× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবির শহীদ মিনারে আলোর পাঠশালা

গোবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:৩১ পিএম

শহীদ মিনার প্রাঙ্গণে আলোর পাঠশালায় শিশুরা

শহীদ মিনার প্রাঙ্গণে আলোর পাঠশালায় শিশুরা

শুক্রবার বিকাল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুটির আমেজ। ক্লাস নেই, নেই পরীক্ষার তাড়া। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায়, কেউ ব্যস্ত নিজের মতো করে সময় কাটাতে। ক্যাম্পাসের অন্য প্রান্তগুলো যখন অনেকটাই নীরব, তখন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধীরে ধীরে জমতে শুরু করে একদল শিশু। কারও হাতে খাতা, কারও হাতে কলম। কারও চোখে নতুন কিছু শেখার কৌতূহল, আবার কেউ ছুটে আসে পরিচিত ভাইয়া-আপুদের কাছে। একটু পরেই সেখানে শুরু হয় পড়াশোনা। তবে এটি কোনো প্রচলিত শ্রেণিকক্ষ নয়। নেই বেঞ্চ-টেবিলের সারি, নেই ঘণ্টা বাজার অপেক্ষা। খোলা আকাশের নিচে শহীদ মিনার প্রাঙ্গণই হয়ে ওঠে তাদের পাঠশালা।

পাশেই বসে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা। কেউ বাংলা পড়াচ্ছেন, কেউ লিখতে শেখাচ্ছেন, আবার কেউ ছোটদের ভুল ধরিয়ে দিচ্ছেন। পড়ার ফাঁকে চলছে গল্প, হাসি আর খেলাধুলা। ছুটির বিকালটা এভাবেই অন্যরকম হয়ে ওঠে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) একদল শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। এই আয়োজনের নাম ‘হাতেখড়ি স্কুল’। গোবিপ্রবি শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে এই পাঠশালা। প্রতি শুক্রবার ও শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসে এর ক্লাস।

বই-খাতার সঙ্গে স্বপ্ন দেখার পাঠ

বর্তমানে প্রায় ৬৫ জন শিশু নিয়মিত এখানে পড়াশোনা করছে। তাদের পাঠদানের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কাজের মধ্যেও তারা প্রতি সপ্তাহে সময় বের করে শিশুদের কাছে ছুটে আসেন। শিশুদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই, খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে সরবরাহ করে সংগঠনটি। তাদের শেখার অগ্রগতি যাচাই করতে নিয়মিত পরীক্ষার আয়োজন করা হয়। ভালো ফলাফল ও মেধার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পুরস্কার। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখতে বিভিন্ন সময় খাবারেরও আয়োজন করা হয়।

অ, আ থেকে নিজের নাম লেখা

রোজার কাছে এই পাঠশালার গুরুত্ব হয়তো কোনো বড় শব্দে ব্যাখ্যা করার মতো নয়। তার কাছে এখানে আসার অর্থ নতুন কিছু শেখা, নিজের অজানা জগৎকে একটু একটু করে চেনা।

রোজা বলে, ‘এখানে এসে অ, আ, ই, ঈ শিখেছি। এখন নিজের নামও লিখতে পারি।’

সুমনের অভিজ্ঞতাও প্রায় একই। তবে বইয়ের পড়ার বাইরেও এখান থেকে সে শিখছে মানুষের সঙ্গে ভালোভাবে চলার শিক্ষা। সুমন বলে, ‘ভাইয়া ও আপুরা আমাদের বড়দের সম্মান করা, সত্যি কথা বলা আর নিয়ম করে পড়তে শেখান। ছুটির দিনে এখানে আসতে আমার খুব ভালো লাগে।’

শিশুদের জন্য তাই এই পাঠশালায় পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষারও ব্যবস্থা রয়েছে। বড়দের সম্মান করা, সত্য কথা বলা, শিষ্টাচার, নিয়ম মেনে চলাসহ বিভিন্ন বিষয় শেখানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় দোয়া, মাসআলা-মাসায়েল ও ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।

শিশুদের ভালোবাসায় বদলে যায় ছুটির বিকাল

শিশুদের পড়াতে এসে শুধু তারাই শেখে না, স্বেচ্ছাসেবকরাও যেন নতুন করে কিছু শিখছেন। মানুষের পাশে দাঁড়ানো, অপেক্ষা করা, ধৈর্য ধরা কিংবা ছোট্ট একটি হাসির মূল্যÑ এসবের সঙ্গে পরিচয় ঘটছে তাদেরও।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী হালিমা ইসলাম মিফতা চলতি বছর সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন। শিশুদের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পড়াতে গেলেই দূর থেকে শিশুরা দৌড়ে আসে। কখনও ফুল কুড়িয়ে এনে হিজাবের পিনে গুঁজে দেয়। এই অবুঝ ভালোবাসা আর প্রশান্তি অন্য কোথাও মেলে না। ওদের জন্য কিছু করতে পেরে নিজেও মানবিক হতে শিখছি।’

পাঠশালার গণ্ডি পেরিয়ে মানবিকতার পথে

হাতেখড়ি স্কুলের কার্যক্রম শুধু সপ্তাহের দুই দিনের পড়াশোনায় সীমাবদ্ধ নয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সিআরসি। ঈদে শিশুদের নতুন পোশাক দেওয়া, রমজানে ইফতারের আয়োজন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা, বৃদ্ধাশ্রমে সহায়তা দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ রয়েছে সংগঠনটির কার্যক্রমে। ২০১৮ সালের ৩ মার্চ গোবিপ্রবির শিক্ষার্থীদের উদ্যোগে সিআরসির যাত্রা শুরু হয়। পরের বছর, ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। সময়ের সঙ্গে সংগঠনটির কার্যক্রমের পরিধিও বেড়েছে।

ছুটির দিনে একটুখানি আলো

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহের অন্য দিনগুলোর চেয়ে শুক্রবার ও শনিবারের বিকালটা তাই আলাদা। সেখানে বইয়ের পাতা ওল্টানোর শব্দের সঙ্গে মিশে যায় শিশুদের হাসি। অক্ষর শেখার পাশাপাশি তৈরি হয় সম্পর্ক, জন্ম নেয় বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার সময় হয়ে ওঠে কিছু শিশুর জন্য নতুন কিছু শেখার সুযোগ। হয়তো এই আয়োজন একদিনে বদলে দেবে না তাদের জীবন। কিন্তু একটি শিশু যখন প্রথম নিজের নাম লিখতে শেখে, একটি শিশু যখন নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলে, কিংবা কেউ যখন নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেÑ সেখানেই এই উদ্যোগের সার্থকতা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা