গোলাম কিবরিয়া
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:২৯ পিএম
যে দক্ষতা গড়বে ক্যারিয়ার
শুধু একাডেমিক ডিগ্রি দিয়ে বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দীর্ঘ পথ পাড়ি দেওয়া কঠিন। ডিগ্রির পাশাপাশি এখন প্রয়োজন বাস্তব কাজের দক্ষতা, যোগাযোগের সক্ষমতা, প্রযুক্তি ব্যবহারের জ্ঞান এবং নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তবে এসব দক্ষতা অর্জনের জন্য পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। বরং শিক্ষাজীবনই হতে পারে নিজেকে পেশাজীবনের জন্য প্রস্তুত করার সবচেয়ে ভালো সময়। প্রয়োজন শুধু লক্ষ্য ঠিক করা, সময় ভাগ করে নেওয়া এবং নিয়মিত চর্চা।
প্রতিদিন থাকুক ‘স্কিল আওয়ার’
ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন কিছুটা সময় নিজের দক্ষতা উন্নয়নের জন্য রাখা সম্ভব। শুরুতে এক থেকে দুই ঘণ্টাই যথেষ্ট। কেউ গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, কেউ প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ডেটা অ্যানালাইসিস কিংবা লেখালেখি। মূল বিষয় হলো- একসঙ্গে অনেক কিছু শেখার চেষ্টা না করে নিজের আগ্রহ ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিবেচনায় একটি বা দুটি দক্ষতাকে গুরুত্ব দেওয়া।
বইয়ের বাইরেও শিখতে হবে
ক্যারিয়ারে সফল হতে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়। কর্মক্ষেত্রে নিজের ভাবনা স্পষ্টভাবে তুলে ধরা, সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা, সময়মতো কাজ শেষ করা এবং সমস্যার সমাধান বের করার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাজীবন থেকেই গড়ে তুলতে হবে সফট স্কিল। কীভাবে একটি প্রফেশনাল ই-মেইল লিখতে হয়, কীভাবে মিটিংয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে হয়, কীভাবে শ্রোতার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হয়- এসবের চর্চা করা জরুরি।
ক্যাম্পাস হোক পেশাজীবনের প্রস্তুতিমঞ্চ
বিশ্ববিদ্যালয়ের ক্লাব, সংগঠন ও বিভিন্ন সামাজিক কার্যক্রমকে শুধু বিনোদনের জায়গা হিসেবে দেখলে ভুল হবে। এগুলো হতে পারে পেশাগত দক্ষতা তৈরির বাস্তব প্রশিক্ষণক্ষেত্র।
ডিবেটিং, ক্যারিয়ার, সাংস্কৃতিক কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতে গিয়ে একটি অনুষ্ঠান আয়োজন, স্পন্সর খোঁজা, বাজেট তৈরি, প্রচারণা চালানো কিংবা একটি টিম পরিচালনার সুযোগ পাওয়া যায়। এসব কাজের মধ্য দিয়েই তৈরি হয় নেতৃত্ব, দলগতভাবে কাজ করা, সময় ব্যবস্থাপনা ও সংকট মোকাবিলার দক্ষতা।
শেখার প্রমাণ থাকুক পোর্টফোলিওতে
শুধু ‘আমি পারি’ বলার চেয়ে নিজের কাজ দেখাতে পারা অনেক বেশি কার্যকর। তাই শিক্ষাজীবন থেকেই নিজের কাজের একটি পোর্টফোলিও তৈরি করা ভালো। লেখালেখি করলে প্রকাশিত লেখা, ডিজাইন করলে তৈরি করা ডিজাইন, কোডিং করলে নিজের প্রজেক্ট, গবেষণায় যুক্ত থাকলে গবেষণার কাজ- সবকিছু গুছিয়ে সংরক্ষণ করা যেতে পারে।
একই সঙ্গে পেশাগত যোগাযোগের জন্য লিঙ্কডইন প্রোফাইলও নিয়মিত আপডেট করা উচিত। নিজের পছন্দের খাতের পেশাজীবীদের অনুসরণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিল্প খাতের পরিবর্তন সম্পর্কে ধারণা নেওয়ার মাধ্যমে ক্যারিয়ার সম্পর্কিত নেটওয়ার্কও ধীরে ধীরে তৈরি করা সম্ভব।
সুযোগ পেলেই বাস্তব কাজের অভিজ্ঞতা
শিক্ষাজীবনের শেষ দিকে সুযোগ অনুযায়ী ইন্টার্নশিপ, পার্টটাইম কাজ, ফ্রিল্যান্সিং কিংবা রিমোট প্রজেক্টে যুক্ত হওয়া যেতে পারে। এতে বইয়ে শেখা তত্ত্ব বাস্তব কাজের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ তৈরি হয়।