× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোটদের জগৎ রাঙানো এক শিশুসাহিত্যিক

সুজন বড়ুয়া

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৩:২৮ পিএম

আখতার হুসেন, ১ নভেম্বর ১৯৪৫ - ২৪ সেপ্টেম্বর ২০২৬     	 প্রতিকৃতি : জয়ন্ত সরকার

আখতার হুসেন, ১ নভেম্বর ১৯৪৫ - ২৪ সেপ্টেম্বর ২০২৬ প্রতিকৃতি : জয়ন্ত সরকার

একটি ছড়া পড়া যাকÑ

পথখানা 

আগে আমি

ভালো করে 

মাপলং

দেখলাম 

বেশ দূর

ভয়ে তাই

কাঁপলং!

শেষে ভয় 

করে জয়

বাসে আমি

চাপলং

আসলাম

সোজা চলে

ঢাকা থেকে

জাফলং।

(ঢাকা থেকে জাফলং)

কী অদ্ভুত মজার ছড়া! তাই না? এই ছড়ায় কী আছে? ঢাকা থেকে সিলেটের সেই সুদূর জাফলং যাওয়ার কথা আছে। ঢাকা থেকে জাফলংয়ের দূরত্বের কথা ভেবে ভয় পাওয়ার কথা আছে। আবার ভয়কে জয় করার কথাও আছে। সাহস করলে ভয়কে জয় করা যায়। এ-সত্যটাই ছড়ার মূলকথা। গুণী লেখকরা তাদের রচনায় এভাবে সত্য প্রকাশ করেন। শব্দে ছন্দে অন্ত্যমিলে সাজিয়ে এমনভাবে তারা লেখেন, আমাদের মনে গেঁথে যায়। আমরা সেসব কথা আর ভুলতে পারি না। এটাই গুণী লেখক-ছড়াকারের মুনশিয়ানা। 
ওপরের এই ছড়াটির গুণী ছড়াকারের নাম আখতার হুসেন। তিনি এমন অসংখ্য ছড়া লিখেছেন। লিখেছেন কবিতা-গান, গল্প, রূপকথা, উপন্যাস, জীবনী ইত্যাদি। এজন্য তিনি পুরোদস্তুর এক শিশুসাহিত্যিক। তিনি নাটকও লিখেছেন। অনুবাদ করেছেন। ছোটদের জন্য লিখতে তিনি ভীষণ ভালোবাসতেন। ছোটদের জগৎকে আনন্দে ভরিয়ে তোলাই ছিল তার আন্তরিক চেষ্টা। তিনি জানতেন কীভাবে লিখলে ছোটদের ভালো লাগবে, ছোটদের খুশি করা যাবে। সেভাবেই সহজ করে লিখে গেছেন সারা জীবন। কঠিন কথাকে তার লেখায় প্রকাশ করেছেন একেবারে হালকা চালে। 
যেমন তার ‘মেলা মানে অবাধ স্বাধীনতা’ কবিতার কথা ধরা যাক। এ কবিতার কিশোরটি মামার সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে হারিয়ে যায়। তারপর সে একা ঘুরে ঘুরে মেলার সব মজার মজার দৃশ্য উপভোগ করতে থাকে। শেষে মামা তাকে খুঁজে পেয়ে রাগ করলে কবিতার কিশোরটি বলেÑ
বলি তাকে, ‘না হারিয়ে গেলে
মেলার স্বাদ কি খুব সহজে মেলে?
মেলা তো নয় খাঁচার আবদ্ধতা
মেলা মানেই অবাধ স্বাধীনতা।’
কবিতার ছন্দ-মিলের নিয়ম মেনে শিশুমনের এমন আকুলতার কথা ও দর্শনের কঠিন কঠিন কথা তিনি কবিতায় বলেছেন অত্যন্ত সরলভাবে। 
এমন মজার মজার নানা বিষয়-ভাবনা নিয়ে আখতার হুসেন লিখেছেন গল্প-রূপকথা। তার প্রকাশিত উল্লেখযোগ্য গল্পের বইগুলো হলোÑ ‘সমুদ্র অনেক বড়’ (১৯৭০), ‘রামধনুকের সাঁকো’, ‘দি টাইগার ও অন্যান্য গল্প’, ‘যেতে যেতে যেতে’, ‘হইটি টইটি টই’, এবং ‘পাজি বেড়ালের শাস্তি’। কিশোর কবিতার বইগুলো হলোÑ ‘ হৈ হৈ রৈ রৈ’ (১৯৭৭), ‘প্রজাপতি ও প্রজাপতি’ (১৯৮৬), ‘আমার দুটো ডানা’ (২০০০), ‘ও হাওয়া ও হাওয়া’, ‘সেই যে আমার প্রাণের মিতে নদী’, ‘আকাশের হাতছানি’, ‘মেলা মানে অবাধ স্বাধীনতা’, ‘কেমন আছো আমার বাংলাদেশ, ‘সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ এবং ‘কাজে বড় হব’। ছড়ার বইগুলো হলোÑ ‘হালচাল’, ‘উল্টাপাল্টা’ (১৯৭৯), ‘সোনায় মোড়া ছড়া’, ‘এক ঘড়া ছড়া’ ইত্যাদি। কিশোর উপন্যাসÑ ‘আয় আয়’ (১৯৮১), ‘ফ্রিডম ফাইটার’ (১৯৮৭), ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’। অনুবাদ গল্পÑ ‘সাত সাগরের পার’। ছোটদের নাটকÑ ‘খেলাঘরের পুতুলগুলো’ (১৯৭৭)। কিশোর জীবনীÑ ‘কিশোর শহীদ মতিউর রহমান’, ‘ছোটদের চারণকবি মুকুন্দ দাস’ (২০০২), ‘ছোটদের জোয়ান অব আর্ক’, ও ‘ছোটদের মণি সিংহ’। 
এ ছাড়া ছোটদের ও বড়দের জন্য অসংখ্য বই সম্পাদনা করেছেন তিনি। উল্লেখযোগ্য ছোটদের সম্পাদিত বইগুলো হলোÑ ‘বাংলা সাহিত্যের সেরা কিশোর কবিতা’, ‘বাংলা সাহিত্যের সেরা উপদেশমূলক কবিতা’, ‘বাংলা সাহিত্যের সেরা নির্বাচিত দেশপ্রেমের কবিতা ও গান’, ‘বাংলা সাহিত্যের সেরা উপদেশমূলক কাহিনী কবিতা’।
আখতার হুসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি নতুন গান বেজে ওঠে। সেই ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা’ গানটির রচয়িতা তিনি। প্রথম জীবনে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রাচীন শিশুসংগঠন খেলাঘর-এর নিষ্ঠাবান কর্মী। খেলাঘরের সংগঠন সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ তার লেখা। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ‘আমরা তো ঐক্যের দৃঢ় বলে বলীয়ান’ সংগঠন সংগীতটিও তার রচনা। তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচীর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন শুরুতে। মাঝখানে অনেক পেশাবদল ঘটে তার। সর্বশেষ ২০২৫ সালে তিনি প্রথমা প্রকাশনীর গ্রন্থসম্পাদকের পদ থেকে অবসরে যান। 
আখতার হুসেন ১৯৪৫ সালের ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় জন্মগ্রহণ করেন। তার স্কুলজীবন কেটেছে আমনুরা, পাকশী, গফরগাঁওয়ে এবং কলেজজীবনের সমাপ্তি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৪১৩ সালে বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আনন শিশুসাহিত্য পুরস্কার, শব্দঘর সম্মাননাসহ ভূষিত হয়েছেন আরও নানাবিধ পুরস্কার ও সম্মাননায়। তিনি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মতো স্বপ্নময় শিশুসাহিত্যিকের মৃত্যু নেই। তার সৃষ্টিই বাঁচিয়ে রাখবে তাকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা