খুব কমই ঘটে এরকম ঘটনাÑ এই শহরের এক ছিমছাম ভবনের অপরিসর কক্ষে সেদিন ২০-২১ জন মানুষ একত্রিত হয়েছিলেন গ্রন্থপ্রেমী এক মানুষকে ভালোবাসা জানাতে। তাদের কেউ-কেউ এর মধ্যেই যৌবনের মায়া কাটিয়ে ৬০ বছর পেরিয়ে বয়সীদের খাতায় নাম লিখিয়েছেন; কারও কারও আবার ২০-এর ঘরই পার হয়নি। কিন্তু ভালোবাসা তো বয়সকে প্রতিমুহূর্তে পরাজিত করে, একই ছাদের নিচে মিলতে তাদের তাই কোনো সমস্যা হয়নি। মানুষটি গ্রন্থপ্রেমী, তারা নিজেরাও গ্রন্থপ্রেমী,Ñ এই গ্রন্থপ্রেমের পথই তাদের বন্ধনহীন গ্রন্থী। তারা সবাই সমবেত হয়েছিলেন গ্রন্থপ্রেমী আশরাফুল আলম বাবুলের প্রতি অন্তহীন, নিবিড়ঘন হৃদ্যতা ও সখ্যের টানে।
এই ১৯ বা ২০ কোটি মানুষের দেশে আশরাফুল আলম বাবুলকে তেমন কারও চিনবার কথা নয়। একজন মানুষকে তার গ্রাসাচ্ছাদনের জন্যে যে সময়টুকু কাজ করতে হয়, সেটুকু বাদে জীবনের পুরোটাই পার করে দিলেন শুধু বই পড়ে আর খুঁজে, তাও এই কালে, এই দেশে; ঘটনাটা বিস্ময়কর না?
মৌলভীবাজারের রাজনগরে ১৯৫৯ সালের ২৩ ফেব্রুয়ারি নিলুফা বেগমের কোলজুড়ে এসেছিলেন তিনি। তবে বাবা মোহাম্মদ আসলামের ডাক বিভাগের চাকরির সূত্রে তার শৈশব কেটেছিল প্রকৃতির অপরূপ লীলাভূমি বান্দরবানে। সেখানে সেই শৈশবে বাবার অফিসের পিওন সিদ্দিক ভাইয়ের সঙ্গে বইয়ের দোকানে গিয়ে দুটি বই কিনেছিলেন তিনি। যার একটির নাম পরবর্তীকালে তার স্মৃতি থেকে মুছে গিয়েছিল। অন্যটির নাম ছিল ‘সোনার কমলা’। লেখক কিংবা প্রকাশনী, এসবও তিনি ভুলে গিয়েছিলেন। তবে সেই যে বইয়ের সঙ্গে তার সখ্য গড়ে উঠেছিল, তাতে আর চিড় ধরেনি। শৈশবের সেই সোনার কমলার খোঁজেই কাটল তার একজীবন।
বলে নেওয়া ভালো, বাবুল ভাইয়ের সঙ্গে আমার প্রত্যক্ষ হৃদ্যতা খুব বেশি ছিল না। জীবিকার অন্বেষণে আমি এই শহরে পা রাখি ১৯৯১ সালের প্রথমদিকে। তখনও এখানে অনেক বইয়ের দোকান ছিল। শাহবাগে কেবলমাত্র গড়ে উঠছে আজিজ মার্কেট, সেখানে প্রতিদিনই কিবা দিনে, কিবা রাতে ভিড় জমাতেন স্বপ্নাচ্ছন্ন তরুণ আর তরুণীরা। তাদের কেউ কেউ বইয়ের দোকান দিয়ে, কেউবা প্রকাশনা সংস্থা করে ভবিষ্যৎ নির্মাণের স্বপ্নে বিভোর ছিল। বই কেনার মতো মুদ্রা অনেকেরই ছিল না; কিন্তু এ দোকান থেকে সে দোকান, সে দোকান থেকে ও দোকানÑ এইভাবে বইয়ের রাজ্যেই বিচরণ ছিল তাদের। দু-চারটা মিউজিকের ক্যাসেট-সিডির দোকানও গড়ে উঠছিল। ইন্টারনেট কেবল দেখা দিয়েছে তখন, স্পিড ভয়ানক কম, তার পরও গড়ে উঠছিল ইন্টারনেট ক্যাফে। বলতে গেলে, সে ছিল নতুন এক অভ্যুদয়ের সময়। আমরা ছিলাম সেই অভ্যুদয়ের সাক্ষী; নির্মাতাও বটে।
ভালো বইয়ের সন্ধান পাওয়া এবং তা কিনতে পারা, এসবই ছিল তখন কষ্টকর এক সাধনার ব্যাপার। এই সাধনাকে লাঘব করতে বিশেষত নীলক্ষেতে তখন বিস্তৃত হয়েছিল পুরনো বইয়ের জগৎ। যারা কমদামে ভালো বিদেশি বই খুঁজতাম, তাদের সেখানে ছিল নিত্য আনাগোনা। গ্রন্থপ্রেমী এখন যেমন, তখনও আসলে কমই ছিল। তাই সরাসরি পরিচয় না থাকলেও বইয়ের দোকানে আমরা যারা যাতায়াত করতাম, তারা আসলে নিস্তব্ধে একজন আরেকজনের পরিচিত হয়ে উঠেছিলাম। ঠিক সেইভাবে আশরাফুল আলম বাবুল ভাইয়ের মুখটিও আমাদের ছিল ভীষণরকম চেনা। তার সঙ্গে আমার সরাসরি পরিচয় ঘটে লেখক, অনুবাদক, সাহিত্য সম্পাদক আলীম আজিজের সুবাদে; শাহবাগের এককোণের বিখ্যাত কলিজার শিঙাড়ার দোকান কোহিনূরের সামনে (এখন অবশ্য সেটি সেই গৌরব হারিয়েছে)। আড্ডা অবশ্য খুব কমই হয়েছে তার সঙ্গে। খুব কম কথা বলতেন, কিন্তু বইয়ের আলোচনায় মেতে উঠতেন; অবশ্য এমনও হতে পারে, আমার সঙ্গে তার বলবার মতো তেমন বেশি কথা ছিল না। যতবার দেখা হয়েছে, প্রায় প্রত্যেকবারই কথাসাহিত্যিক, মনোচিকিৎসক মামুন হুসাইন ভাইয়ের খোঁজ নিয়েছেন। তা থেকে বুঝেছি, মামুন হুসাইনের লেখালেখির ব্যাপারে তার আগ্রহ রয়েছে বা তারা দুজন পূর্বপরিচিত ও খুবই ঘনিষ্ঠ।
অনেকেরই এমন ধারণা আছে, বই যারা পড়েন, তারা বোধহয় লেখালেখিও করেন; কিন্তু বাবুল ভাই সেই দলের ছিলেন না। হয়তোবা অপ্রতিরোধ্য কোনো আকর্ষণে বিদেশি কিছু কবিতা আর একটি গল্পের অনুবাদ করেছিলেন তিনি। আর একবার, বছর ১৫ আগে, বই পড়ার স্মৃতি নিয়ে তাকে একটি গদ্য লিখতে দেখা গিয়েছিল। তাকে দিয়ে লেখানোর এই অসাধ্য সাধন করেছিলেন আলীম আজিজ। এইটুকু লেখালেখি বাদে তার জীবন কেটেছে কেবল পড়ে, দোকানেÑ বিশেষত পুরনো বইয়ের দোকানে বই খুঁজে ফিরে আর পাশে থাকা সহমর্মীর সঙ্গে নাওয়াখাওয়া ভুলে বইয়ের আলোচনায় মেতে থাকা। একটি দুটি করে ১২ হাজারেরও বেশি বই সংগ্রহ করেন বাবুল ভাইÑ যার বেশিরভাগই কেনা হয়েছে পুরনো বইয়ের দোকান থেকে। খুবই গুরুত্বপূর্ণ ভেবেছেন কিংবা ভালো লেগেছেÑ এমন অনেক বইয়ের একাধিক সংস্করণও রয়েছে তার সংগ্রহে। নতুন গুরুত্বপূর্ণ বই সংগ্রহ করতেও তার কোনো দ্বিধা ছিল না। বই নিয়ে লেখা সেই গদ্যে তিনি আমাদের জানিয়ে গেছেন, বইয়ের কারণে জীবনে তাকে সইতে হয়েছে অনেক অপমান-বিড়ম্বনা। কিন্তু প্রতিবারই মূল্যবান সেই পুরনো বইয়ের ঘ্রাণ নিতে নিতে তিনি ভুলে গেছেন সেইসব অপমান ও বিড়ম্বনা।
