× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুদণ্ড কার্যকরে দুদফা ইনজেকশনেও বেঁচে গেলেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৮:০৬ এএম

ক্রিস্টা পাইক। ছবি: রয়টার্স

ক্রিস্টা পাইক। ছবি: রয়টার্স

আদালতের নির্দেশে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়েছে প্রাণঘাতী বিষাক্ত রাসায়নিক। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। উপস্থিত সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেনÑ কখন শেষনিঃশ্বাস ত্যাগ করবেন অপরাধী। কিন্তু ৪০ মিনিট পার হয়ে যাওয়ার পরও মৃত্যু তো দূরের কথা, উল্টো আসামির নাক ডাকার শব্দ শুনতে পেলেন উপস্থিত সাক্ষীরা!

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে এমন এক অবিশ্বাস্য ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। আসামির নাম ক্রিস্টা পাইক। বয়স ৫০ বছর। শুধু একবার নয়, দু-দুবার বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও দিব্যি বেঁচে গেছেন তিনি।

ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল স্থানীয় সময় বুধবার রাতে। দীর্ঘ ২০০ বছর পর টেনেসিতে এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছিল। কিন্তু দুবার পেন্টোবারবিটাল ইনজেকশন দেওয়ার পরও ক্রিস্টা শ্বাস নিচ্ছিলেন। একপর্যায়ে তাকে দ্রুত কারাগারের বাইরে একটি হাসপাতালে নেওয়া হয়। টেনেসির কারা কর্তৃপক্ষ পরে নিশ্চিত করে, তাদের নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী ওই রাতে আর নতুন করে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না।

এই ঘটনাকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি’ বলে আখ্যায়িত করেছেন ক্রিস্টার আইনজীবীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এর মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। ক্রিস্টাকে চরম ও অপ্রয়োজনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রে এতটাই তোলপাড় ফেলেছে যে টেনেসির গভর্নর বিল লি এ বছর রাজ্যের সব মৃত্যুদণ্ড স্থগিত ঘোষণা করেছেন। সেই সঙ্গে পুরো ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে লেখা হয়েছে, এ বছর টেনেসিতে এটি দ্বিতীয় ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এর আগে গত মে মাসে এক আসামির শরীরে ইনজেকশন দেওয়ার জন্য উপযুক্ত শিরা খুঁজে না পাওয়ায় মৃত্যুদণ্ড স্থগিত করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

বুধবার দিনভর ক্রিস্টার মৃত্যুদণ্ড নিয়ে ব্যাপক আইনি নাটকীয়তা চলে। আপিল আদালত তার মৃত্যুদণ্ড স্থগিত করলেও কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ বাতিল করে দেন। সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানা আদেশে স্বাক্ষর করলেও সোনিয়া সোতোমায়রসহ তিনজন উদারপন্থী বিচারপতি অবশ্য এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছিলেন।

কিন্তু কেন এই মৃত্যুদণ্ড? ১৯৯৫ সালের ঘটনা। ১৮ বছর বয়সী ক্রিস্টা ও তার তৎকালীন ১৭ বছর বয়সী প্রেমিক মিলে খুন করেছিলেন ১৯ বছর বয়সী সহপাঠী কলিন স্লেমারকে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে স্লেমারকে নির্জন স্থানে নিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছিলেন ক্রিস্টা।

দীর্ঘ তিন দশক কারাবন্দি থাকার পর ক্রিস্টা এখন নিজের কৃতকর্মের জন্য চরম অনুতপ্ত। তিনি কয়েক বছর ধরে বাইপোলার ডিসঅর্ডার ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছেন। প্রাণভিক্ষার আবেদনে তিনি লিখেছিলেন, ‘আমি তখন ১৮ বছরের এক মানসিক রোগী ছিলাম। কী ভয়ংকর কাজ করেছি, তা বুঝতে আমার অনেক বছর লেগেছে। কারও সন্তান, বোন ও বন্ধুকে আমি কেড়ে নিয়েছিÑ এটা ভাবলেই এখন আমার বমি আসে।’

অন্যদিকে নিহত স্লেমারের মা মে মার্টিনেজ এখনও মেয়ের ব্যথায় কাতর। তিনি বলেন, ‘আমার মেয়েটা কতটা কষ্ট পেয়েছিল, মৃত্যুর আগে সে কীভাবে বাঁচার জন্য ছুটে পালাতে চেয়েছিলÑ তা ভাবলেই আমার বুক ফেটে যায়। এমন কোনো দিন বা মুহূর্ত নেই, যখন আমি ওকে মনে করি না।’

ক্রিস্টার বেঁচে ফেরা যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে এক অনুতপ্ত নারীর বেঁচে থাকার আকুতি ও যন্ত্রণাদায়ক আইনি লড়াই, অন্যদিকে এক মায়ের না-ভুলতে-পারা শোকÑ সব মিলিয়ে ক্রিস্টা পাইকের এই ঘটনাটি এক জটিল ও মানবিক আখ্যানে পরিণত হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা