× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার ভোজ

পলি চক্রবর্তী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৫:২৩ পিএম

পূজার ভোজ

পূজার ভোজ

পূজার আয়োজন মানেই ভিন্ন কিছু। সবাই চায় আতিথেয়তায় নতুনত্ব থাকুক। কিন্তু কী ধরনের খাবার তৈরি করলে সবার ভালো লাগবে, সেটা নিয়ে অনেকেই ভাবনায় পড়েন। আজকের হেঁশেলে রইল এমনই কিছু খাবারের রেসিপি। রেসিপি দিয়েছেন পলি চক্রবর্তী।

কুমড়ো পাতায় কচু পুড়ের বড়া

যা যা লাগবে

সয়াবিন তেল ৬ টেবিল চামচ বা পরিমাণমতো, কুমড়া পাতা ৬-৭ টা, জল কচু কুরানো ১ কাপ, নারকেল কুরানো হাফ কাপ, চিনি ২ চিমটি, মুগ ডাল এক কাপ, ধনে, জিরা টালা গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ/স্বাদমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৬-৭ টা, ধনেপাতা ১ মুঠো, সরিষার তেল ১ চা চামচ, সরিষা ১ চা চামচ, পোলাও চাল হাফ কাপ 

যেভাবে বানাবেন 

নারকেল, সরিষা, ধনেপাতা, কচু, সরিষার তেল একসঙ্গে হালকা করে ব্লেন্ড করে নিন। বেশি মিহি করা যাবে না। কড়াইতে একটু তেল চিনি, লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে মিশ্রণটি টেলে জল টানিয়ে নিন। অন্যদিকে পোলাও চাল + মুগ ডাল ভিজিয়ে ধুয়ে অল্প জল দিয়ে হালকা ব্লেন্ড করে তাতে হলুদ, জিরা গুঁড়া, লবণ, হালকা মরিচের গুঁড়া, কালোজিরা মিশিয়ে নিন। কুমড়ো পাতা ভালো করে ধুয়ে হালকা লবণ মেখে নিন দুই পিঠে। নরম হয়ে যাবে, ভাঁজ করতে সুবিধা হবে। কুমড়ো পাতার  ভেতরে নারকেল কচুর মিশ্রণ দিয়ে পাতা ভাঁজ করে নিন। ভাঁজ করা পাতায় চাল এবং ডালের মিশ্রণে মাখিয়ে সয়াবিন তেলে ভেজে নিলেই রেডি মচমচে বড়া।

নিরামিষ তিতা-মিঠা লাবড়া

যা যা লাগবে 

শজনে ডাঁটা/যেকোনো ডাটা পরিমাণমতো, মিষ্টি আলু ২টা, গোল আলু ২টা, মিষ্টি কুমড়া ১ পিস, গাজর ১টা, বেগুন ১টা, করল্লা ১টা, টমেটো ২টা, শুকনো শিমের বীজ খোসা ছাড়ানো ভেজে সেদ্ধ করা এক মুঠ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরে গুঁড়া ১-২ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, ঘি ১ চা চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, চিনি ২ চিমটি, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন ১ চা চামচ, শুকনো মরিচ ৩টা, মরিচের গুঁড়া, ডালের বড়ি ভাজার জন্য, তেজপাতা ৩টা, বাদাম বাটা ২ চা চামচ, নারকেল বাটা ১/২ কাপ, মটর ডাল বাটা এক কাপ বড়ার জন্য, ধনে পাতা পরিমাণমতো।

যেভাবে বানাবেন

প্রথমে সবগুলো সবজি ভালো করে কেটে একসঙ্গে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। করল্লা আলাদা করে ভাপ দিতে হবে। ডাল বাটায় লবণ, হলুদ মরিচের গুঁড়া, কালো জিরা মিশিয়ে বড়া করে হালকা ভেঙে নিতে হবে। এবার কড়াই গরম করে, তাতে সয়াবিন তেল, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ফোঁড়ন দিন। তারপর নারকেল বাটা, বাদাম, আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদের গুড়া, কাঁচা মরিচ, আর সামান্য জল দিয়ে মসলা কষিয়ে নিন সেই তেলে। মসলা কষে গেলে ভাপ দেওয়া সবজি ও করল্লা ছেড়ে দিন ওই মসলার মধ্যে। ভালো করে নেড়েচেড়ে কেটে রাখা টমেটো, শীমের বীজ দিয়ে রান্না করুন ১৫ মিনিট। লাবড়া ভালো করে সেদ্ধ হয়ে সুগন্ধি ছড়ালে একটু ঘি, ২ চিমটি চিনি, কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

হাতেমাখা তিলের অম্বল

যা যা লাগবে 

যেকোনো সাদা তিল খোসা ছাড়ানো ২ কাপ, নারকেলের দুধ ১ কাপ (অপশনাল), বিট লবণ স্বাদমতো, লেবু পাতা ৪-৫টা, লেবু ২টা, আমসত্ত্ব স্বাদমতো (ঘনত্বের জন্য), চিনি ৩ চা চামচ, জল পরিমাণমতো।

যেভাবে বানাবেন 

সাদা তিল পরিষ্কার করে কড়াইতে ভেজে গ্রাইন্ডারে গুঁড়া করে তারপরে আবার একটু জল মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডারে, একদম মিহি করে। ব্লেন্ড হলে তার সঙ্গে আমসত্ত্ব মিশিয়ে নিতে হবে। আমসত্ত্ব বেশি মিহি করা যাবে না, যেন আমসত্ত্ব কিছুটা গুঁড়া গুঁড়া থাকে, খেতে ভালো লাগে। একই মিশ্রণের সঙ্গে তার সঙ্গে চিনি বা গুড়, নারকেলের দুধ মিশিয়ে নিতে হবে পরিমাণমতো। তার সঙ্গে গন্ধ রস লেবুর রস মিশাতে হবে। হাত দিয়ে লেবু পাতা কঁচলে নিয়ে পাতাগুলি ফেলে দিন। পাতা রেখে দিলে তিতা হয়ে যাবে। তিলের অম্বলের ঘনত্ব এমন হতে হবে পাতলা ও না, বেশি ঘনও না, ঠিক ডালের মতো। 

কাসুরি মেথির ছানার ডালনা

যা যা লাগবে 

দুধ ১ কেজি, লেবু ১ টুকরো, আলু ৩ টা, টমেটো পিউরি ২ টেবিল চামচ, চিনি হাফ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, জিরে গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদমতো, ঘি ১ চা চামচ, তেজপাতা ২ পিস, কাঁচা মরিচ ৪টা, তেল ৪ টেবিল চামচ, টক দই ৩ চা চামচ, চারমগজ বাটা-৩ চা চামচ, কাজুবাদাম বাটা ২ চা চামচ, কাসুরি মেথি গুঁড়া হাফ চা চামচ।

যেভাবে বানাবেন 

প্রথমেই দুধ ফুটিয়ে নিন। এবার তাতে লেবুর রস দিয়ে ছানা কেটে পানি ঝরিয়ে নিন। এবার আলু ডুমু ডুমু করে কেটে হালকা লবণ হলুদ পানিতে ভাপিয়ে নিয়ে পানি ঝেরে নিন। আদা ও কাঁচা লঙ্কা বেটে নিন। পানি ঝরিয়ে নেওয়া ছানায় হলুদ গুঁড়া, এক চামচ ময়দা ও স্বাদমতো লবণ, ২ চিমটি চিনি, জিরে টালা গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, দুই চিমটি হলুদ গুঁড়া যোগ করে ছানার মিশ্রণকে হাতে নিয়ে ভালো করে মেখে ছোট ছোট বড়ার আকার দিন। কড়াইয়ে তেল গরম করে তাতে ছানার বলগুলি দিয়ে হালকা লাল করে ভেজে নিন ৩-৪ মিনিট। একই তেলে ভাপিয়ে নেয়া আলুগুলি লাল করে ভেজে নিন। এবার ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, ফোঁড়ন দিন। একে একে সেই ফোঁড়নে টমেটো পিউরি, বেটে রাখা আদা ও কাঁচা মরিচের সঙ্গে জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়া, টক দই, চার মগজ বাটা, কাজুবাদাম বাটা, অল্প জল একসঙ্গে মিশিয়ে পেস্ট করে সেই ফোঁড়নে ঢেলে কষিয়ে নিন, যতক্ষণ না পর্যন্ত তেল ওপরের দিকে না ওঠে। মসলা কষে তেল ওপরের দিকে উঠলে পরিমাণমতো পানি দিয়ে বলক উঠান ৪ মিনিট। ঝোল ঘন হয়ে এলে নামানোর এক মিনিট আগে কাসুরি মেথি ছিটিয়ে, চুলা বন্ধ করে ঢেকে রাখুন ডালনা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা