× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মশতবর্ষে অ্যালেন গিন্সবার্গ

অস্ত্রের উল্লাসের বিরুদ্ধে গিন্সবার্গের ফুল

ইরাজ আহমেদ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৩:১৭ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৩:৩২ পিএম

অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ

এই সময়ে যখন লেখাটা লিখছি তখনও পৃথিবীর আকাশ তছনছ করে সহিংস ঘাতকের মতো উড়ে যাচ্ছে মিসাইল, আছড়ে পড়ছে বোমা অথবা একটানা গুলির শব্দ তাড়া করছে অসহায় মানুষকে। পৃথিবী আর শান্ত নয়; ছিল কি কখনও? বাতাসে বারুদের গন্ধ ফুরিয়ে যায়নি, যুদ্ধের আগুন মানুষের জীবনকে নিরাপদ হতে দেয়নি। নরখাদকের মতো একদল মানুষ অন্যদের নিজেদের পাকস্থলীতে চালান করছে। এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত যুদ্ধবিরোধী উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেখানে শুরুতেই কয়েকটা লাইনে যেন পৃথিবীর সব রক্তাক্ত যুদ্ধ, সব সর্বনাশের গন্ধ লেগে আছে। রেমার্ক লিখেছেন, ‘এই লেখা আগামী একটি পুরুষ প্রজন্মকে জানাবে, যারা রণাঙ্গনে কামানের গোলার আঘাত থেকে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদেরকে ধ্বংস করে দিয়েছিল যুদ্ধ।’ এই যুদ্ধের বিরুদ্ধে পৃথিবীর মানুষই নেমেছে। প্রতিবাদ জানিয়েছে। শিল্পীরা যুদ্ধবিরোধী ছবি এঁকেছেন, কবিরা কবিতা লিখেছেন পৃথিবীর যুদ্ধবাজ পরাশক্তিরগুলোর বিরুদ্ধে। ঔপন্যাসিকরা লাইনের পর লাইন সাজিয়ে তৈরি করতে চেয়েছেন অদৃশ্য যুদ্ধবিরোধী ব্যারিকেড। 

এখন থেকে ৬১ বছর আগে ছয়ের দশকের মধ্যভাগে ভিয়েতনাম যুদ্ধের চোরাবালিতে নিমজ্জিত পৃথিবীর শান্তি। আগ্রাসী মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধের নাটকের নাট্যকার। একদিকে যখন বোমার শব্দে কেঁপে উঠছে ধরণী, বেয়নেটের আঘাতে ক্ষতবিক্ষত মুক্তিকামী মানুষের হৃদয়, তখন অন্যদিকে তারুণ্যের বিদ্রোহ আর অসন্তোষ ছড়িয়ে পড়ছিল পৃথিবীর নানা দেশে। সেই অশান্ত সময়ে আমেরিকার বড় শহর নিউইয়র্ক অথবা সান ফ্রান্সিসকোর রাস্তায় তারুণ্যের প্রতিবাদের মিছিল আছড়ে পড়েছিল। কিন্তু তরুণ-তরুণীদের হাতে তখন ছিল না অস্ত্র। তাদের সম্বল রঙিন ফুল, কপালে আঁকা শান্তির প্রতীক আর মুখে যুদ্ধবিরোধী স্লোগান। তারা প্রতিবাদ জানাল মিছিলে মিছিলে। পৃথিবীর ইতিহাসে সেই অভিনব প্রতিবাদ চিহ্নিত হয়েছিল ‘ফ্লাওয়ার পাওয়ার’ নামে। সেই প্রতিবাদের সূচনা করেছিলেন বিশ শতকের মার্কিন কবি এবং বিট আন্দোলনের পুরোধা অ্যালেন গিন্সবার্গ। 

এ বছর কবি অ্যালেন গিন্সবার্গের জন্মশতবার্ষিকী। হিংসার মন্ত্রে আচ্ছন্ন একবিংশ শতাব্দীর পৃথিবীতে যুদ্ধ এখনও বেঁচে আছে, দেশ হারানো মানুষের কান্না বেঁচে আছে, মৃত্যুর গভীর বিষাদ বেঁচে আছে। কিন্তু পাশাপাশি ইতিহাস আমাদের মনে করিয়ে দিচ্ছে, মারণাস্ত্রের চাইতেও বেশি শক্তিশালী ভালোবাসা। কবি গিন্সবার্গের প্রতিবাদের ‘ফ্লাওয়ার পাওয়ার’ আজও জানান দিচ্ছে, পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের ভালোবাসার কাছে নতজানু হয়ে বসতেই হবে। 

ষাটের দশকের মাঝামাঝি তখন। ভারতে নকশালবাড়ির কৃষক বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। দক্ষিণ আমেরিকায় চে গুয়েভারা খুঁজে ফিরছেন নতুন যুদ্ধক্ষেত্র। ভিয়েতনামের ভীষণ প্রতিরোধ লড়াই পৃথিবী জুড়ে সংবাদ শিরোনাম। আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষেরা হাতে তুলে নিয়েছে বন্দুক। তখন বাঙালি কবি নবারুণ ভট্টাচার্য কবিতায় লিখছেন, ‘পৃথিবীর সব আগুন আমি পেট্রোল ঢেলে নিভিয়ে দেব।’ আরও দুই দশক পিছিয়ে গিয়ে দেখতে পাই ১৯৪২ সালে নাৎসি সৈন্য অবরুদ্ধ প্যারিস শহর। নিথর, প্রাণহীন। সেখানেই এক হোটেলে আত্মগোপনে থেকে ফরাসি কবি পল অ্যালুয়ার ‘কারফিউ’ কবিতায় লিখলেনÑ

আমরা আর কী করতে পারি যখন সব 

দরজায় বসেছে পাহারা

যখন ওরা আমাদের কয়েদ করে রেখেছে

যখন সব রাস্তা আমাদের পরিত্যক্ত করেছে

আমরা আর কী করতে পারি যখন সবাই 

প্রতিরোধহীন!

কবি নবারুণ দাহ্যবস্তু ঢেলে আগুন নেভাতে চেয়েছিলেন। আর অ্যালুয়ার প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন নিরাসক্ত হয়ে থাকা প্রতিরোধের শক্তিকে। সেই পৃথিবীর রণক্ষেত্রগুলো অতিক্রম করে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন অ্যালেন গিন্সবার্গ। কবিতার শব্দ প্রতিবাদে মিছিলের ভাষা হয়ে উঠল। 

১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বার্কলি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভিয়েতনামে মার্কিন সৈন্যদের নৃশংসতার বিরুদ্ধে একটি যুদ্ধবিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সময়ে গিন্সবার্গ প্রতিবাদী তরুণদের উদ্দেশে একটি লেখা লেখেন পত্রিকায়, যার শিরোনাম ছিলÑ ‘হাউ টু মেক এ মার্চ/ স্পেকট্যাকল’। লেখার মধ্যে প্রতিবাদকারীদের উদ্দেশে তিনি লেখেন, পুলিশ আর যুদ্ধপ্রবণ শক্তির সন্ত্রাসের বিরুদ্ধে তরুণরা সহিংসতার দিকে না গিয়ে হাতে তুলে নিতে পারে ফুল আর চকলেট। তারা প্রতিপক্ষকে উপহার দিতে পারে শিশুদের অসংখ্য খেলনা। কবির সেই গভীর দর্শন চোখের পলকে হয়ে ওঠে রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার, সাংস্কৃতিক মোর্চা গঠনের অস্ত্র। মিছিলের তরুণ-তরুণীরা সৈন্যদের বন্দুকের নলে গুঁজে দেয় রঙিন ফুল। তারা শান্তিপূর্ণ পন্থায় প্রতিরোধ গড়ে তোলে যুদ্ধের আগুনের বিরুদ্ধে। 

অ্যালেন গিন্সবার্গের লেখায় হিংসাত্মক প্রতিবাদের বদলে পুলিশ, গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ আর সাধারণ দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ না করে ফুল আর খেলনা উপহার হিসেবে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। মিছিল থেকে বেলুন, ফুল আর চকলেট উপহার দিতে বলা হয়েছিলÑ যা উভয়পক্ষের মাঝে অবিশ্বাসের দেয়ালটাকে ভেঙে ফেলতে সাহায্য করবে। গিন্সবার্গ যুদ্ধপ্রবণ মানসিকতাকে ভালোবাসা দিয়ে নিভিয়ে ফেলতে চেয়েছিলেন। হয়তো তাই বিখ্যাত ‘হাউল’ কবিতায় লিখেছিলেনÑ

আমি আমার প্রজন্মকে বিনষ্ট হতে দেখেছি শুধু তীব্র উন্মাদনায়

সেই উন্মাদনা যুদ্ধের স্বপক্ষের উন্মাদনা। কবির সেই ‘ফ্লাওয়ার পাওয়ার’ স্লোগান পরবর্তী সময়ে বিদ্ধ করেছিল পৃথিবীর যুদ্ধবিরোধী আত্মাকে। কবির এই সহজ দর্শনের ওপর ভর করে প্রতিবাদমুখর ছাত্ররা সাধারণ মানুষ তাদের দমন করতে আসা সশস্ত্র বাহিনীর সদস্যদের বন্দুকের নলে গুঁজে দিতে শুরু করে ফুল। নির্বিরোধী ফুল হয়ে ওঠে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র। তখন ফুলের করুণ, কোমল পাপড়িও স্বপ্ন দেখেছিল, সে পরাজিত করবে হিংস্রতাকে। অস্ত্রের উল্লাসের বিপরীতে দাঁড়িয়ে এই প্রতিবাদ আমেরিকার তৎকালীন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। ১৯৬৭ সালে পেন্টাগন অভিমুখে মানুষের বিশাল মিছিলের ভিত্তিও ছিল গিন্সবার্গের ‘ফ্লাওয়ার পাওয়ার’। যুদ্ধবিরোধী সেই বিশাল মিছিলের ছবি তুলেছিলেন এক ফরাসি চিত্রসাংবাদিকÑ মার্ক রিবো। তার ছবিতে ১৭ বছর বয়সী এক ছাত্রকে দেখা গিয়েছিল সশস্ত্র বাহিনীর উদ্যত বেয়নেটের মাথায় ফুল বেঁধে দিতে। সেই ছবি গোটা পৃথিবীতে মানুষের হৃদয়ে আলোড়ন তোলে। শান্তির স্বপক্ষে যারা তাদের কাছে বার্তা পৌঁছায়, এক নতুন লড়াইয়ের সূচনা হয়ে গেছে পৃথিবীতে। 

ফ্লাওয়ার পাওয়ার মুভমেন্ট যেন সেই পৃথিবীর অস্থির হাওয়ায় উড়ে ছড়িয়ে পড়েছিল ইউরোপ আর লাতিন আমেরিকার মাটিতেও। ষাটের দশকের শুরুতে দার্শনিক বার্ট্রান্ড রাসেলের লেখা ‘আনার্মড ভিক্টরি’ বইটি প্রকাশিত হয়। সেই ফুল হাতে লড়াইয়ের মিছিলে সেই বইটিও বড় ভূমিকা পালন করেছিল। রাসেল তার বইতে শান্তির শক্তি দিয়ে যুদ্ধের বর্বর যাত্রাকে থামানোর কথাই উচ্চারণ করেছেন। তখন যেখানেই যুদ্ধের দামামা বেজে উঠেছে সেখানেই প্রতিবাদের ভাষা হয়ে উঠছিল ফুল। ক্ষমতার হিংস্র রূপের সামনে সেই প্রতীকী আন্দোলন ক্ষমতার ভাষাকেও বদলে দিয়েছিল। বলা যায়, বদলাতে বাধ্য করেছিল। যেখানে রাষ্ট্র বুলেটের ভাষায় কথা বলতে আগ্রহী, সেখানে প্রতিপক্ষের ভাষা ফুল। এই কৌশল স্বৈরাচারী শক্তির অনৈতিক অবস্থানের সন্ধিকে নাড়িয়ে দিয়েছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় তরুণদের বিদ্রোহ দুই বছর পর দানা বেঁধেছিল ইউরোপের সেরা সব বিশ্ববিদ্যালয়ে। ছড়িয়ে পড়েছিল রাজপথে। অবশ্য সেই বিদ্রোহ শুধু ফুলের প্রতিবাদে সীমাবদ্ধ থাকেনি। রূপ নিয়েছিল সহিংসতায়। কিন্তু কবি অ্যালেন গিন্সবার্গ বিশ্বাস করতেন, সংঘবদ্ধ হয়ে উঠলে ভালোবাসা যেকোনো মারণাস্ত্রের চাইতেও বেশি শক্তি ধারণ করতে পারে। তার কবিতার আত্মার ভাষা এবং তার রাজনৈতিক সক্রিয়তাবাদ পরবর্তী সময়েও তা-ই প্রমাণ করেছে। 

অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে কলকাতায় এসেছিলেন। তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য চলছে মুক্তিযুদ্ধ। পাকিস্তানি বাহিনী দেশের ভেতরে চালাচ্ছে নির্মম গণহত্যা। হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল পাশের দেশ ভারতে। কাদা ভেঙে, নিরন্ন উদ্বাস্তুদের দীর্ঘ মিছিল, মৃত্যু আর কান্না তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামে ১৫২ লাইনের বিখ্যাত কবিতাটি। গিন্সবার্গের কবিতা নাড়িয়ে দিয়েছিল পৃথিবীর দেশে দেশে যুদ্ধবিরোধী মানুষের হৃদয়কে। সংগঠিত হয়েছিল প্রতিবাদ। মোর্চা বেঁধেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বের মানুষের সমর্থন। 

কবি গিন্সবার্গের ফুল পৃথিবীতে যুদ্ধের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না। ফুলের সে সক্ষমতাও নেই। কিন্তু সেই অহিংস প্রতীকী প্রতিবাদ প্রশ্ন তৈরি করেছিল। রাষ্ট্র যখন আগ্রাসী হয়ে ওঠে, ক্ষমতা যখন পিষে মারতে চায় সাধারণ মানুষের অধিকারকে, তখন নিরস্ত্র বিজয়ের পথ তৈরি করে প্রশ্ন; ক্ষমতাকে প্রশ্ন করার সাহস। যুদ্ধের রক্তচক্ষু দানবীয় সম্প্রসারণের বিরুদ্ধে সামান্য ফুল হয়ে ওঠে নির্ভীক হৃদয়ের প্রকাশ। গিন্সবার্গ অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার, প্রতিরোধ তৈরি করার পথ হিসেবেই বেছে নিয়েছিলেন নীরব পন্থাকে। তার কবিতা এবং রাজনৈতিক সক্রিয়তা পাশাপাশি হাত ধরাধরি করে পথ হাঁটত। এই কবি বিভিন্ন সরকারি অফিস আর রাজনৈতিক নেতাদের কাছে নিয়মিত চিঠি লিখে তাদের ভুল কর্মকাণ্ড আর অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ জানাতেন। বিভিন্ন সামাজিক সংগঠনকে অর্থসাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করতেন। কবিতা থেকে মিছিল অথবা মিছিল থেকে কবিতার দিকে বারবার ফিরে এসে অ্যালেন গিন্সবার্গ মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। যুদ্ধের আগুনে পুড়ে যাওয়া পৃথিবীর জন্য প্রচুর ফুল সংগ্রহ করেছিলেন তিনি। তার প্রতিবাদের ফুল প্রখ্যাত হয়ে উঠেছিল। গিন্সবার্গের কবিতায় যেমন সেই ফুলগুলো ফুটে উঠেছে, তেমনি রাজনৈতিক সক্রিয়তার মধ্যেও প্রতিবাদ ধ্বনিত হয়েছে ফুলের নীরব অথচ শক্তিশালী ভাষায়। গিন্সবার্গের প্রতিবাদ কোনো রোম্যান্টিক ধারণাকে অনুসরণ করেনি, সৃষ্টিও করেনি। শুধু মানুষের পক্ষে কথা বলতে চেয়েছেন তিনি। মানুষের কাছে নিজের বিশ্বাসকে সমর্পণ করতে চেয়েছেন গভীর বিশ্বাস থেকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা