একেএম ফজলুল হক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১১:০১ এএম
কালাবগি খালে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে ‘কালোগলা হাঁস’। ছবি: প্রতিদিনের বাংলাদশ
সুন্দরবনের এক বিরল সুন্দরী পাখি ‘মাস্কড ফিনফুট’। বাংলায় যা ‘মুখোশধারী হাঁস’, ‘কালোগলা হাঁস’ বা ‘কালোমুখ প্যারাপাখি’ নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম : Heliopais personatus। তবে স্থানীয়দের কাছে পাখিটি সুন্দরী হাঁস নামে বেশি পরিচিত। এটি এক প্রজাতির বন্য পাখি। সুন্দরবনের গহিন ম্যানগ্রোভ বনে সাঁতরে বেড়ানো জলচর এই পাখিটি পৃথিবী থেকে বিলুপ্তপ্রায়। সুন্দরবনই এখন পাখিটির অন্যতম শেষ নিরাপদ আশ্রয়স্থল বলে গবেষকদের ধারণা।
বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি ও মাহিডল বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালে এক যৌথ গবেষণা থেকে জানা যায়, বিশ্বে এখন মাত্র ১০৮ থেকে ৩০৪টি প্রাপ্তবয়স্ক ‘মাস্কড ফিনফুট’ পাখি বেঁচে আছে। ২০০৯ সালেও এদের সংখ্যা ছিল ৬০০ থেকে ১,৭০০টির মতো। অর্থাৎ প্রতিবছর এই পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তাই ২০২২ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বিশ্বব্যাপী পাখিটিকে ‘সংকটাপন্ন’ অবস্থা থেকে ‘মহাবিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।
সম্প্রতি পাখিটির সন্ধানে ও তথ্য সংগ্রহে গিয়েছিলাম সুন্দরবনে। এই দুর্লভ ও রহস্যময় পাখির খোঁজে সুন্দরবনের শান্ত ও নিভৃত চারটি খালে (জোংরা খাল, চিটা-কটকা খাল, কচি খাল ও সুন্দরী খাল) রোমাঞ্চকর অভিযান ইতোমধ্যে সম্পন্ন করেছি আমরা। দুর্ভাগ্যবশত মাস্কড ফিনফুটের দেখা না মিললেও বনের শান্ত পরিবেশে রহস্যময় এই খালগুলো ভ্রমণ, সুন্দরবনের দুর্লভ প্রাকৃতিক জীবনকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ করে দেয়। সেদিন ছিল ভ্রমণের তৃতীয় দিন। নভেম্বরের এক শান্ত সকালে আমাদের কাঠের নৌকা ঢুকে পড়ে কালাবগি খালে। ইঞ্জিনের আওয়াজ পুরোপুরি বন্ধ করে বৈঠা টেনে আমরা খালের একদম ভেতরের সরু শাখায় ঢুকে পড়ি। নিবিড় ম্যানগ্রোভ বনের নির্জনতায় শব্দহীন নৌকায় ভেসে ভেসে পাখিটি খুঁজতে থাকি। চারপাশ জুড়ে বিশাল সব সুন্দরী গাছের উঁচিয়ে থাকা শ্বাসমূল। গহিন বনের মধ্যে থাকা এই খালের দুপাশে ঝুঁকে থাকা বাইন, কেওড়া ও সুন্দরী গাছের সারি। হঠাৎ একটি গোলপাতার ঝোপের ছায়ায় চোখ রাখতেই থমকে যেতে হলো। খালের কাদাটে চরে ঝুলে থাকা ডালপালার নিচে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে একটি ধূসর-বাদামি রঙের পাখি। তার হলদেটে-কমলা রঙের ঠোঁট, কপালের কালো মাস্ক আর মুখে স্পষ্ট রাজকীয় ভাব! মাস্কড ফিনফুট! আমাদের উপস্থিত টের পেতেই দ্রুত হেঁটে গোলপাতার ঘন ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ক্যামেরায় সেই রোমাঞ্চকর মুহূর্তটি ফ্রেমবন্দি করার অভিজ্ঞতা এককথায় অবিস্মরণীয়।
পাখিটির পিঠ ও ডানা গাঢ় বাদামি, বুক ও পেট হালকা সাদাটে। মুখের চারপাশ ও গলায় কালো ছোপ আছে, যা দেখতে অনেকটা মাস্কের (মুখোশ) মতো। এদের গঠন ও সাঁতার কাটার ধরন হাঁসের মতো। হলদেটে লম্বা ঠোঁট আর সবুজাভ পা দেখে অনেকে পাখিটিকে সুন্দরী হাঁস বলে দাবি করেন।
মাস্কড ফিনফুট মূলত একটি সর্বভুক ও শিকারি জলচর পাখি। এরা খালের পানি ও কাদাচরে অত্যন্ত ধীরগতিতে সাঁতার কেটে বা হেঁটে শিকার খুঁজে বেড়ায়। ভাটার সময় সুন্দরবনের ম্যানগ্রোভ খালের কাদাময় তীরে প্রচুর ছোট মাছ, কাঁকড়া ও চিংড়ি পাওয়া যায়, যা এদের প্রধান খাদ্য। ছোট ব্যাঙ, জলজ শামুক, ঝিনুক ও পানির উপরিভাগে ভেসে থাকা বিভিন্ন ধরনের জলজ পোকামাকড়ও এদের প্রিয় খাবার।
সুন্দরবনের বিশেষ ভৌগোলিক পরিবেশ ও নিরাপদ বাস্তুসংস্থানের কারণে বর্তমানে পাখিটির টিকে থাকার শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মাস্কড ফিনফুট খোলা বা বড় নদীতে সাঁতার কাটে না; এরা ঘন ম্যানগ্রোভ বনের ভেতরের সরু ও শান্ত খালে থাকতে পছন্দ করে। সুন্দরবনে এ রকম শত শত জোয়ার-ভাটার খাল রয়েছে; যা এদের খাবার, বিচরণ ও লুকিয়ে থাকার জন্য নিরাপদ।
সুন্দরবনে জোয়ার-ভাটার বড় প্রভাব রয়েছে পাখিটির জীবনে। ভাটার সময় বিভিন্ন খালের পাড়ে এরা খাবার সংগ্রহ করে, তাই সুন্দরবনের পানিতে লবণাক্ততা বেড়ে গেলে পাখিটির বেঁচে থাকায় প্রভাব পড়তে পারে বলে গবেষকরা মনে করেন।
মহাবিপন্ন পাখি ‘মাস্কড ফিনফুট’কে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে এখনই কার্যকর এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে বিশ্বে টিকে থাকা পাখিটির অধিকাংশই বাংলাদেশের সুন্দরবনে বাস করে। সুতরাং এই বিরল পাখিকে টিকিয়ে রাখার প্রধান দায়িত্ব আমাদেরই।
পাখিটির অস্তিত্ব রক্ষায় প্রয়োজন স্থানীয় এবং আন্তর্জাতিক গবেষণা ও প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সমন্বয়ে একটি ‘মাস্কড ফিনফুট টাস্কফোর্স’ গঠন করে সুন্দরবনসহ বিশ্বব্যাপী এটির সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা। অন্যথায় অচিরেই হয়তো পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে অনন্য এ পাখি।
লেখক: প্রকৌশলী ও আলোকচিত্রী