সাহিত্যে নোবেল ২০২৬
বিপাশা চক্রবর্তী
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১২:৪১ পিএম
সারা বিশ্বের মানুষের নজর এখন সুইডেনের দিকে। অক্টোবর এলেই নোবেল পুরস্কার নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে সাহিত্যের নোবেল ঘিরে কৌতূহলটা একটু আলাদা। কে পাবেন এবারের পুরস্কার? কোন ভাষার সাহিত্য উঠে আসবে এবারের আলোচনায়? কোন লেখকের নাম হঠাৎ সামনে চলে আসবে! এসব নিয়ে পাঠক ও সাহিত্যপ্রেমীদের আগ্রহের শেষ নেই।
সুইডিশ একাডেমির নিয়ম অনুযায়ী, নোবেল পুরস্কারের মনোনয়ন ও আলোচনার নথি দীর্ঘ সময় গোপন রাখা হয়। ফলে পুরস্কার ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীদের কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশিত হয় না। সাহিত্য পত্রিকা, সমালোচক, পাঠক এবং বিভিন্ন পূর্বাভাসের তালিকায় যে নামগুলো ঘুরেফিরে আসে সেগুলোর ওপরই ভিত্তি করে তৈরি হয় এই কৌতূহল।

একজন অনুবাদক ও বিশ্বসাহিত্যের পাঠক হিসেবে এই নামগুলো আমাকে অন্যভাবেও টানে। পুরস্কার কে পাবেন, সেটি অবশ্যই জানতে ইচ্ছে করে। কিন্তু তার চেয়েও আকর্ষণীয় মনে হয় এই লেখকদের মধ্যে কার সাহিত্য আমাদের সময়কে কীভাবে দেখছে। তাদের ভাষা, বিষয় এবং পৃথিবীকে দেখার পদ্ধতির মধ্যে কী এমন আছে, যা সীমান্ত পেরিয়ে অন্য ভাষার পাঠকের কাছেও পৌঁছে যায়? আমার বিশেষ আগ্রহ থাকে নোবেলজয়ী লেখকের লেখা বাংলায় পড়তে কেমন লাগবে?
সেই কৌতূহল থেকেই ২০২৬ সালের সাহিত্যের নোবেল নিয়ে আলোচনায় থাকা কয়েকজন লেখকের দিকে একটু ফিরে তাকানো যাক।
এবারের বিভিন্ন আলোচনা ও পূর্বাভাসে বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে চীনা এক নারীর নাম। চীনা লেখক ক্যান শুয়ে। তার আসল নাম দেং শিয়াওহুয়া। পরীক্ষামূলক কথাসাহিত্যের জন্য তিনি চীনা সাহিত্যে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন। বহু বছর ধরেই তার নাম নোবেল আলোচনায় উঠে আসছে।
ক্যান শুয়েকে কেউ কেউ ‘আধুনিক চীনের ফ্রানৎস কাফকা’ বলে উল্লেখ করেন। ১৯৫৩ সালে জন্ম নেওয়া এই লেখকের শৈশব কেটেছে চীনের রাজনৈতিক অস্থিরতার সময়ে। ১৯৫৭ সালের ‘অ্যান্টি-রাইটিস্ট ক্যাম্পেইন’ এবং পরবর্তী সাংস্কৃতিক বিপ্লবের সময় তার পরিবার রাজনৈতিক নিপীড়নের শিকার হয়। দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যেই তার বেড়ে ওঠা। প্রাতিষ্ঠানিক শিক্ষাও খুব বেশিদূর এগোয়নি।
কিন্তু তার সাহিত্যিক কৌতূহলের কোনো সীমা ছিল না।
‘ক্যান শুয়ে’ নামটির মধ্যেও একধরনের বৈপরীত্য আছে। নামটির সঙ্গে শীতের শেষে পড়ে থাকা বরফের টুকরো কিংবা পাহাড়ের চূড়ায় টিকে থাকা শুভ্র বরফের অর্থের সম্পর্কের কথা বলা হয়। তার লেখার জগতেও যেন এই দুই বিপরীত অনুভূতি পাশাপাশি থাকে।
ক্যান শুয়ের গল্পে বাস্তব জীবন কখনও স্বপ্ন থেকে পুরোপুরি আলাদা নয়। দৈনন্দিনতার ভেতরেই হঠাৎ ঢুকে পড়ে অস্বস্তি, ভয় কিংবা এমন কোনো দৃশ্য, যার ব্যাখ্যা পাঠক সহজে খুঁজে পান না।
তার গল্প বলার ধরনও প্রচলিত নয়। রৈখিক কাহিনি বা একটি নির্দিষ্ট সমাপ্তির বদলে তিনি পাঠককে অনিশ্চয়তার মধ্যে রাখেন। ‘লাভ ইন দ্য নিউ মিলেনিয়াম’, ‘আই লাভ মাই ডলার্স’সহ তার বিভিন্ন রচনায় আধুনিক চীনের বদলে যাওয়া সমাজ, বিচ্ছিন্নতা এবং মানুষের অস্তিত্বের সংকট অদ্ভুত এক ভাষা পেয়েছে।
ক্যান শুয়ের বই পড়ার পর গল্পটি শেষ হয়ে গেলেও তার আবহটা সহজে শেষ হয় না। কিছু দৃশ্য কিংবা প্রশ্ন পাঠকের মাথায় থেকে যায়। সম্ভবত তার সাহিত্যের আকর্ষণের জায়গাটিও সেখানে।
হারুকি মুরাকামির নাম নোবেল আলোচনায় এত বছর ধরে ফিরে আসছে যে তাকে বাদ দিয়ে এই তালিকা তৈরি করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ‘নরওয়েজিয়ান উড’, ‘কাফকা অন দ্য শোর’ এবং ‘১Q৮৪’ তাকে বিশ্বজুড়ে বিপুল পাঠক এনে দিয়েছে।
মুরাকামির গদ্য পড়তে শুরু করলে প্রথমে খুব সহজ মনে হতে পারে। কিন্তু সেই সহজ ভাষার ভেতরেই থাকে একধরনের নিঃসঙ্গতা। জ্যাজসংগীত, বিড়াল, পুরনো গান, খাবার, স্মৃতি, প্রেম আর অদ্ভুত স্বপ্ন তার লেখায় বারবার ফিরে আসে। বাস্তব জগতের পাশেই যেন আরেকটি জগৎ তৈরি হয়। দুটির সীমারেখা একসময় আর স্পষ্ট থাকে না।
মুরাকামির চরিত্রগুলো প্রায়ই একা। কখনও তারা নিজের অতীতের মধ্যে ফিরে যায় কখনও এমন কোনো দরজার সামনে দাঁড়ায়, যার ওপাশে বাস্তবতার নিয়মগুলো আর আগের মতো কাজ করে না। তার জনপ্রিয়তার একটি কারণ হয়তো এখানেই। ভৌগোলিক ও সাংস্কৃতিক পার্থক্য থাকলেও একাকিত্বের অভিজ্ঞতাটি খুব পরিচিত।
অস্ট্রেলীয় লেখক জেরাল্ড মারনেনের সাহিত্য আবার সম্পূর্ণ অন্য ধরনের পাঠের দাবি করে। তাকে প্রায়ই ‘লেখকদের লেখক’ বলা হয়। সাধারণ পাঠকের কাছে তার লেখা কখনও কঠিন মনে হতে পারে। কিন্তু ভাষা, স্মৃতি এবং ভূদৃশ্যকে তিনি যেভাবে একসঙ্গে দেখেছেন তা সমকালীন সাহিত্যে বেশ স্বতন্ত্র।
তার বিখ্যাত উপন্যাস ‘দ্য প্লেইনস’-এ ভূদৃশ্য শুধু গল্পের পটভূমি নয়। মানুষের স্মৃতি, ইতিহাস এবং কোনো একটি জায়গাকে দেখার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সেটি জড়িয়ে যায়।
মারনেনের লেখায় বাইরের ঘটনা খুব বেশি নয়। মানুষের চিন্তা, স্মৃতি এবং ভাষার ভেতরের চলাচলই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার গদ্য ধীর। কখনও মনে হয়, তিনি গল্পের চেয়ে ভাষাটাকেই বেশি পরীক্ষা করছেন। অস্ট্রেলিয়ার ভূগোল ও ইতিহাসকে বিশ্বসাহিত্যের আলোচনায় অন্যভাবে হাজির করার ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য।
আমেরিকান লেখক থমাস পিনচনের নামও বহুদিন ধরে নোবেল আলোচনায় রয়েছে। জনসমক্ষে তার উপস্থিতি খুবই সীমিত। কিন্তু তার সাহিত্যিক প্রভাব বিপরীতভাবে অনেক বড়।
‘গ্র্যাভিটিজ রেইনবো’, ‘দ্য ক্রাইং অব লট ৪৯’Ñ এই সাহিত্যকর্মগুলিতে ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, পপ সংস্কৃতি, ষড়যন্ত্র এবং মানুষের ভয় একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। পিনচনের পৃথিবী খুব সহজে বোঝার জন্য তৈরি নয়। তার দীর্ঘ বাক্য, অসংখ্য সাংস্কৃতিক ইঙ্গিত এবং বিচিত্র তথ্য পাঠককে অনেক সময় গোলকধাঁধার মধ্যে নিয়ে যায়।
কিন্তু সেই জটিলতাটাই তাঁর লেখার একটি বৈশিষ্ট্য। আধুনিক পৃথিবীর তথ্য, প্রযুক্তি, ক্ষমতা ও নানা অদৃশ্য সম্পর্ককে পিনচন নিজের মতো করে ধারণ করেছেন।
কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউডের নামও নোবেল আলোচনায় নতুন নয়। ঔপন্যাসিক, কবি ও প্রাবন্ধিক হিসেবে তাঁর দীর্ঘ সাহিত্যজীবন নানা বিষয়কে স্পর্শ করেছে।
‘দ্য হ্যান্ডমেইডস টেল’ তাকে বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি দেয়। একটি ডিস্টোপিয়ান রাষ্ট্রে নারীদেহ, ক্ষমতা, ধর্মীয় কর্তৃত্ব ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সম্পর্ক উপন্যাসটির কেন্দ্রীয় বিষয়। বইটি প্রকাশের বহু বছর পরও এর রাজনৈতিক ও সামাজিক প্রশ্নগুলো পাঠকের কাছে অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক।
তবে অ্যাটউডকে একজন নারীবাদী লেখক হিসেবে দেখলে তার কাজের বিস্তৃতি ধরা পড়ে না। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, ক্ষমতা, মানবিক সম্পর্ক এবং সভ্যতার ভবিষ্যৎ নিয়েও তার দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তার লেখায় ভবিষ্যতের মাঝে বর্তমানের অনেক প্রবণতাই দেখা যায়।
আমাদের এই অঞ্চলের পাঠকদের কাছে দক্ষিণ এশিয়ার লেখকদের নামের আলাদা একটা আকর্ষণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পর সাহিত্যে নোবেল পাওয়া আর কোনো বাঙালি লেখক নেই। তাই ভারতীয় বংশোদ্ভূত ইংরেজি ভাষার লেখক অমিতাভ ঘোষের নাম নোবেল আলোচনায় এলে বাঙালি পাঠকের কৌতূহল একটু বাড়তেই পারে।
‘দ্য শ্যাডো লাইনস’, ‘দ্য গ্লাস প্যালেস’ এবং ‘আইবিস ট্রিলজি’তে অমিতাভ ঘোষ ইতিহাস, ঔপনিবেশিকতা, মানুষের চলাচল ও ভারত মহাসাগরীয় বিশ্বের বিস্তৃত ভূগোলকে সাহিত্যের ভেতর নিয়ে এসেছেন।
তার উপন্যাসের মানুষগুলো নিজেদের ব্যক্তিগত গল্পের মধ্যে আটকে নেই। তাদের জীবন কখনও বাণিজ্য, কখনও সাম্রাজ্য, কখনও অভিবাসন, কখনও রাজনৈতিক পরিবর্তনের বৃহত্তর ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলের ইতিহাস ও ঔপনিবেশিক বাণিজ্যের দিকে দীর্ঘ নজর অমিতাভের সাহিত্য ভাবনাকে আলাদা করে চেনায়।
জলবায়ু পরিবর্তন নিয়েও ঘোষের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তার সাহিত্য ও প্রবন্ধে পরিবেশের প্রশ্নটি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ইতিহাসের সঙ্গে বর্তমানের পরিবেশগত সংকটের সম্পর্ক নিয়েও তার কাজ নতুন করে ভাবতে বাধ্য করে।
ইতিহাস, কল্পনা, রাজনীতি ও পরিচয়ের সম্পর্ক নিয়ে লিখেছেন সালমান রুশদিও। সাহিত্যের নোবেল নিয়ে দীর্ঘদিনের আলোচনায় থাকা নামগুলোর মধ্যে তার নামও রয়েছে।
‘মিডনাইটস চিলড্রেন’, ‘শেইম’সহ তাঁর বিভিন্ন বহু রচনায় ভারতীয় উপমহাদেশের ইতিহাস, অভিবাসন, ধর্ম, রাজনীতি, পরিচয় এবং ভাষা একসঙ্গে এসেছে। ব্যক্তিগত জীবনের গল্প আর জাতীয় ইতিহাস তার লেখায় প্রায়ই পাশাপাশি হাঁটে।
রুশদির ভাষা সাহিত্যের অন্যতম বড় আকর্ষণ। রূপক, ব্যঙ্গ, শব্দের খেলা এবং কল্পনার অবাধ ব্যবহার তাঁর গদ্যকে আলাদা করে চেনায়। ইতিহাস তাঁর কাছে তারিখ বা ঘটনার বাইরেও অনেক কিছু। মানুষের স্মৃতি, ভুলে যাওয়া, ক্ষমতা এবং পরিচয়ের মধ্য দিয়ে ইতিহাস বারবার নতুন অর্থ পায়।
এই কয়েকজনের বাইরে ২০২৬ সালের নোবেল আলোচনায় আরও বেশ কিছু লেখকের নাম ঘুরেফিরে আসছে। তাদের মধ্যে রয়েছেন রোমানিয়ার মির্চা কার্তারেরেস্কু, কানাডার অ্যান কারসন, ফ্রান্সের পিয়ের মিশোঁ, হাঙ্গেরির পেতের নাদাশ, মেক্সিকোর ক্রিস্তিনা রিভেরা গার্সা, স্পেনের এনরিক ভিলা-মাতাস, গ্রিসের এরসি সোতিরোপুলু, অস্ট্রেলিয়ার অ্যালেক্সিস রাইট এবং রাশিয়ার লিউদমিলা উলিৎস্কায়া।
এই তালিকাটিও আসলে বেশ বৈচিত্র্যময়। কেউ কবি, কেউ ঔপন্যাসিক। কারও প্রধান আগ্রহ স্মৃতি ও ইতিহাস, কারও ভাষা ও আঙ্গিকের পরীক্ষা। আবার কেউ নিজের দেশের অভিজ্ঞতাকে বৃহত্তর বিশ্বের সঙ্গে যুক্ত করেছেন।
তাই সম্ভাব্য নামের এই তালিকাটি কে নোবেল পাবেন, সেই অনুমানের খেলা নয়। চাইলে এটিকে সমকালীন বিশ্বসাহিত্যের একটি ছোট মানচিত্র হিসেবেও দেখা যায়। কোন লেখকদের নিয়ে এখন আলোচনা হচ্ছে? কোন ভাষা ও ভূগোল বারবার সামনে আসছে? কোন বিষয়গুলো সাহিত্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সেসবের একটা ধারণাও পাওয়া যায়।
২০২৫ সালে হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই সাহিত্যের নোবেল পাওয়ার পর ২০২৬ সালের পুরস্কার নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। এবার সুইডিশ একাডেমি কোন সাহিত্যভাষার দিকে তাকাবে? কোন ভৌগোলিক অঞ্চলকে বেছে নেবে? কোন সাহিত্যিক অভিজ্ঞতাকে আমাদের সামনে আনবে? এসবের উত্তর এখনই জানা সম্ভব নয়।
নোবেল নিয়ে অনুমান করা যায়, তালিকা বানানো যায়, বিভিন্ন লেখকের সম্ভাবনা নিয়ে আলোচনা করা যায়। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে শেষ কথাটা অনুমান দিয়ে বলা কঠিন। পুরস্কারের বাইরেও একজন লেখকের নিজস্ব পাঠজগৎ থেকে যায়।
একজন অনুবাদক হিসেবে আমার কাছে নোবেলের আকর্ষণ সেখানেই। কোনো বছর এমন একজন লেখকের নাম সামনে আসে, যার বই হয়তো আগে পড়িনি। তারপর তার লেখা খুঁজে দেখতে ইচ্ছে করে। অন্য ভাষার একটি সাহিত্যজগৎ তখন নিজের ভাষায় প্রবেশের সুযোগ পায়।
৮ অক্টোবর ২০২৬ সাহিত্যের নোবেল ঘোষণা হওয়ার পর হয়তো আলোচনায় থাকা কোনো নামই শোনা যাবে। আবার এমন কারও নামও আসতে পারে, যাকে এই মুহূর্তের পূর্বাভাসের তালিকায় খুব একটা দেখা যাচ্ছে না। সেটাই নোবেলের স্বাভাবিক রহস্য।
নতুন সাহিত্যভুবনের দরজা খোলার এই অপেক্ষাটুকুই হয়তো নোবেল ঋতুর সবচেয়ে আনন্দের অংশ।