে বদলেছে। উনিশ শতকে জ্ঞানদানন্দিনী দেবী পারসি নারীদের পোশাক থেকে অনুপ্রেরণা নিয়ে শাড়ি পরার ধরনে পরিবর্তন আনেন এবং বাঙালি নারীদের মধ্যে তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখেন। ব্লাউজ ও পেটিকোটসহ শাড়ি পরার এই বিন্যাস বাইরে চলাফেরার উপযোগী সাজ গড়ে তুলতে সাহায্য করেছিল। আজ পূজায় আটপৌরে শাড়ির পাশাপাশি সামনে কুঁচি দিয়ে কাঁধে আঁচল ফেলার যে পরিচিত সাজ দেখা যায়, তার পেছনেও রয়েছে সামাজিক প্রয়োজন ও রুচির পরিবর্তনের ইতিহাস।
বিশ শতকে চলচ্চিত্রের জনপ্রিয়তাও বাঙালির পোশাকের রুচিতে প্রভাব ফেলে। সুচিত্রা সেনের শাড়ি পরার ভঙ্গি ও উঁচু গলার ব্লাউজ অনুকরণ করেছেন অনেক নারী। পর্দায় দেখা সাজ ব্যক্তিগত পোশাকের ভাবনায় জায়গা করে নেয়। এই প্রভাবের ধারায় পূজার সাজকেও বোঝা যায়- পরিচিত ঐতিহ্যের সঙ্গে মানুষ মেলাতে চায় নিজের সময়ের পছন্দ। তাই পুরনো পারিবারিক ছবির পাশাপাশি প্রিয় তারকার সাজও হয়ে উঠতে পারে উৎসবের অনুপ্রেরণা।
লাল-সাদার মেলবন্ধন
লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে দুর্গাপূজার দৃশ্যগত সম্পর্ক বিশেষভাবে নিবিড়। এই সাজের পেছনে আছে বাংলার গরদ ও গরদ-কোরিয়াল বস্ত্রের ঐতিহ্য। প্রাকৃতিক রঙের রেশমি জমিন, লাল পাড় এবং আঁচলের নকশা এই ধারার পরিচিত বৈশিষ্ট্য। ধর্মীয় অনুষ্ঠানে গরদ-কোরিয়াল শাড়ির পাশাপাশি ধুতির ব্যবহারেরও ইতিহাস রয়েছে। সিঁদুর খেলার সাজে লাল পাড়ের শাড়ি বিশেষ পরিচিতি পেয়েছে। ফলে এই রঙের সমন্বয় দেখলেই অনেকের মনে পূজার ছবি ভেসে ওঠে।

সেই পরিচিত ছবির চারপাশেই নিজের মতো রঙ বেছে নেওয়ার জায়গা আছে। শিউলির সাদা ও কমলা, শরতের আকাশের নীল, ধানের সবুজ কিংবা প্রদীপের সোনালি আভা পোশাকের ভাবনায় আসতে পারে। কারও পছন্দ গাঢ় মেরুন, কারও মাটির কাছাকাছি রঙ। হালকা গোলাপি বা একরঙা সাদাতেও ফুটে উঠতে পারে উৎসবের স্নিগ্ধতা। রঙ বাছাইয়ের আনন্দটি তখনই পূর্ণ হয়, যখন তাতে পরার মানুষটির নিজস্ব রুচি ধরা পড়ে।
বয়নশিল্প
বাংলাদেশের পূজার সাজ ভাবতে গেলে দেশের বয়নশিল্পও সামনে আসে। ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মণিপুরি বুনন কিংবা রাজশাহীর রেশম থেকে বেছে নেওয়া যায় নিজের উৎসবের পোশাক। জামদানির বুটির সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাদামাটা ব্লাউজ রাখা যায়। চওড়া পাড়ের তাঁতের শাড়ির সঙ্গে মানাতে পারে ছোট দুল ও খোঁপায় ফুল। আবার রেশমের আভা একটু উৎসবমুখর করে তুলতে পারে সন্ধ্যার সাজ। কাপড়ের নিজস্ব সৌন্দর্যকে জায়গা দিলে সাজেও আসে স্বচ্ছন্দ পরিমিতি।
পুরুষের পূজার পোশাকেও রয়েছে ঐতিহ্যকে ব্যক্তিগতভাবে ফিরিয়ে আনার সুযোগ। ধুতির কুঁচি ঠিক করে পাঞ্জাবি পরার প্রস্তুতিতে অনেকের বাবাকে কিংবা দাদুকে মনে পড়ে। প্রথম ধুতি পরার সময় বড় কারও সাহায্য নেওয়ার ঘটনাটিও হয়ে থাকতে পারে পারিবারিক স্মৃতি। পাঞ্জাবির সঙ্গে পায়জামায় স্বচ্ছন্দ থাকেন যারা, তাদের সাজে রঙ, বোতাম, কলার কিংবা হাতার ছোট্ট কাজেই উৎসবের ছাপ আনা যায়। পোশাকের মাপ ঠিক থাকলে সাধারণ নকশাও সুন্দরভাবে ফুটে ওঠে।
শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা অন্য পছন্দের পোশাকেও পূজার সাজের বিস্তর সুযোগ। ওড়নার প্রান্তে সূচিকর্ম, হাতায় ফুলের ছোট মোটিফ কিংবা গলায় সংযত নকশা পুরো পোশাকটিকে আলাদা করে দিতে পারে। শরৎ থেকে অনুপ্রেরণা নিয়ে আঁকা কাশফুল, শিউলি বা পাতার বিন্যাসেও উৎসবের আবহ আনা সম্ভব। একই মোটিফের পুনরাবৃত্তি পোশাককে ভারী করে তুললে কিছু অংশ ফাঁকা রাখাই ভালো। নকশা ও খালি জমিনের ভারসাম্যে চোখ বিশ্রাম পায়।
সাজ প্রস্তুতি
পূজার দিনগুলোর ভিন্ন মেজাজও পোশাকের ভাবনায় প্রভাব ফেলে। ষষ্ঠীর বিকালে বন্ধুদের সঙ্গে দেখা, সপ্তমীতে পরিবারের সবাইকে নিয়ে মণ্ডপে যাওয়া, অষ্টমীর সকালে অঞ্জলিÑ প্রতিটি উপলক্ষের প্রস্তুতি আলাদা হতে পারে। সকালের জন্য হালকা, সহজে সামলানো যায় এমন পোশাক বেছে নেওয়া সুবিধাজনক। সন্ধ্যার সাজে যোগ হতে পারে গাঢ় রঙ, একটু রেশমি আভা কিংবা বিশেষ একটি গয়না। একই শাড়ির সঙ্গে ব্লাউজ ও গয়না বদলেও দুই সময়ের জন্য আলাদা সাজ তৈরি করা যায়।
এই সাজে ছোট অনুষঙ্গের গুরুত্বও কম নয়। কপালের টিপ, কানের দুল, চুড়ির শব্দ কিংবা খোঁপায় গোঁজা ফুল পরিচিত পোশাককে নতুনভাবে তুলে ধরতে পারে। মায়ের গয়নার বাক্স থেকে নেওয়া একটি দুলের সঙ্গে জড়িয়ে থাকতে পারে তার বহু বছরের পূজার গল্প। আবার মাটির, কাঠের বা কাপড়ের গয়নায় ফুটে উঠতে পারে অন্য রকম রুচি। শাড়ির আঁচল বা পাঞ্জাবির কাজ নজরকাড়া হলে অনুষঙ্গ একটু হালকা রাখলে পুরো সাজে ভারসাম্য আসে।
পরিবারের সবাই মিলে সাজলে পোশাক হয়ে ওঠে একসঙ্গে থাকার আনন্দ প্রকাশের আরেক উপায়। মায়ের শাড়ির পাড়ের রঙটি থাকতে পারে মেয়ের জামায়, বাবার পাঞ্জাবির ছোট মোটিফটি ছেলের পোশাকে। হুবহু একই পোশাক ছাড়াও একটি রঙ বা নকশার সূত্রে সবাইকে মিলিয়ে নেওয়া সম্ভব। পারিবারিক ছবিতে সেই মিল সুন্দর লাগে। কয়েক বছর পর ছবিটি দেখতে বসলে মনে পড়ে যায়, কে কাকে সাজিয়েছিল, কার বোতাম লাগাতে দেরি হচ্ছিল, আর কে ছবি তোলার আগেই ছুটে গিয়েছিল মণ্ডপের দিকে।
শিশুদের উৎসবের সাজে এই ছুটে বেড়ানোর জায়গাটুকু থাকা জরুরি। নরম কাপড়, স্বচ্ছন্দ মাপ ও সহজে পরানো যায়Ñ এমন পোশাক বেছে নিলে তারা আনন্দে সময় কাটাতে পারে। বড়দের ক্ষেত্রেও দীর্ঘক্ষণ হাঁটা, বসা বা ভিড়ের মধ্যে চলার কথা ভেবে সাজ ঠিক করা সুবিধাজনক। শাড়ির আঁচল, ওড়না ও গয়না এমনভাবে গুছিয়ে নেওয়া ভালো, যেন বারবার ঠিক করতে না হয়। সাজ যখন সহজে সামলানো যায়, তখন মন দেওয়া যায় আড্ডায়, আরতিতে কিংবা প্রিয় মানুষটির কথায়।
‘রঙ বাংলাদেশ’-এর কর্ণধার সৌমিক দাস বলেন, ‘পূজার পোশাকের সঙ্গে বাঙালির স্মৃতি, পারিবারিক বন্ধন ও সাংস্কৃতিক পরিচয় গভীরভাবে জড়িয়ে আছে। মায়ের শাড়ির পাড় কিংবা বাবার পাঞ্জাবির নকশা অনেক সময় পরের প্রজন্মের উৎসবসাজের অনুপ্রেরণা হয়ে ওঠে। রঙ বাংলাদেশের ভাবনায় এই আবেগের বিশেষ জায়গা রয়েছে। আমরা চাই, দেশীয় বুনন ও লোকজ নকশা সময়ের রুচি এবং আরামের সঙ্গে মিলিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছাক। পরিবারের সবাই একটি রঙ বা নকশার সূত্রে সাজলে একসঙ্গে থাকার আনন্দও পোশাকে প্রকাশ পায়। আর দেশীয় কারুশিল্পের পোশাক বেছে নেওয়ার মধ্য দিয়ে সম্মান জানানো হয় এর পেছনের কারিগরদের শ্রম ও সৃজনশীলতাকে। ‘দেশের পোশাকে দেশের উৎসব’ উদযাপনের ভাবনাটি আমাদের কাছে তাই ভালোবাসা ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার প্রত্যয়।’
পোশাকের এই আনন্দের পেছনে অনেক মানুষের শ্রম থাকে। সুতা বোনা, রঙ করা, ছাপ দেওয়া, সূচিকর্ম, সেলাই ও শেষবারের মতো ইস্ত্রিÑ প্রতিটি ধাপ পেরিয়ে একটি পোশাক হাতে আসে। উৎসবের জন্য দেশীয় বুনন ও কারুকাজ বেছে নেওয়া সেই দক্ষতার কদর করারও সুযোগ। কাপড়টি কোথায় তৈরি, কাজটি কীভাবে করা, যত্ন নিতে হবে কীভাবেÑ এসব জানতে আগ্রহী হলে পোশাকের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। তখন প্রিয় শাড়িটির পরিচয় শুধু তার রঙে আটকে থাকে না।
নতুন পোশাকের পাশে আলমারিতে যত্নে রাখা পুরনো পোশাকও পূজায় ফিরে আসতে পারে। মায়ের শাড়িতে নতুন ব্লাউজ, আগের পাঞ্জাবিতে মানানসই উত্তরীয় কিংবা বহুদিনের প্রিয় গয়নায় তৈরি হতে পারে এবারের সাজ। একটি পোশাক বারবার পরলে তাতে জমা হয় আলাদা আলাদা বছরের স্মৃতি। যে শাড়িতে প্রথম অঞ্জলি দেওয়া হয়েছিল, কয়েক বছর পর সেটিই হয়তো পরা হলো সন্তানের হাত ধরে মণ্ডপে যাওয়ার দিনে।
দশমীর পরে পোশাকগুলো আবার গুছিয়ে রাখা হয়। কোনো আঁচলে সিঁদুরের ছাপ থেকে যায়, কোনো ছোট পাঞ্জাবি পরের বছর আর গায়েই লাগে না। তবু সেগুলো সহজে ফেলে দেওয়া যায় না। কাপড়ের সঙ্গে যে মানুষ আর মুহূর্তগুলো জড়িয়ে থাকে, তাদেরও তো যত্নে রাখতে ইচ্ছা করে। পরের শরতে আলমারি খুলে সেই শাড়ি হাতে নিলে হয়তো মনে পড়বে একটি মুখ, একটি বিকাল, একসঙ্গে বাড়ি ফেরার পথ। বাঙালির পূজার পোশাক এভাবেই হয়ে ওঠে সময়কে ধরে রাখার আপন আশ্রয়।