প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৫:১৪ পিএম
জবা ফুল। ছবি: সংগৃহীত
বাড়ির বারান্দা বা ছাদবাগানে জবাগাছের দেখা মেলে প্রায়ই। এই গাছের বড় সুবিধা হলো, বেঁচে থাকার জন্য এর খুব বেশি বাড়তি পরিচর্যার প্রয়োজন পড়ে না; আলো-বাতাস পেলেই গাছ তরতর করে বেড়ে ওঠে। তবে অনেকেরই অভিজ্ঞতা হলো—গাছ বেশ বড় ও সবুজ হয়ে উঠলেও তাতে আশানুরূপ ফুল ফোটে না। কখনো কখনো সাকল্যে চার-পাঁচটি ফুল ফোটে, আবার ফুলের আকারও হয় বেশ ছোট।
অনেক সময় গাছের পাতা সবুজ ও সতেজ থাকলেও নতুন কুঁড়ি আসতে চায় না। এর প্রধান কারণ সঠিক নিয়মে গাছ না ছাঁটা। প্রতিটি ডালের অগ্রভাগ কিছুটা ছেঁটে দিতে হবে। বিশেষ করে নরম প্রশাখাগুলো পাতাসহ কাঁচি দিয়ে কেটে দিলে নতুন শাখা গজাবে এবং গাছে কুঁড়ি আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
জবাগাছের গোড়ায় পানি জমে থাকলে শিকড় পচে যাওয়ার ঝুঁকি থাকে। আবার মাটির গঠন ঠিক না থাকলে গাছ প্রয়োজনীয় পুষ্টিরস শোষণ করতে পারে না। প্রথমেই খেয়াল রাখতে হবে টবের গোড়ায় পানি জমে থাকছে কি না। যদি পানি জমে, তবে সাবধানে টব থেকে গাছটি বের করে গোড়ার মাটি কিছুটা আলগা করে নিতে হবে। এরপর ঝুরঝুরে বেলে-দোঁআশ মাটির সঙ্গে পরিমাণমতো গোবর সার বা জৈব সার মিশিয়ে নতুন করে গাছ বসাতে হবে। এতে মাটিতে পানি জমবে না এবং গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে।
মাটি দীর্ঘক্ষণ ভেজা থাকলে গাছে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এই সমস্যা এড়াতে টবের মাটির উপরিভাগ হালকা নিড়িয়ে বা খুঁড়ে দিয়ে গোড়ায় অল্প পরিমাণে নিম খোল মিশিয়ে দিতে হবে। মাসে অন্তত একবার নিম খোল ব্যবহার করলেই যথেষ্ট। এটি মাটিতে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি পোকার আক্রমণ প্রতিরোধেও কাজ করবে।
জবা মূলত রোদ ভালোবাসে। গাছটিতে পর্যাপ্ত ও ভালো মানের ফুল পেতে হলে প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা সরাসরি সূর্যালোক পৌঁছায়—এমন স্থানে টবটি রাখা জরুরি।
তথ্যসূত্র: আনন্দবাজার