× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের জন্য নয়, আগামীর জন্য

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১১:১৫ এএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১১:৩৬ এএম

পরিবেশ সুরক্ষায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী জহির রায়হান নিজের অর্থ, শ্রম আর ভালোবাসায় লাগিয়েছেন প্রায় ২০ হাজার তালগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবেশ সুরক্ষায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী জহির রায়হান নিজের অর্থ, শ্রম আর ভালোবাসায় লাগিয়েছেন প্রায় ২০ হাজার তালগাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যখন মানুষ নিজের ঘর, জমি আর জীবনের হিসাব মেলাতে ব্যস্ত; তখন ঝিনাইদহের জহির রায়হান হিসাব কষেছেন ভবিষ্যতের সবুজ নিয়ে। গ্রামের মেঠোপথ, মাঠের আইল, খালপাড় কিংবা অনাবাদি জমিতে নীরবে পুঁতে দিয়েছেন একের পর এক তালবীজ। কোনোটি বেঁচেছে, কোনোটি হারিয়ে গেছে; তবু থামেননি তিনি। এভাবেই নিজের অর্থ, শ্রম আর ভালোবাসায় লাগিয়েছেন প্রায় ২০ হাজার তালগাছ।

পরিবেশ সুরক্ষায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী জহির রায়হান ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। পেশায় রঙমিস্ত্রি। জহির তার আয়ের একটি অংশ দিয়ে রাস্তার ধারে তালবীজ, খেজুরগাছের চারাসহ নানা জাতের গাছের চারা রোপণ করেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এমন অভিনব কাজের কারণে তিনি এরই মধ্যে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন। সবশেষ গত ৯ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর-বেড়াশুলা মাঠে প্রায় তিন কিলোমিটার সড়কে তালবীজ রোপণ করেন তিনি।

স্থানীয়রা জানান, জহির শুধু নিজের জমিতেই গাছ লাগাননি। বিভিন্ন গ্রামে গিয়ে রাস্তার পাশে, মাঠের ধারে, পুকুরপাড়ে ও পতিত জায়গায় তালবীজ রোপণ করেছেন। কোথাও চারা নষ্ট হয়ে গেলে আবার সেখানে নতুন করে বীজ লাগিয়েছেন। জহির রায়হান বলেন, তালগাছ আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আমি মনে করেছি, নিজের সামর্থ্য অনুযায়ী যদি কিছু গাছ লাগানো যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্তত এই গাছগুলো দেখতে পাবে। আর তালের চারা উৎপাদনও সহজলভ্য, তাই তালগাছ লাগানোর পাশাপাশি মানুষকে গাছ রক্ষায় উৎসাহিত করাই আমার উদ্দেশ্য।

স্থানীয় জুয়েল রানা বলেন, এক দশকে ২০ হাজার তালগাছ লাগানোর এই উদ্যোগ শুধু গাছ রোপণের গল্প নয়, এটি ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ রক্ষার একটি উদাহরণ। তার রেখে যাওয়া হাজারো গাছ এক দিন হয়ে উঠবে আগামী প্রজন্মের জন্য সবুজ উত্তরাধিকার।

ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আসগর আলী বলেন, জহিরের রোপিত অনেক তালগাছ এখন বড় হতে শুরু করেছে। বিশেষ করে রাস্তার পাশের গাছগুলো বড় হলে পথচারীদের ছায়া দেবে এবং গ্রামীণ পরিবেশে সৌন্দর্যও বাড়াবে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার বলেন, এ রকম বৃক্ষপ্রেমী মানুষের কথা এর আগে শুনি নাই। আশা করছি, শিগগিরই জহির রায়হানের সঙ্গে আমরা দেখা করব। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কোনো সহযোগিতা করা যায় কি না, সেটাও আমরা দেখব।

সর্বোপরি গ্রামের এক রঙমিস্ত্রি জহির যে তালগাছগুলো রোপণ করেছেন তা নিজের জন্য নয়। আজ যে শিশুটি গাছগুলোর পাশ দিয়ে দৌড়ে যায়, যে পথিক আজ রোদে হাঁটে, যে প্রজন্ম এখনও পৃথিবীতে আসেনি, তাদের জন্য। এক দিন জহির থাকবেন না; কিন্তু তার লাগানো হাজারো তালগাছ তখন বাতাসে দুলবে। পাতার ফাঁক দিয়ে রোদ-ছায়ার খেলায় যেন তারা বলে যাবেÑ একজন মানুষ ছিলেন, যিনি নিজের জীবনের অনেকটা সময় মাটির কাছে রেখে গিয়েছিলেন, যাতে তার চলে যাওয়ার পরও পৃথিবীটা একটু বেশি সবুজ থাকে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা