আহসান ইকবাল
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১২:১০ পিএম
অলংকরণ: প্রতিদিনের বাংলাদেশ
প্রবল জলোচ্ছ্বাস যখন এই উপকূলে আছড়ে পড়ে, সে তখন উল্টে গিয়েছিল। আজ প্রায় তিন দিন ধরে শক্ত খোলসের ওপর উল্টো শুয়ে আছে আর টানা প্রার্থনা করে চলছে। হাতে-পায়ে খিল ধরে এলে সেগুলোকে বের করে একটু নেড়েচেড়ে নেয়। বাইরে শীতল হাওয়া। মাঝে মাঝে দমকা আকার নিলে বালির মিহি দানাগুলো গুঁড়ো বৃষ্টি-হাওয়ার মতো অবাধ্য আর লুটেরা হয়ে ওঠে। সে খোলসের ভেতর মাথা ঢুকিয়ে নিতে নিতে প্রাণপণ চাইতে থাকে আরেকটি প্রচণ্ড ঢেউ। হয়তো সেই ঢেউয়ের ধাক্কায় সে কোনো পাথরে আছড়ে পড়ে ছিন্নভিন্ন নিশ্চিহ্ন হয়ে যাবে, হয়তো স্রোতের প্রবল টানে সমুদ্রে ভেসে যাবে; বিপুল জলরাশি তাকে টেনে নিয়ে যাবে পাতালে, হয়তো তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ঢেউটার শক্তি কমে এলে, তাকে শুধু ভিজিয়েই খানিকটা বালি ধুইয়ে দিতে পারবে বা একটু জোরে সরে এলে তার ধাক্কায় উল্টে সোজা হয়ে যেতে পারে! দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে খোলসের ভেতর গুটিসুটি পাকিয়ে একটু উষ্ণতা নেয় সে।
গত তিন কি চার দিন; হতে পারে সেটা অনন্তকালেরÑ সে তার প্রবল প্রচণ্ড চাওয়ার কাছে এতটা নিরুপায় ছিল যে, ভুলে গিয়েছিল দিন-ক্ষণ, সপ্তাহ, মাস, বছর। অনন্তকাল ধরে যেন সে এমনই উল্টে স্থির হয়ে আছে। প্রথম প্রথম সামান্য ঢেউয়ে পিঠের নিচে বালির সড়সড়ানিতে একটু আশা জেগেছিলÑ হয়তো একটু এগোনো গেছে, বুঝতে সে মাথাও বের করেছিল। কোথায় বা কতটুকু এগোলো বা পেছালো দেখতে তার খোলের মতো উপুড়, নীল বিস্তীর্ণ আকাশ দেখতে দেখতে অবাক হয়েছিল, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বোঝার চেষ্টা চালিয়েছিল এটাই কি আকাশ! সমুদ্রের মতো নীল, মাঝে মাঝে ফেনার মতো সাদা সাদা মেঘ কেটে কিছু অদ্ভুত প্রাণী সাঁতরে যেতে যেতে তার দিকে বিস্ময় আর লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে তার খোলসের ভেতর ঢুকে পড়েছিলÑ বুকের ভেতর অদ্ভুত পাখনাওয়ালা প্রাণীর জন্য ধুকপুক করা ভয় নিয়ে। একদিন সে কিছু লাল কাঁকড়া দেখেছিল তার পাশ থেকে লাইন দিয়ে চলে যেতে। একদিন তার কয়েকটা আঁচড় কাটতে কাটতে তার শরীরে উঠে পড়লে সে একটু নড়ে উঠে ঝাড়া লাগালে পালিয়েছিল, কিন্তু আবার ফিরে এসে অপেক্ষায় ছিল অনন্তকালÑ তার আর মনে নাই কতক্ষণ। সে তারপর যখন মাথা জাগিয়েছিল তখন মাথার ওপর ফসফরাসের বিন্দুর মতো অনন্ত নক্ষত্র দেখতে দেখতে সে জেলি ফিশের কল্পনা করে, ঘোড়ামুখো মাছকে দেখে, সাঁড়াশি বাঁকানো ঠোঁটের মাছের প্রতিচিত্র আঁকে, আকাশময় গল্পে শোনা মৎস্যকন্যার রূপ দেখতে দেখতে হাওয়ার অবিশ্রান্ত গোঁ-গোঁ আওয়াজের সাথে তাদের মিহি-মৃদু গান শুনতে শুনতে ঘুমে তলিয়ে যায়। সেই সব রাত জলের মতো উষ্ণই ছিল, ভোরের দিকে মাথার ওপর এতটা কুয়াশা জড়ো হতো না, ঝাঁক বেঁধে আকাশের অদ্ভুত বুকের কাছে বড় বড় পাখনাওয়ালা মাছেরা দূরে পাড়ি জমাত না, হিংস্র দুপেয়ে অদ্ভুত শিকারি জন্তুদের আনাগোনাও এত বেশি হয়নি তখনও...
প্রতিমুহূর্ত ভয় আর আশার দোলাচলে থাকতে থাকতে তার সব সয়ে গেছে। ক্ষুধা, তৃষ্ণা, কাম, প্রেমসহ সব জৈবিক চাহিদা ও অনুভূতি ভুলে গেছে ততদিনে। সূর্যের খরতাপ, আগুন হয়ে ওঠা বালি, শীতের আগ্রাসী ছোবল, হাওয়ার বালিঝড়, পিঁপড়া, কাঁকড়া বা আকাশের মাছদের ক্ষুরধার ঠোঁটের ছোবল, ব্যথাবোধÑ সব তার প্রবল আর্তির কাছে মিইয়ে গেছে। প্রথম প্রথম সে শুধু চাইত যেকোনোভাবে সোজা হতে, তার উল্টো অবস্থা থেকে পরিত্রাণের জন্য। এখন আর সেটা তার চাওয়া নেই। এখন সে শুধু একটা প্রকাণ্ড ঢেউয়ের জন্য দিনরাত জপ করে চলছে; তা সেই ঢেউ তাকে ছুড়ে, পাথুরে আঘাতে ছিন্নভিন্ন করুক বা তার টানে পাতালে নিশ্চিহ্ন করুক বা উল্টে দিক, কিছু একটা হোকÑ কিছু একটা ঘটুক...
শীতল বালির ওপর উল্টে আকাশের সমুদ্দুর দেখতে দেখতে সে একটা ঢেউয়ের জন্য অন্তহীন জপ করতে থাকে আর তার চারদিকে রাত নেমে আসে, চাঁদ ওঠে, পূর্ণিমায় ভেসে যায় বেলাভূমি, ফসফরাসের বিন্দুগুলো তাদের আকৃতি পাল্টায়, সূর্য ওঠে, বালিতে তাপ বদলে যায়, কাঁকড়ার দল বালিতে ছাপ ফেলে ফেলে দিক পরিবর্তন করে, পিঁপড়ারা যাযাবর হয়ে যায়। দুপায়ের শিকারি জন্তুগুলো দূর থেকে অদ্ভুত শব্দ করে হাঁটে, দৌড়ায়, আকাশের মাছেরা উড়তে উড়তে ছোবল মারতে এসে তাদের ভুল বুঝতে পেরে উড়ে চলে যায়, মিহি দানার কুয়াশারা বৃষ্টি নামায় অন্ধকার হয়ে...
এখনও, আজও ঢেউ আসেনি...