মানুষের বিকাশ আর পথপরিক্রমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বোধকরি আগুন আর চাকা। এ দুইয়ের সঙ্গে তৃতীয় হিসেবে বইকে যুক্ত করলে বোধকরি অত্যুক্তি হবে না। ফরাসি প্রবচন বলে, ‘কথা উড়ে যায়; কিন্তু লিখিত শব্দ বেঁচে থাকে।’ খুব সাধারণ প্রবচন মনে হতে পারে, কিন্তু এর তাৎপর্য অপরিসীম। যেদিন থেকে মানুষ সাইন বা চিহ্ন নির্মাণ করতে শিখেছে, মুখের ভাষার সঙ্গে সঙ্গতি রেখে পেরেছে বর্ণমালা সৃষ্টি করতে, সেদিন থেকে সে খুঁজে পেয়েছে এমন এক মারণাস্ত্র, যা তার জ্ঞান আর তথ্যকে সঞ্চিত ও সংরক্ষিত করে চলেছেÑ এমনকি তেমন সব জ্ঞান আর তথ্যও, যাকে সে তার কালের যাত্রাপথে পরিত্যক্ত করেছে, ভ্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। খ্রিস্টপূর্ব ২৬০০ সাল কিংবা তারও আগে কোনো এক সময় নীল নদের তীরবাসী মিসরীয়রা প্যাপিরাসের গায়ে লিখতে শিখেছিল আর তারই সুবাদে অমরতা পেতে শুরু করেছিল মানুষের জ্ঞান, চিন্তাশক্তি আর তথ্যজগৎ। ছাপাখানার আবিষ্কার আর বইয়ের প্রকাশ মানুষের সেই জ্ঞান ও চিন্তাকে, তথ্যের প্রবাহ ক্রমেই সর্বজনীন করে তুলেছে। একই সঙ্গে শ্রেণিভেদকে সুগভীরও করেছে সাংস্কৃতিকভাবে, অবকাঠামোগতভাবে। কোনো মানুষ নিজের জ্ঞানকে অবারিত করতে শিখেছে, কোনো মানুষ আবার নিজের সীমাবদ্ধ জ্ঞানকেই সংরক্ষণ করার জ্ঞান অর্জনে মরিয়া হয়ে উঠেছে। কোনো কোনো মানুষ বইয়ের পাতায় মুখ গুঁজেও অবারিত ও মুক্ত হতে শিখেছে; কেউ আবার বইয়ের পাতায় যুক্তিহীনতা, অযৌক্তিকতা, মিথ্যাচার ও অবৈজ্ঞানিকতাকে সঞ্চয়ন ও সংরক্ষণ করে বইকেই তার কূপমণ্ডূক হয়ে ওঠার অস্ত্রে পরিণত করেছে।
তবে আশরাফুল আলম বাবুল চেয়েছেন কূপমণ্ডূকতা থেকে মুক্তি পেতে। চেয়েছেন মানুষের মননে জমতে থাকা পশ্চাৎপদতার প্রলেপ বই পড়ে-পড়ে তুলে ফেলতে। সাহিত্যিক হতে চাননি, বড় কবি, গল্পকার কিংবা ঔপন্যাসিক হতে চাননি, হতে চাননি কোনো চিন্তক-লেখক, হতে চাননি আলো ছড়ানো সুবক্তা; তিনি শুধু চেয়েছেন বই পড়তে, বইয়ের অনুসন্ধান করতে, আরও সব বইপ্রেমীর সঙ্গে তা নিয়ে কথা বলতে বলতে ঘুম ভুলে যেতে।
কারও মনে হতে পারে, এত বই সংগ্রহ করেছেন, কিন্তু সব কি আর পড়তে পেরেছেন? উত্তর খুবই সোজা, পড়া সম্ভব নয়; কিন্তু একজন গ্রন্থপ্রেমী যেসব বই সংগ্রহে রাখেন, যেসব বই তার লাইব্রেরিকে দিনের পর দিন সমৃদ্ধ করে তোলে, সেগুলোর নাম আমাদের বলে দেয়, তার জীবনজিজ্ঞাসা কতদূর বিস্তৃত ছিল, কত বৈচিত্র্যময় ছিল, কতই না কৌতূহলী ছিলেন তিনি। একজন সত্যিকারের পাঠক তার অনুসন্ধিৎসুতার কারণেই বই সংগ্রহ করতে করতে ভাবেন, এ নিয়ে পড়বেন; কিন্তু তা আর পড়া হয়ে ওঠে না। যদিও বইটির উপস্থিতি মনে করিয়ে দেয়, বিষয়টি নিয়ে তার কৌতূহল মরে যায়নি। যেকোনো সময় জেগে উঠতে পারে ওই কৌতূহলÑ তার মধ্যে না হলেও অন্য কারও মধ্যে।
সেই দিনÑ গত ১৮ সেপ্টেম্বরে, এমন নয় জন্মদিন ছিল এই গ্রন্থপ্রেমী মানুষটির, এমনও নয় যে ছিল মৃত্যুর দিন। তবু তাকে উপলক্ষ করে একত্রিত হয়েছিলেন তারা। ছিলেন তার জীবনসঙ্গিনী, ছিলেন সন্তান-স্বজন, বোন-বন্ধু, সহমর্মী সবাই। এই দেশে কেবলমাত্র বই পড়া এক মানুষকে ঘিরে এভাবে একত্রিত হওয়ার ঘটনা বোধকরি এই প্রথম।
বইপত্তর নিয়ে আশরাফুল আলম বাবুলের একমাত্র মৌলিক লেখাটির নাম ‘সোনার কমলার খোঁজে’। গদ্যটির শেষ প্যারায় তিনি লিখেছিলেন, ‘পরম যত্নে এখনও বই আগলে রাখার চেষ্টা করি। বই-এর প্রতি এই অসম্ভব টান দেখে মা একদিন বলেছিলেন বইকে যেভাবে যত্ন এই যত্ন কিংবা মনোযোগ যদি তাদের প্রতি থাকতÑ কথাটা শুনে আমি থমকে যাই। বই তো মানুষের চেয়ে বড় নয়। বই তো মানুষকে বোঝার জন্যেই, জানার জন্যেই। বই মানুষে মানুষে চিন্তার ঐক্য, বিনিময় গড়ার এক অনন্য মাধ্যম। এই জীবনে কেউই সব বই পড়তে পারবে না, কত কত মহান লেখকের মহান রচনা অপঠিত থেকে যাবে। সত্যজিৎ রায় তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস পড়া শুরু করেছিলেন শেষজীবনে, হাসপাতালে। আমারও কত বই পড়া হলো না, কিন্তু আমারই অপঠিত বই হয়তো একদিন হাতে তুলে নেবে আমার সন্তান, আরও পরে হয়তো তার সন্তান। তাই এটা বলতে পারি, আমি অনেক বিত্তবৈভব রেখে যেতে না পারলেও, নিশ্চিত রেখে যাচ্ছি জ্ঞানের এক অফুরান জগৎ।’
সার্ত্র যে তার আত্মজীবনীতে লিখেছিলেন যে, ‘আমি বইয়ের মধ্যে জন্মেছি, সম্ভবত আমার মৃত্যুও হবে বইয়ের মধ্যে’Ñ আশরাফুল আলম বাবুল তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। তিনি যে অসুস্থ হয়েছেন, সেটাই জানতাম না! অনেকের সঙ্গেই যেমন দেখা হয় না, যোগাযোগ নেই, তেমনি তার সঙ্গেও নেইÑ এমনটাই ধরে নিয়েছিলাম। মাঝখানে দুয়েকটা পোস্টে দেখেছি, পরিচিত কয়েকজন তার সঙ্গে দেখা করেছেন; ছবিতে অসুস্থ বলে মনে হলেও বড় কিছু মনে হয়নি। মাত্র ৬৬ বছর বয়সে, গেল বছরের ২২ ডিসেম্বর তিনি চলে যাওয়ার পর জানলাম, ক্রনিক কিডনি রোগে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাকে। তবে বিদায় নিয়েছেন হঠাৎ করেই, স্ট্রোক করে।
কী পেয়েছি আমি এই চিরসখা গ্রন্থপ্রেমীর কাছ থেকে? এই বেলা সেটিও জানিয়ে রাখি। তার কাছ থেকে আমি শিখেছি,Ñ পৃথিবীতে এত ভালো ভালো বইপত্র রয়েছে যে, আমাদের আসলে নতুন করে লিখবার তেমন কিছুই নেই, অযথা না-লেখাই ভালো; শিখেছি, না লিখেও থাকা যায়, পড়বার জগৎটা লিখবার চেয়েও অনেক বড়, যদি সম্ভব হয়, না-লিখে শুধুমাত্র পড়ে-পড়েই জীবন কাটানো ভালো। তার সামান্য সান্নিধ্যেই বুঝেছি, জানবার আর অনুভব করার আনন্দ-বেদনার চেয়ে বড় কোনো আনন্দ-বেদনা এই পৃথিবীতে নেই।
১৫ আশ্বিন ১৪৩৩, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